জনির চমক
নতুন সিনেমার প্রদর্শনীতে হাজির হয়ে ভক্তদের চমকে দিলেন জনি ডেপ।
জনি ডেপ আমেরিকার ওকলাহোমাতে তার নতুন সিনেমা ‘দ্য লোন রেঞ্জার’-এর বিশেষ প্রদর্শনীতে কোনো ঘোষণা ছাড়াই হাজির হয়ে চমকে দিয়েছেন উপস্থিত ভক্তদের। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
ফিমেলফার্স্ট ইউকে জানিয়েছে, সম্প্রতি আমেরিকান আদিবাসী সম্প্রদায় ‘কোমাঞ্চে নেশন’ আয়োজিত একটি অনুষ্ঠানে জনির নতুন সিনেমা ‘দ্য লোন রেঞ্জার’-এর বিশেষ প্রদর্শনীতে হঠাৎ করে হাজির হয়ে সংঘের সদস্যদের চমকে দেন জনি।
আমেরিকার আদিবাসী রেড ইন্ডিয়ানদের জীবনধারার উপর নির্মিত ওয়েস্টার্ন ধাঁচের সিনেমা ‘দ্য লোন রেঞ্জার’-এ জনি অভিনয় করেছেন একজন রেড ইন্ডিয়ানের চরিত্রে। তিনি বলেছেন এই চরিত্রে অভিনয়ের জন্য তাকে ‘কোমাঞ্চে’ সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হয়েছে।
সিনেমাটির অগ্রিম বিশেষ প্রদর্শনীতে অংশগ্রহণ করে জনি বলেন, “কোমাঞ্চে সম্প্রদায়ের জন্য সিনেমাটি বিশেষভাবে আগে দেখানোর সুযোগ করতে পেরে আমি গর্বিত। গত বছর আমরা এখানে সিনেমাটির কাজ করেছি, এখন মনে হচ্ছে যেন এটি আমার নিজের বাড়ির মতো। কোমাঞ্চে স¤প্রদায়ের লোকজন খুবই অতিথিপরায়ণ।”
অনুষ্ঠানে উপস্থিত হয়ে জনি তার ভক্তদের অটোগ্রাফ দেন। তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক এবং প্রযোজক।
‘দ্য লোন রেঞ্জার’ আমেরিকায় মুক্তি পাবে ৩ জুলাই ।
