২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিরনিদ্রায় আতিকুল হক চৌধুরী

বর্ষিয়ান নাট্যকার ও টেলিভিশন ব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরীর মরদেহের দাফন হয়েছে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে, ১৮ জুন বিকাল চারটায়।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 10:54 AM

Updated : 25 Apr 2022, 06:53 PM

১৭ জুন সোমবার রাত ৯টা ৪৫ মিনিটে নাট্যব্যক্তিত্ব ও একুশে টেলিভিশনের উপদেষ্টা আতিকুল হক চৌধুরী রাজধানীর শমরিতা হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে প্রস্টেট ক্যান্সার, ডায়বেটিস ও কিডনি রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। ১৫ জুন শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাঁকে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়।

তাঁর মৃত্যু সংবাদে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। এ সময় নাট্যাঙ্গনের অনেকেই ছুটে আসেন শমরিতা হাসপাতালে। সেখানে আরেক নাট্যজন মামুনুর রশিদ প্রয়াতের পরিবারের পক্ষে সাংবাদিকদের তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার সকাল ১০টায় এই নাট্যব্যক্তিত্বের মরদেহ তার সর্বশেষ কর্মস্থল একুশে টেলিভিশন ভবনে নিয়ে আসা হয়। একুশে পরিবারের সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে একুশে টেলিভিশন ভবনেই প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বেলা ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ এই গুণী ব্যক্তিকে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে উপস্থিত হন।

বেলা ১২টা ৩০ মিনিটে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গনে নিয়ে যাওয়া হয়। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গনে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দুপুর ২টা ৩০ মিনিটে আতিকুল হক চৌধুরীর মরদেহ তার দীর্ঘদিনের কর্মস্থল বিটিভিতে নেওয়া হয়। সেখানে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে সহকর্মীরা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী বরিশালের মেহেন্দিগঞ্জ থানার উলানিয়া গ্রামের প্রসিদ্ধ জমিদারবাড়ির সন্তান। ১৯৩১ সালের ১৫ ডিসেম্বর তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে রেডিও পাকিস্তানে যোগ দেওয়ার মাধ্যমে আতিকুল হক চৌধুরী কর্মজীবন শুরু করেন। ১৯৬৬ সালে যোগ দেন বাংলাদেশ টেলিভিশনে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে দীর্ঘ ১১ বছর শিক্ষকতা করেছেন। সর্বশেষ তিনি একুশে টেলিভিশনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, টলস্টয়ের মতো বহু নন্দিত লেখকের গল্প উপন্যাস তিনি সার্থকভাবে নাট্যরূপ দিয়ে দর্শকহৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তাঁর রচিত ও প্রযোজিত কালজয়ী নাটকের মধ্যে ‘বাবার কলম কোথায়’, দূরবীন দিয়ে দেখুন’, ‘সার্কাস’ , নীল নকশার সন্ধানে’, নিঝুম দ্বীপের সন্ধানে, উল্লেখযোগ্য।

তার প্রযোজিত নাটকের মাধ্যমে টেলিভিশনের পর্দায় আসেন আবুল হায়াত, হুমায়ুন ফরিদী, শর্মিলী আহমেদ, কেয়া চৌধুরী, মিতা চৌধুরী, জুয়েল আইচ, আফরোজা বানু, মেঘনা, শম্পা রেজা, শমী কায়সার, সালমান শাহসহ অনেক গুণী অভিনেতা অভিনেত্রী।

শ্রেষ্ঠ নাট্য প্রযোজক হিসেবে তিনি ১৯৭৬ সালে জাতীয় টেলিভিশন পুরস্কার লাভ করেন। বাংলা একাডেমী পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি।