২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনেত্রী জিয়ার আত্মহত্যা

মুম্বাই-এর জুহু এলাকায় নিজের বাড়ি থেকে সোমবার রাতে উদ্ধার করা হয় বলিউডি অভিনেত্রী জিয়া খানের মৃতদেহ। মুম্বাই পুলিশ জানিয়েছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি। খবর এনডিটিভির।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 09:47 AM

Updated : 25 Apr 2022, 06:49 PM

পুলিশ আরো জানায়, রাত এগারোটায় জিয়ার মৃতদেহ আবিষ্কার করেন তার মা। ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য জিয়ার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

মৃত্যুর আগে সর্বশেষ জিয়া ফোনে কথা বলেছিলেন তার বন্ধু সুরাজ পাঞ্চোলির সঙ্গে। অভিনয়শিল্পী জুটি আদিত্য পাঞ্চোলি এবং জরিনা ওয়াহাবের ছেলে সুরাজকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। জিয়ার আত্মহত্যার ঘটনা তদন্তের স্বার্থে তার পরিচারিকা, বাড়ির দারোয়ান এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে টুইটারে শোক প্রকাশে ব্যস্ত হয়ে পড়েন হতবিহ্বল বলিউডবাসী। অমিতাভ বচ্চন পোস্ট করেন, ‘কি? জিয়া খান?.... এটা কি সত্যি? অবিশ্বাস্য!’

পরিচালক রাম গোপাল ভার্মা, যার সিনেমার মধ্য দিয়েই বলিউডে পরিচিতি পেয়েছিলেন জিয়া, জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই বিষণœতায় ভুগছিলেন তিনি। এব্যাপারে টুইটারে তিনি পোস্ট করেন, ‘শেষবার যখন জিয়ার সঙ্গে দেখা হয়েছিল, ও আমাকে বলেছিল যে, আশপাশের সবাই ওর সঙ্গে এমন ব্যবহার করে যেন ওর জীবনটা ব্যর্থতায় পূর্ণ।’

পরিচালক ফারাহ খানের টুইট, ‘এখনো বিশ্বাস হচ্ছে না যে, জিয়া নেই। ‘হাউজফুল’-এ তার সঙ্গে কাজ করেছি। সে ছিল সুন্দর মন এবং দেহের অধিকারী প্রাণপ্রাচুর্যে পরিপূর্ণ এক অভিনেত্রী। এত তাড়াতাড়ি চলে যেতে হয় না, জিয়া!’  

২৫ বছর বয়সি জিয়া, যার আসল নাম নাফিসা খান বলিউডে অভিষিক্ত হন রাম গোপাল ভার্মার ২০০৭ সালের সিনেমা ‘নিশব্দ’ এর মধ্য দিয়ে। সিনেমাটিতে বন্ধুর বাবার প্রেমে পড়া এক টিনএজ তরুণীর ভূমিকায় অভিনয় করেছিলেন জিয়া; তার বিপরীতে ছিলেন অমিতাভ বচ্চন। সিনেমাটিতে তার সাবলীল অভিনয় এবং আবেদনময় উপস্থিতি নজর কেড়েছিলো সবার।

পরের বছর আমির খান অভিনীত ‘গজনী’ সিনেমার পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন জিয়া। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘হাউজফুল’।