২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্দাজামাল মোশাররফ করিম

সহজ-সরল জামাল সমাজে পরিচিত হয় ভয়ঙ্কর সন্ত্রাসী জর্দাজামাল হিসেবে-- এমন গল্প নিয়ে সম্প্রতি তৈরি হয়েছে নাটক ‘জর্দাজামাল’। পলাশ মাহবুবের রচনায় এটি পরিচালনা করেছেন হাসান মোরশেদ। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশারফ করিম। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নওশীন, আরিফ মাহবুব তমাল, ডিকন নূর, খসরু প্রমুখ।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 02:39 PM

Updated : 25 Apr 2022, 06:53 PM

পলাশ মাহবুব নাটকের কাহিনি সম্পর্কে জানান, জামাল একজন সহজ সরল মানুষ।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার একটাই বদঅভ্যাস, তা হল জর্দা দিয়ে পান খাওয়া। তবে এটাকে বদঅভ্যাস বলে কখনও স্বীকার করেন না জামাল। তার এই জর্দা দিয়ে পান খাওয়া নিয়ে অফিসের সহকর্মীরা যারপরনাই বিরক্ত।

তবে তার বিরুদ্ধে নালিশ করে কোনো লাভ হয় না। তিনি যে মেসে থাকেন সেখানকার মানুষও তার এই পান খাওয়া নিয়ে বিরক্ত। কিন্তু এ নিয়ে একদমই বিচলিত হন না তিনি।

 বরং পান খাওয়ার পক্ষে নানা যুক্তি দেখান। এলাকায় জামাল নামে এক মাস্তানের সহযোগীরা তার নাম বদলে ‘জর্দাজামাল’ করে দেয়। ঘটনাক্রমে সন্ত্রাসী জামালকে গ্রেফতার করতে গিয়ে সহজ-সরল জামালকে গ্রেফতার করে পুলিশ।

জামালের ছবিসহ পত্রিকায় খবর প্রকাশিত হয়। পুলিশ তার উপর নির্যাতন চালায়। অফিসের কলিগসহ সবাই যখন জামালের এই খবরে হতবাক ঠিক তখনই ধরা পড়ে আসল সন্ত্রাসী জামাল।

 পুলিশ তাদের ভুল বুঝতে পেরে ছেড়ে দেয় সহজ সরল জামালকে। কিন্তু ততক্ষণে সমাজের চোখে জামাল আর আগের জামাল নেই।

২১ জুন, শুক্রবার রাত ১২ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।