২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুরে আসুন পানিহাতা

একটি সফটওয়্যার প্রতিষ্ঠানে চাকুরি করেন মুনিরুল হাসান। কয়েকদিন আগে ময়মনসিংহের হালুয়াঘাটের কাছাকাছি পানিহাতা ঘুরতে গিয়েছিলেন। সেই ভ্রমণ অভিজ্ঞতাই জানাচ্ছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুনিরুল হাসান, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 02:38 AM

Updated : 13 Oct 2022, 02:50 PM

ঘুরতে যাওয়ার কথা ছিল খাগড়াছড়ি-রাঙামাটি। পাহাড়ি বৈসাবি উৎসব দেখতে যাব। সবকিছু ঠিক ছিল। তবে টানা হরতালের কারণে যাওয়ার আগের দিন বাস সংক্রান্ত জটিলতায় আমাদের ভ্রমণটি বাতিল হয়ে গেল। মনের কষ্ট রাখি কই! অফিস থেকে ২ দিনের ছুটি নিয়েছিলাম। সঙ্গে শুক্র আর পহেলা বৈশাখ ১৪২০ এর সরকারি ছুটি মিলিয়ে মোট চারদিনের টানা ছুটি। এমন লম্বা ছুটি আর কবে পাব! ছুটিটা তো নষ্ট করা যাবে না। সহকর্মী সরোয়ার জাহান আগে থেকেই আমার সঙ্গে যাওয়ার ব্যাপারে বলে রেখেছিলেন। তাকেই ভালো একটা স্পট খুঁজতে বললাম। সহকর্মীটির বাড়ি ময়মনসিংহ। তিনি খোঁজখবর নিয়ে জানালেন, ময়মনসিংহের হালুয়াঘাটের কাছাকাছি একটা জায়গা আছে নাম ‘পানিহাতা’। ওদিকটায় নাকি ভারতের সীমান্ত আর সুন্দর পাহাড়ি নদী আছে। আর আছে গারো নৃগোষ্ঠীর লোকজনের আবাস। আমরা সেখানে বেড়াতে যেতে পারি।

আসলে ‘পানিহাতা’ জায়গাটি পড়েছে শেরপুর জেলায়, যা আমরা যাওয়ার পর জানতে পেরেছি। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে এর দূরত্ব ৯ কিলোমিটার। যাই হোক দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো করে আমরা ১২ এপ্রিল ২০১৩ শুক্রবার সকালে ঢাকা থেকে রওনা হলাম হালুয়াঘাটের উদ্দেশে। বের হয়েই পড়লাম বিপাকে। বাসস্ট্যান্ডে প্রচুর লোক বাসের জন্য দাঁড়িয়ে। যেন ঈদের ছুটিতে সবাই বাড়ি যাচ্ছে। অবস্থা বুঝে বাসগুলোও ভাড়া বাড়িয়ে দিল ৫০ থেকে ৭০ টাকা। যাই হোক বহু কষ্টে বাসের সিট জোগাড় করলাম। অনেকটা ঈদের ছুটির মতোই আমেজ। তাই ভর্তিবাসে আর জ্যামরাস্তায় পৌঁছলাম হালুয়াঘাটে। সহকর্মীর নিকটাত্মীয়ের বাসায় আমাদের থাকা-খাওয়ার ব্যবস্থা হল। গাইড হিসেবে ঠিক করা হল সেই আত্মীয়ের এক ছোট ভাই শরীফকে। অষ্টম শ্রেণি পড়ুয়া হলেও আমাদের সেই গাইড পুরো এলাকাটা ভেজে খেয়ে ফেলেছে। তার কাছে আমাদের স্পটটি পানিভাত।

