২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌবনের জয়গান: ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’

কয়েক বছর ধরে বলিউডে যে নতুন ধারার সিনেমার প্রচলন ঘটেছে, তার মধ্যে আরও একটি সংযোজন হলো ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’। তবে যেখানে ‘কামিং অফ এজ’ নামের এই নতুন ধারার সিনেমাগুলো শুধুমাত্র এক শ্রেণীর দর্শকের মন জয় করতে সক্ষম হয়, সেখানে প্রথমবারের মতো ব্যতিক্রম ঘটিয়েছে ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 03:24 PM

Updated : 25 Apr 2022, 06:49 PM

সুন্দর লোকেশন থেকে শুরু করে ভাল কাহিনি, চমৎকার গান, সেইসঙ্গে অভিনেত্রী মাধুরী দীক্ষিতের আইটেম নাচ সিনেমাটির আকর্ষণ যতখানি না বাড়িয়ে তুলেছে; তার চেয়েও বেশি আকর্ষণীয় ছিল বাস্তব জীবনে এক সময়ের প্রেমিক-প্রেমিকা রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোনের পর্দা-রোমান্স।

সব মিলিয়ে যে কোনো মসলাদার বলিউডি সিনেমায় যা যা থাকা প্রয়োজন, বলতে গেলে প্রায় সবই আছে এই সিনেমাতে। আর তাই মুক্তির পর থেকে এখন পর্যন্ত সিনেমাটির বক্স অফিস পারফরম্যান্স প্রতিদিনই পত্রিকার শিরোনাম হয়ে আসছে। এদিকে যেখানে বলিউডের ১০০ কোটির ক্লাবে এখন পর্যন্ত চলছে শুধুমাত্র কমেডি এবং অ্যাকশন সিনেমার রাজত্ব, অনেকেই ভাবছেন খুব শিগগিরি সেই স্থান দখল করে নেবে নতুন এই ধারার সিনেমাগুলো। পরিচালক আয়ান মুখার্জির অসাধারণ নির্দেশনা কিংবা রণবীর-দীপিকার পর্দা রসায়ন- কারণ যেটাই হোক; বর্তমানে সারা দুনিয়াকে বলিউডপ্রেমী বানাতে ইতোমধ্যেই সক্ষম হয়েছে ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’।

বাণিজ্যিক ধারার সিনেমা ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’কে বলিউড বিশ্লেষকরা যদিও অনেক আগেই ব্লকবাস্টার হিটের খাতায় লিখে রেখেছিলেন, তবুও সিনেমাটি এতোটা সফল হবে এটা ভাবেননি এর সঙ্গে সংশ্লিষ্ট কেউই। সবচেয়ে অবাক করার বিষয় হল শুধুমাত্র ভারতেই নয়, হলিউডের টপ চার্টেও সেরা দশের তালিকায় স্থান পেয়েছে ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, যা আমেরিকায় মুক্তিপ্রাপ্ত বলিউডি সিনেমার ইতিহাসে এই প্রথম। তার ওপর সিনেমাটি মুক্তির পর মাত্র প্রথম পাঁচ দিনে শুধুমাত্র ভারতে আয় করেছে ৮৭ কোটি ১১ লাখ রুপি যা সালমান খানের ব্লকবাস্টার হিট সিনেমা ‘দাবাং টু’-এর রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। ‘ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস’ (আইবিটি)-এর হিসেব অনুযায়ী ৩১ মে থেকে জুনের ৪ তারিখ পর্যন্ত ভারত এবং সারাবিশ্বে সিনেমাটির বক্সঅফিস আয় হয়েছে ১১০ কোটি ৫৮ লাখ রুপি। বলিউডের বিখ্যাত ‘১০০ কোটি ক্লাব’-এ যোগ দিতে হলে সিনেমাটিকে এখন শুধুমাত্র ভারতে আয় করতে হবে আরও ১২ কোটি ৮৯ লাখ রুপি। তবে ‘১০০ কোটি ক্লাব’-এ যোগ দেওয়ার জন্য যেখানে ‘দাবাং টু’ কিংবা ‘যাব তাক হ্যায় জান’-এর মতো বিশাল বাজেটের সিনেমাকে অপেক্ষা করতে হয়েছিল তিন সপ্তাহেরও বেশি, সেখানে ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ এই লক্ষ্যমাত্রা খুব সহজেই ছুঁতে পারবে বলে আশা করছেন বক্স অফিস বিশ্লেষকরা।  

