২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড পেল ‘প্রকৃতি ও জীবন’

টিভি অনুষ্ঠান ‘প্রকৃতি ও জীবন’ পেয়েছে ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন-২০১৩’

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 02:24 PM

Updated : 25 Apr 2022, 06:49 PM

টিভি অনুষ্ঠান ‘প্রকৃতি ও জীবন’-এর নির্মাতা প্রতিষ্ঠান ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’ এ বছর বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা, গবেষণা ও সংরক্ষণে গণসচেতনতা সৃষ্টিতে বিশেষ অবদানের জন্য পেয়েছে ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন-২০১৩’ পুরস্কার। ফাউন্ডেশনের পক্ষ থেকে পদক গ্রহণ করেন ফাউন্ডেশনের পরিচালক মুকিত মজুমদার বাবু।

৫ জুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় পরিবেশ পদক-২০১৩’, ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন-২০১৩’, স্মারক ডাক টিকিট অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণে ‘প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার-২০১২’ প্রদানের পাশাপাশি বিশ্ব পরিবেশ ও বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’-- স্লোগান নিয়ে ২০০৯ সালে যাত্রা শুরু করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সেই থেকে এ দেশের বন্যপ্রাণীসহ প্রকৃতি ও পরিবেশের নানা উপাদান সাধারণ মানুষের কাছে উপস্থাপন, জীববৈচিত্র্য সংক্রান্ত গবেষণা এবং বন্যপ্রাণী সংরক্ষণের লক্ষ্যে জনসচেতনতা তৈরির কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠান। ‘প্রকৃতি ও জীবন’ অনুষ্ঠানটি ২০১০ সাল থেকে চ্যানেল আইতে নিয়মিত প্রচারিত হচ্ছে।