যেহেতু প্রথমদিন আমাদের হালুয়াঘাটে পৌঁছতে দুপুর গড়িয়ে গিয়েছিল তাই পানিহাতা যাওয়ার কোনো কারণ ছিল না। ওটা রেখে দিয়েছিলাম পরের দিনের জন্য। ওইদিনের সময়টাকে কাজে লাগানোর জন্য আমরা বিকেলে ঘুরে এসেছিলাম হালুয়াঘাটের ‘কড়ইতলা’ নামক জায়গা। এটি একটি কয়লার বন্দর। প্রতিদিন ভারতের মেঘালয় রাজ্য থেকে অসংখ্য ট্রাকভর্তি কয়লা এসে এই স্থলবন্দরে খালাস হয়। অসংখ্য কর্মী সারাদিন ব্যস্ত থাকে বাংলাদেশী ট্রাকগুলোতে কয়লা তুলতে। এদের একেক জনের চেহারা দেখার মতো! হঠাৎ করে দেখলে অনেককেই মনে হবে ঠিক যেন কয়লা-ভূত। তবে এরা দিনভর পরিশ্রম করে পেট চালায়। উপার্জনও নেহায়েত কম নয়। এদের কেউ কেউ যে পরিসংখ্যান দিল, তাতে অনেকেই মাসে ৩০ হাজার টাকাও রোজগার করেন। অর্থাৎ দিনে ১ হাজার টাকা করে। তবে চেহারাতে সেটি বোঝার উপায় নেই। কয়লা বন্দরের খুব কাছেই বর্ডার গার্ড বাংলাদেশ-এর ক্যাম্প আর পাশেই ভারতের সীমানা। সেখানে বিএসএফ-এর ক্যাম্প। আপনি চাইলে খানিকটা এগিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ-এর সদস্যদের সঙ্গে আলাপ করে আসতে পারেন। তাদের কাছ থেকে আপনি ভ্রাতৃসুলভ আচরণই পাবেন। অনেক বিষয়ে তারা আপনাকে সাহায্য করবে।

এই কড়ইতলার আশপাশেই আছে দেখার মতো কয়েকটি জায়গা। কয়লা ডিপোর পশ্চিম দিকটায় আছে টিলার মতো এলাকা। সেখানটায় আছে মোটামুটি ঘন জঙ্গল। রয়েছে প্রচুর গাছপালা। হাতে সময় নিয়ে এর ভেতরটা ঘুরে আসতে পারেন। স্থানীয় কাউকে গাইড হিসেবে নিলে ভালো করবেন। অপরিচিতরা পথ হারিয়ে ফেলতে পারেন। এই জায়গাটায় আমার একটি অভিজ্ঞতা হল- খাগড়াছড়ি না গেলেও আমি সেখানকার আমেজ এখানে উপভোগ করতে পেরেছি। জঙ্গলে পাখির কিচিরমিচির সত্যিই খুব উপভোগ্য। আর ঝরাপাতাগুলো কি এক আবেশে আপনাকে সামনে ডেকে নিয়ে যাবে! আপনার সময়টা ভালো কাটবে।

কয়লা বন্দরের উত্তর-পূর্ব দিকে গেলে কিছুটা দূরেই দেখেতে পাবেন ভারতের সীমানা। কাঁটাতারের বেড়া। সেখান থেকে এতটা পরিষ্কার ভারতের মেঘালয় রাজ্যের অংশটা দেখা যায় সেটা না দেখে কল্পনাও করা যায় না। সড়ক পথে যানবাহন ছুটে চলেছে। ভারতীয় অংশের আগেই বাংলাদেশের একটি খাল রয়েছে। যেখানে লোকজন দিনভর গোসল করেন। এদের অনেকেই কয়লা শ্রমিক ও স্থানীয় বাসিন্দা। উপভোগ্য একটি জায়গা।

এদিকটা পেছনে রেখে কিছুদূর পূর্বদিকে এগুলে দেখা যায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর মেনংছড়া রাবার ড্যাম। যারা আগে কখনও রাবার ড্যাম দেখেননি তারা এটি দেখে আসতে পারেন। এটি আসলে হালুয়াঘাটের লক্ষ্মীকুড়া এলাকায় অবস্থিত। রাবার ড্যামটি ২০১২ সালের ৬ ডিসেম্বর উদ্বোধন করা হয়েছে।

