২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুতপ্ত ধর্মেন্দ্র

ধর্মেন্দ্র জানান, অতিরিক্ত মদ্যপানে তার ক্যারিয়ার ধ্বংস হয়েছে

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 02:55 AM

Updated : 25 Apr 2022, 06:49 PM

বলিউডি সিনিয়র অভিনেতা ধর্মেন্দ্র জানিয়েছেন পানাসক্তির কারণে তিনি নিজেই তার ক্যারিয়ারের ক্ষতি করেছেন; তবে নতুন নতুন সিনেমার মাধ্যমে তিনি এই ক্ষতিপূরণ করতে চান। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

৭৭ বছর বয়সী এই অভিনেতা আবারও বড়পর্দায় ফিরে এসেছেন তার দুই পুত্র সানি এবং ববি দেওলের সঙ্গে নতুন সিনেমা ‘ইয়ামলা পাগলা দিওয়ানা টু’-এর মধ্য দিয়ে। ধর্মেন্দ্র আরও জানান, এখন তিনি সিনেমা তৈরির বিষয়টি ভালোভাবে বোঝেন এবং যথেষ্ট গুরুত্বের সঙ্গে এটি গ্রহণ করেন।

সম্প্রতি দিল্লিতে সিনেমাটির প্রচারের সময় ধর্মেন্দ্র বলেন, “আমি এখন আর মদ্যপান করি না। আমি আমার অভিনয় ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছি এই পানাসক্তির কারণে। আমি এখন জানি সিনেমা তৈরির ব্যবসাটি আসলে কেমন। আমরা সবাই সিনেমাটির জন্য অনেক কষ্ট করেছি এবং এর প্রচারের ক্ষেত্রে কোনো খুঁত রাখিনি।”

ধর্মেন্দ্র জানান, তিনি সিনেমাটিতে সানি দেওলের চরিত্রটিতে অভিনয় করতে চেয়েছিলেন যেন সুন্দরী অভিনেত্রীদের সঙ্গে পর্দায় রোমান্স করার সুযোগ পাওয়া যায়।

‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ সিরিজের আরেকটি সিনেমা নির্মাণের পরিকল্পনা সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলে ধর্মেন্দ্র বলেন, “আমরা এই সিরিজের তিন নম্বর সিনেমাটি তৈরির কথা ভাবছি এবং এটি হবে আরও সুন্দর কিছু। কিন্তু এর আগে আমরা দেখতে চাই ‘ইয়ামলা পাগলা দিওয়ানা টু’ সিনেমাটি দর্শক কীভাবে গ্রহণ করে।”

‘ইয়ামলা পাগলা দিওয়ানা টু’ সিনেমাটিতে ধর্মেন্দ্র এবং তার দুই পুত্র সানি ও ববি দেওলের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী ক্রিস্টিনা আখিভা এবং নেহা শর্মা। সিনেমাটি মুক্তি পাবে ৭ জুন।