২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ট্র্যাজেডির জন্য কনসার্ট

সাভারের রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য গাইবেন বাপ্পা, বালাম, ওল্ড স্কুল আরবোভাইরাস, মেকানিক্স।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 01:24 PM

Updated : 25 Apr 2022, 06:44 PM

সাভারের রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য চ্যারিটি কনসার্টে গান গাইবেন বাপ্পা মজুমদার, বালাম, ওল্ড স্কুল, আরবোভাইরাস, মেকানিক্স, দি ম্যানেজার, ওউন্ড, প্রবাহ।

সনিক মিডিয়া, দি এন্টারটেইনমেন্ট, এক্সিটো ইভেন্টস এবং দি মিউজিশিয়ান্স অ্যালাইন্স আয়োজন করতে যাচ্ছে ‘সাভার এইড’ নামে সিরিজ কনসার্ট। কনসার্টে গান গাইবেন বাপ্পা মজুমদার, বালাম, ওল্ড স্কুল, আরবোভাইরাস, মেকানিক্স, দি ম্যানেজার, ওউন্ড, প্রবাহ।

ঢাকার কয়েকটি ইনডোর ভেনুতে কনসার্ট শুরু হবে ১৭ মে থেকে। এর প্রথম দুটি কনসার্ট হবে ১৭ ও ১৮ মের সন্ধ্যায় দি গ্রিল হাউস ও থার্টি থ্রি রেস্টুরেন্টে।

এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে নাফিস তাহসিস আলম গ্লিটজকে বলেন, “সাভার ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার জন্য আমরা কয়েক বন্ধু মিলে এই উদ্যোগটা নিয়েছি। ইতিমধ্যে বন্ধুরা তাদের বন্ধু ও পরিবারের কাছ থেকে ফান্ড তুলে ঘটনাস্থলের যেখানেই প্রয়োজন মনে করেছে, সেখানেই সহায়তা করেছে। আমাদের দলের কেউ কেউ দুর্ঘটনাস্থলে আটকে থাকাদের উদ্ধার কাজেও অংশ নিয়েছে।”

তিনি আরও বলেন, “তাই আমরা আবারও বলতে চাই, এক হয়ে হৃদয়ে আশার আলো জ্বালানোর সময় এখনই। কারণ এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রত্যেকেরই সমান সুযোগ রয়েছে।”

চ্যারিটি কনসার্ট হিসেবে টিকেট বিক্রির অর্থ দিয়ে গড়া হবে একটি ফান্ড, তাতে নেওয়া হবে যে কোনো প্রকার দান।

সাভারে রানা প্লাজা ধসে পড়ায় মৃত ও মারাত্মক আহত ব্যক্তির সংখ্যা হাজারের উপর এবং নিখোঁজ রয়েছে তিনশ’র বেশি। আহত ব্যক্তির চিকিৎসা সেবা ও মৃত এবং নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে কনসার্ট থেকে সংগৃহিত অর্থ ও অন্যান্য দান পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন নাফিস।

আয়োজকদের পরিকল্পনা রয়েছে পরবর্তী সপ্তাহেও একই রকমভাবে আরও দুটি কনসার্ট করার। ওই কনসার্ট দুটিতে গাইতে পারেন শাফিন আহমেদ, এলিটা করিম।