২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুশ্রম নিয়ে ‘কালিঘর’

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র ‘কালিঘর’

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 01:29 PM

Updated : 25 Apr 2022, 06:51 PM

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে বিশেষ প্রামাণ্যচিত্র ‘কালিঘর’ তৈরি করেছেন চিত্রনাট্যকার ও পরিচালক তারেক শাহরিয়ার।

এ বিষয়ে তারেক শাহরিয়ার বলেন, “কালিঘর প্রামাণ্যচিত্রটিতে শিশুশ্রমিকদের উপর ক্ষতিকর পরিবেশের প্রভাব চিত্রিত করার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি রয়েছে শিশুশ্রমের মূল কারণের প্রতি ইঙ্গিত এবং শ্রমজীবী শিশু ও তাদের অভিভাবকদের ভবিষ্যৎ নিয়ে সংশয়।”

এই প্রামাণ্যচিত্রে দেখা যাবে, রেখা, আয়শা, জসিম অপ্রাতিষ্ঠানিক ক্ষেত্রে কর্মরত তিন শিশুশ্রমিক। কাকডাকা ভোরে তাদের কাজে যেতে হয়। রেখা, আয়শা কাজ করে ব্যাটারি রিসাইক্লিং ফ্যাক্টরিতে আর জসিম কাজ করে ঢালাই কারখানায়। তাদের ভাষায় কারখানাগুলো কালিবাড়ি অর্থাৎ কালি, কার্বন আর ধোঁয়ায় ভর্তি ঘরবাড়ি। তাদের এই নামকরণের মধ্যে রয়েছে পরিবেশের দিক থেকে অত্যন্ত ক্ষতিকর পরিস্থিতির কথা। আর্থসামাজিক বাস্তবতার কারণে হাজার হাজার শিশুশ্রমিকের মতো ওরাও মানবেতর পরিবেশে কাজ করছে।

প্রামাণ্যচিত্রটি ১২ জুন সন্ধ্যা ৬টায় দেশটিভি এবং বিকাল ৫টা ২০ মিনিটে বৈশাখীটিভিতে প্রচারিত হবে।