শেষের কবিতা
মঞ্চে আবার ‘শেষের কবিতা’।
ছয়মাস বিরতির পর আবার মঞ্চে আসছে ‘শেষের কবিতা’। প্রাঙ্গণে মোর নাট্যদল প্রযোজিত নাটকটি ৫ জুন মঞ্চায়িত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলে।
এ বিষয়ে দলটির প্রধান অনন্ত হীরা গ্লিটজকে বলেন, “নাটকটি শেষবার মঞ্চায়ন হয়েছে ডিসেম্বর মাসে। ওই নাটকের পর দল আরও দুটি নাটক মঞ্চে এনেছে। নাটক দুটির মঞ্চায়ন ও তার প্রস্তুতির জন্য ব্যস্ততা ছিল। মে মাসে সৈয়দ শামসুল হককে নিয়ে নাট্যোৎসব হল সেটাও এই বিরতির কারণ।”
হীরা জানান, ‘শেষের কবিতা’র পর দলটি সেপ্টেম্বর, ২০১২ থেকে মঞ্চায়ন করছে ‘আওরঙ্গজেব’। মে মাসে সৈয়দ শামসুল হকের লেখা নাটক নিয়ে ‘জাগো বাহে কোনঠে সবাই’ উৎসবে নতুন প্রযোজনা হিসেবে মঞ্চায়ন করেছে ‘ঈর্ষা’।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস অবলম্বনে ‘শেষের কবিতা’ নাটকের নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা ও নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ।
নাটকটির মঞ্চ পরিকল্পনা করছেন ফয়েজ জহির, আলোক পরিকল্পনা তৌফিক রবীন। সংগীত পরিকল্পনায় রয়েছেন রামিজ রাজু ও পোশাক পরিকল্পনায় নূনা আফরোজ।
নাটকটিতে অভিনয় করছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, রামিজ রাজু, আউয়াল রেজা, সরোয়ার আলম সৈকত, মাইনুল তাওহীদ, শুভেচ্ছা, সুমী, মিথিলা, রিয়া, জাহিদ, রিগ্যান, মনির, সীমান্ত, বিপ্লব, আশা ও চৈতি।
