২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুলনা অপছন্দ ধানুশের

রজনীকান্তের সঙ্গে তুলনা পছন্দ করেন না তামিল অভিনেতা ধানুশ। অপেক্ষায় আছেন তার প্রথম বলিউডি সিনেমা ‘রানঝানা’-র মুক্তির। সম্প্রতি তিনি জানালেন, অভিনেতা রজনীকান্তকে দেখে অনুপ্রাণিত হলেও, নিজের শ্বশুরের সঙ্গে তুলনা একদমই পছন্দ করেন না তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2013, 03:03 AM

Updated : 25 Apr 2022, 06:53 PM

ধানুশ বলেন, “আমি রজনীকান্তের সিনেমা দেখেই বড় হয়েছি। তাই তার অভিনয় আমাকে প্রভাবিত করে। তবে তার সঙ্গে তুলনা একেবারেই পছন্দ করি না আমি। তিনি একজন কিংবদন্তি অভিনেতা আর আমার বয়স মাত্র ২৬। তার সঙ্গে কীভাবে আমার তুলনা সম্ভব।”

রানঝানা সিনেমাতে ধানুশকে বেনারসের একজন স্থানীয় প্রেমিক চরিত্র হিসেবে তুলে ধরেছেন পরিচালক আনন্দ এল রাই। তবে ধানুশ মনে করেন তার অভিনীত তামিল চরিত্রগুলোর সঙ্গে এ চরিত্রের খুব বেশি পার্থক্য নেই।

চরিত্র সম্পর্কে ধানুশ বলেন, “সিনেমার চিত্রনাট্য পড়ার পরই আমি বুঝতে পেরেছিলাম আমি যেসব তামিল সিনেমায় কাজ করেছি সেখানকার প্রেমিক চরিত্রের মতোই একটি চরিত্র এটি। পার্থক্য ছিল ভিন্ন একটি জায়গায় এবং ভিন্ন ভাষায় চরিত্রকে ফুটিয়ে তুলতে হয়েছে আমাকে। তাই খুব বেশি চিন্তা করতে হয়নি।”

‘রানঝানা’ সিনেমায় একটি হিন্দু ছেলের সঙ্গে একটি মুসলিম মেয়ের প্রেমকাহিনি তুলে ধরা হয়েছে। সিনেমাতে ধানুশের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন সোনম কাপুর। ২১ জুন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এর তামিল সংস্করণ ‘আম্বিকাপাঠে’ এক সপ্তাহ পর মুক্তি পাবে।