মানুষের জীবনের কিছু নির্মল অথচ বাস্তব দিক নিয়ে তৈরি হয়েছে সিনেমা ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’। বন্ধুত্ব, ভালোবাসা এবং স্বপ্ন-মানুষের জীবনের এই তিনটি গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে মূলত গড়ে উঠেছে সিনেমাটির কাহিনী। এখানে রণবীর কাপুর যে চরিত্রে অভিনয় করেছেন তার নাম বানি। বানি একজন সাধারণ ছেলে যে জীবনের প্রতিটি মুহূর্তকে আনন্দের সঙ্গে কাটাতে চায়। বিয়েতে বিশ্বাস করে না সে। সাধারণ মানুষের যান্ত্রিক জীবনযাপন তার পছন্দ নয়। তাই সে ঘুরে বেড়ায় পৃথিবীর আনাচে কানাচে। দীপিকার চরিত্রটির নাম হল নায়না। মেডিকেলের ছাত্রী নায়নার জীবনে আনন্দ খুব কমই এসেছে। সারাজীবন লেখাপড়া আর নিয়মকানুনের মধ্যে বড় হয়েছে সে।এমনই এক সময়ে নায়না জানতে পারে তার সহপাঠী বানি বন্ধুদের নিয়ে ঘুরতে যাচ্ছে মানালি। আর তখন জীবনে প্রথমবারের মতো বাবা-মায়ের চোখ রাঙানিকে পাত্তা না দিয়ে সহপাঠীদের সঙ্গে ঘুরতে বের হয় সে। মানালিতে কাটানো সেই কয়েকদিন নায়নার পুরো জীবন পাল্টে দেয়। সে প্রেমে পড়ে যায় সর্বদা হাসিখুশি বানির। নায়নার সঙ্গে বন্ধুত্ব হয় অদিতি এবং অভির। কিন্তু বানিকে নিজের মনের কথা বলার ঠিক আগেই নায়না জানতে পারে বানি স্কলারশিপ নিয়ে চলে যাচ্ছে আমেরিকার শিকাগোতে,আর তখন নায়নার মনের কথা মনেই রয়ে যায়।

এদিকে আট বছর পর নায়নার বন্ধু অদিতির বিয়ে উপলক্ষে দেশে ফেরে বানি। ততদিনে নায়না তাকে ভুলে জীবনে অনেকখানি এগিয়ে গেছে। কিন্তু বন্ধুর বিয়েতে নায়নাকে দেখে বানি বুঝতে পারে সে নায়নাকে ভালবাসে। শেষমেশ নতুন বছর আসার আগের দিন ডিসেম্বরের ৩১ তারিখে নায়নাকে নিজের মনের কথা জানায় বানি। সেইসঙ্গে তাকে বলে নায়নাকে নিয়ে এবার জীবনে থিতু হতে চায় সে।

সবমিলিয়ে, এই সময়ের মানুষের চিন্তাভাবনার সঙ্গে মিল রেখে তৈরি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমাটিতে কাহিনীর আধুনিকতা চোখে পড়ে। তবে আরও যে সকল উপাদান সিনেমাটিকে একধাপে হিটের কাতারে ফেলতে সক্ষম হয়েছে, তার মধ্যে একটি হল রণবীর-দীপিকা জুটি।

বাস্তব জীবনে বলিউডের এই সাবেক জুটি একসময়ের সবচেয়ে ‘হট কাপল’ হলেও এর আগে পর্দায় তাদের একসঙ্গে দেখা গেছে মাত্র একবার। ‘বাচনা অ্যায় হাসিনো’ সিনেমায় দীপিকা প্রধান নায়িকা থাকলেও বিপাশা বসু এবং মিনিশা লাম্বার মত সুন্দরীদের ভিড়ে অনেকটাই হারিয়ে গিয়েছিল রণবীরের সঙ্গে দীপিকার পর্দা রোমান্স। এরপরও একত্রে পর্দায় কয়েক মিনিটের উপস্থিতি এই জুটিকে ব্যাপক দর্শকপ্রিয়তা এনে দিয়েছিল। তারপর এক দীর্ঘ বিরতি। এরমধ্যে রনবীর-দীপিকা, যারা তাদের প্রেমের সম্পর্ক নিয়ে বরাবরই মিডিয়ার সামনে খোলাখুলি কথা বলেছেন; এক সময় সবাইকে অবাক করে দিয়ে ঘোষণা দিলেন প্রেমের ইতি টানছেন তারা।

বলিউডের এই নবীন তারকা জুটির বিচ্ছেদের কারণে অনেক নির্মাতাই শঙ্কিত হয়েছিলেন। কিন্তু নির্মাতাদের অভয় দিয়ে রণবীর-দীপিকা জানান বিচ্ছেদের পরেও ভালো বন্ধু হয়ে থাকবেন তারা। কথার বরখেলাপ করেননি এই জুটি। বিচ্ছেদের পরও বন্ধুত্ব অটুট রেখে একত্রে দারুণভাবে কাজ করেছেন তারা। এ ব্যাপারে রণবীর-দীপিকা দুজনেরই ভাষ্য, প্রেমের সম্পর্ক থেকে সরে আসলেও, তাদের বন্ধুত্বটা আসলে ওয়াইনের মতো; আর সময় গড়ানোর সাথে সাথে সম্পর্কের স্বাদ আরও ভালোভাবে নিতে সক্ষম হচ্ছেন তারা!

