সালমানের ‘কিক’
সালমান খানের নতুন সিনেমা ‘কিক’-এর শুটিং শুরু জুলাইতে।
বলিউডি অভিনেতা সালমান খানের সিনেমা ‘কিক’-এর শুটিং অক্টোবর-নভেম্বরে শুরুর কথা থাকলেও সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জুলাইতেই শুটিং শুরু হবে। খবর জি মিডিয়া ব্যুরোর।
এক ট্যাবলয়েডের বরাতে জানা গেছে, সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত সিনেমা ‘কিক’-এর শুটিং শুরু হবে ২৪ জুলাই থেকে, আর সিনেমাটির শুটিংয়ের তারিখ এগিয়ে নেওয়ার পেছনে রয়েছেন সালমান নিজেই।
এক সূত্র জানিয়েছে, সিনেমাটির শুটিং হবার কথা ছিল এ বছরের শেষের দিকে। কিন্তু কিছুদিন আগে সালমান সাজিদকে ফোন করে বলেন সিনেমাটির কাজ জুলাইতেই শুরু হবে এবং সেইসঙ্গে তিনি তারিখও ঠিক করে দেন।
সূত্রটি আরও জানিয়েছে, কয়েকটি বিশেষ লোকেশনে শুটিংয়ের জন্য ব্রিটিশ সরকার সিনেমাটির কলাকুশলীদের বিশেষ কিছু সুবিধা দেবে।
সূত্রটি জানিয়েছে, সিনেমাটির প্রধান কয়েকটি অ্যাকশন দৃশ্যের শুটিং করা হবে লন্ডনের রাস্তায় আর সে জন্য বিশেষভাবে লস এঞ্জেলেস থেকে অ্যাকশন পরিচালকদের আনা হবে। সে জন্য লন্ডনের কয়েকটি রাস্তা আপাতত বন্ধ রাখা হয়েছে। লন্ডনের মেয়র বোরিস জনসন সাজিদের সঙ্গে এ ব্যাপারে সাক্ষাৎ করেছেন এবং তার সম্পূর্ণ সহযোগিতা নিশ্চিত করেছেন।
আরও জানা গেছে, সিনেমাটিতে অভিনেতা রণদীপ হুড়া একটি আকর্ষণীয় চরিত্রে অভিনয় করবেন।
সিনেমাটির পরিচালক সাজিদ বলেন, “আমি সিনেমাটির কাজ জুলাইতে শুরুর কথা ভাবছি এবং রণদীপ এই সিনেমায় কাজ করবেন।”
