নাট্যোৎসব ‘পঞ্চদশের পঞ্চদিন’
১৩ জুন থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ‘পঞ্চদশের পঞ্চদিন’ শীর্ষক নাট্যোৎসব।
এ বিষয়ে উৎসব কমিটি আহ্বায়ক তপন হাফিজ গ্লিটজকে বলেন, “একটা নাট্যদলের কোনো প্রযোজনা যখন পঞ্চাশতম প্রদর্শনী করে, তখন তার আনন্দ শুধু একজন নাট্যকর্মীই উপলব্ধি করতে পারেন। আর তাই দেশের সমস্ত নাট্যকর্মীর এই আনন্দের বহিঃপ্রকাশ ঘটবে ‘পঞ্চদশের পঞ্চদিন’ নাট্যোৎসবের মধ্য দিয়ে।”
তপন জানান, পাঁচদিনের নাট্যোৎসবে থাকছে পাঁচটি মঞ্চ নাটকের প্রতিটির পঞ্চাশতম প্রদর্শনী। উৎসবে নাট্যতীর্থের দুটি প্রযোজনাসহ থাকছে আরও তিনটি দলের তিনটি মঞ্চ প্রযোজনার সুবর্ণ জয়ন্তী প্রদর্শনী।
তিনি আরও জানান, ১৩ জুন উৎসবের উদ্বোধনী দিনে থাকছে লোক নাট্যদলের (সিদ্ধেশরী) ‘মাঝ রাতের মানুষেরা’। উদ্বোধন করবেন আইটিআই-এর বিশ্বসভাপতি রামেন্দু মজুমদার। অতিথি হিসেবে আরও থাকবেন আরণ্যক নাট্যদল প্রধান মামুনুর রশীদ এবং গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী।
সুবর্ণজয়ন্তী প্রদর্শনী উদ্বোধন করবেন যথাক্রমে ১৪ জুন আতাউর রহমান (আমিনা সুন্দরী), ১৫ জুন আইটিআই-বাংলাদেশ-এর সভাপতি নাসির উদ্দিন ইউসুফ (দ্বীপ), ১৬ জুন নাগরিক নাট্যাঙ্গন-এর প্রধান ড. ইনামুল হক (শেষ সংলাপ), এবং ১৭ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমী-এর মহাপরিচালক লিয়াকত আলী লাকি (কমলা সুন্দরী)।
প্রতি সন্ধ্যায় পাঁচ জন নাট্যকর্মীকে সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছেন তপন। উৎসবে সম্মাননা পাচ্ছেন আব্দুল হালিম আজিজ, ফয়েজ জহির, খারুজ্জাহান মিতু, ড. আইরিন পারভীন লোপা ও রফিক উল্লাহ।