পরিচালক আয়ান মুখার্জিও রণবীর-দীপিকার এই সম্পর্কের রসায়নকে কাজে লাগিয়েছেন দারুণভাবেই। আর তাই ‘ইয়ে জাওয়ায়ানি হ্যায় দিওয়ানি’র মাধ্যমে রূপালি পর্দায় তাদের রোমান্স উপভোগ করার সুযোগ সানন্দেই গ্রহণ করেছেন ভক্তরা।

তবে কেবল, নতুন ধরনের গল্প আর রণবীর-দীপিকার রোমান্সই নয়, চমৎকার সব গান এই সিনেমার অন্যতম আকর্ষণ। ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’-এর সংগীত সিনেমাটি মুক্তির অনেক আগেই পেয়েছিলো শ্রোতাদের গ্রহণযোগ্যতা। হোলি খেলা থেকে শুরু করে সব ধরনের গানই রাখা হয়েছে সিনেমাটির সংগীতের তালিকায়। ‘বালাম পিচকারী’, ‘বদতামিজ দিল’, ‘দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড’ এবং ‘ঘাগরা’ এই চারটি গান বর্তমানে সারা পৃথিবীতে বলিউডপ্রেমীদের মাতিয়ে বেড়াচ্ছে। সিনেমাটির প্রতিটি গানে রণবীর কাপুর দেখিয়েছেন তার নাচের দক্ষতা। এ বিষয়ে রণবীর সিনেমাটি মুক্তির আগে সাংবাদিকদের বলেন, “আমি গত দুই বছরে নাচার সুযোগ পাইনি। ‘রকস্টার’ সিনেমায় আমি ছিলাম গায়ক আর ‘বারফি!’-তে ছিলাম মূক ও বধির। তাই এই সিনেমায় আমি প্রাণভরে নেচেছি!”

ওদিকে দীপিকা জানান, ‘বালাম পিচকারী’ গানটির জন্য তাদের পুরো ইউনিটকে টানা তিনদিন হোলি খেলতে হয়েছে। তিনি আরও বলেন তার সারাজীবনের সবচেয়ে দীর্ঘ এবং মজার হোলি তিনি খেলেছেন এই গানটির শুটিং করতে গিয়ে।

এবার বলা যাক ‘ঘাগরা’ গানটির কথা। অতিথি শিল্পী হিসেবে নিজের ক্যারিয়ারের প্রথম আইটেম গান ‘ঘাগরা’-তে বলিউডের বিখ্যাত নাচিয়ে অভিনেত্রী মাধুরী দীক্ষিত একটি দীর্ঘ বিরতির পর আবারও পর্দা কাঁপিয়েছেন তার নাচের তালে। মাধুরীর সঙ্গে এই গানে তাল মিলিয়ে ধন্য হয়েছেন রণবীর। জানিয়েছেন, জীবনের ‘প্রথম প্রেম’ মাধুরীকে এই গানের দৃশ্যে চুমু খেতে পারাটা ছিলো তার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতার একটি।

তবে শুধুমাত্র বক্স অফিসেই নিজের কারসাজি দেখায়নি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, মুক্তির প্রথম দিনেই সমালোচকদের ব্যাপক গ্রহণযোগ্যতাও পেয়েছে সিনেমাটি। এনডিটিভি, টাইমস অফ ইন্ডিয়াসহ বলিউড হাঙ্গামার মতো প্রভাবশালী মুভিওয়েবসাইটগুলোর সমালোচকরা পাঁচের মধ্যে চার তারকা দিয়েছেন সিনেমাটিকে। সমালোচকদের ব্যাপক সমর্থন পাবার পর দীপিকা বলেন,“বক্স অফিসে মোটা অংকের আয়ের পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও সমর্থন পেয়েছি আমরা। এমনটাই সবাই চায় তাদের সিনেমার জন্য।”

বলিউড হাঙ্গামার বক্স অফিস বিশ্লেষক এবং বিশিষ্ট সমালোচক তরুণ আদর্শের মতে, সব মিলিয়ে ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ একটি চমৎকার সিনেমা। এটি শুধুমাত্র যুবকদেরই ভাল লাগবে না, এটি সকল বয়সের দর্শকদের আনন্দ দিতে সক্ষম।

তবে যার নির্দেশনায় এবং পরিচালনায় তৈরি হয়েছে ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, তার কথা না বললেই নয়। রণবীর এবং দীপিকার ঘনিষ্ঠ বন্ধু পরিচালক আয়ান মুখার্জির দ্বিতীয় সিনেমা হলো ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’। এর আগে তিনি ‘ওয়েক আপ সিড’ সিনেমাটি নির্মাণ করেছিলেন যেটি একইভাবে দর্শক এবং সমালোচকদের গ্রহণযোগ্যতা পেয়েছিল। ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমাটি প্রযোজনা করেছে কারান জোহরের ‘ধর্মা প্রোডাকশন’। রণবীর ও দীপিকার সঙ্গে এতে আরও অভিনয় করেছেন ‘আশিকি টু’ খ্যাত আদিত্য রয় কাপুর এবং কাল্কি কোচলিন।