পানিহাতা স্পট

পরের দিন ১৩ এপ্রিল ২০১৩। সকাল ৯টার দিকে আমরা রওনা হলাম পানিহাতা‌র উদ্দেশে। মোটরসাইকেল ভাড়া করে উত্তরবাজার থেকে সেখানে যেতে সময় লাগল ২০ মিনিটের মতো। আসল জায়গায় যাওয়ার আগে পড়বে কিছুটা পাহাড়ি এলাকা। এরপর যে রাস্তা দিয়ে পানিহাতার দিকে যাবেন, সেখানে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখা যায় ‘কারিতাস’ পরিবেষ্টিত জায়গা। সেটাও পাহাড়ের উপর। সঙ্গে করে বাক্স-প্যাটরা নিয়ে গেলে এখানকার গারো দারোয়ান আপনাকে বা আপনার দলকে ভেতরে ঢুকতে দিতে চাইবে না। যেতে হলে বাক্স-প্যাটরা কোথাও রেখে যেতে হবে। আমরা অবশ্য অনেক অনুরোধ করে সঙ্গে করেই সব নিয়ে গিয়েছিলাম। অনেকে পিকনিক করতে এসে কারিতাসের মূল এলাকার ভেতরে থাকা ফুলের বাগানের ফুল ছেঁড়া ও তাদের স্থাপনার বিভিন্ন ধরনের ক্ষতিসাধন করায় এই পদক্ষেপ নিয়েছে তারা। পাহাড়ের উপর থেকে ভারতের মেঘালয় রাজ্যের অংশটা দেখতে চাইলে কারিতাসের এই পাহাড়ে উঠতে হবে। কারিতাস হল আসলে একটি খ্রিস্টান মিশনারি। পাহাড়ের বিভিন্ন স্থানে যিশুর বিভিন্ন রকমের বিশেষ কিছু খুঁটি চোখে পড়বে। এছাড়াও চমৎকার কিছু স্থাপনাও আছে। এলাকাটায় গারোদের রাজত্ব। উপর থেকে চারপাশের দৃশ্যটা দেখতে মনোরম। বেশ কাছেই ভারতে মেঘালয় রাজ্যের একটি সেতু চোখে পড়বে। মনে হবে যেন হাতের নাগালের ভেতরই এটি রয়েছে। সেতুর নিচ দিয়ে বয়ে চলেছে ভোগাই নদী। এই নদীটাই আকর্ষণের কেন্দ্রবিন্দু। বৈশাখ মাসে এতে ‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে/বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে’-এর মতো পানি থাকলেও বর্ষাকালে এর চেহারা বদলে যায়। ভারতের মেঘালয়ে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলের তৈরি হয়। সেই পানি গড়িয়ে এসে এই নদীতে পড়ে। নদীটি তখন হয়ে ওঠে খরস্রোতা। প্রচণ্ড স্রোতে প্রায়শই ভারতীয় অংশের বড় বড় গাছ ভেঙে নদীতে ভেসে বাংলাদেশের ভেতর এসে পড়ে। স্থানীয় লোকজন এই গাছগুলো সংগ্রহ করে বিক্রি করে। কোনো কোনো গাছ ৪০ হাজার টাকাতেও বিক্রি হয়। কারিতাসের পাহাড়ের উপর থেকে চারপাশটা দেখা আর বেশ কয়েকবার উঠানামার কারণে হাঁপিয়ে পড়তে পারেন। নিচে নামলেই পাবেন ভোগাই নদী। বৈশাখের এই সময়টাতে পানি কম থাকায় নিশ্চিন্ত মনে এতে গোসল করা যায়। যারা সাঁতার জানেন না তারাও মজা করে গোসল করতে পারবেন। আমি নিজেও সাঁতার জানি না। তবে দারুণ মজা করেছি। গোসল করতে গিয়ে স্থানীয় বাঙালিদের পাশাপাশি বেশ কিছু গারোকেও দেখা যায়। এরা গোসল করতে আর নদীতে ডুব দিয়ে ঝিনুক তুলতে আসে। আমরা বেশ কয়েকজন গারো ছেলেমেয়ের দেখা পেয়েছিলাম। যারা এসব ঝিনুক তুলছিল খাবার জন্য। এরা নাকি শামুক ও ঝিনুক রান্না করে খায়। একটি বিষয় খুবই আশ্চর্য হয়েছি এই দেখে- এসব গারো ছেলেমেয়েরা নিজেদের গারো ভাষার পাশাপাশি খুব ভালো বাংলা বলতে পারে। আর এদের দেখলে মনে হয় মোটামুটি অধিকাংশই শিক্ষিত। এদের অধিকংশই খ্রিস্টান ধর্মাবলম্বী। কারিতাসের মতো খ্রিস্টান মিশনারিগুলো এখানে বেশ কাজ করছে তা স্পষ্ট বোঝা যায়।

ভোগাই নদীর স্বচ্ছ জলে গা এলিয়ে দেওয়ার পর আপনি প্রশান্তি অনুভব করবেন। ইচ্ছেমতো জলের সঙ্গে খেলা করতে পারেন। সঙ্গে করে কেউ যদি হ্যান্ডবল জাতীয় কোনো বল নিয়ে যান তবে আরও ভালো করে সময়টা উপভোগ করা যাবে। যেখানটায় গোসল করে সবাই।

কাছেই ভারতের সীমান্ত। আর ওই সেতুটাও খুব কাছেই। পানি কম থাকায় চাইলে হেঁটেই ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করা যায়। কারণ সেতুর নিচ দিয়ে কোনো কাঁটাতারের ব্যবস্থা নেই। তবে সাবধান ভুলেও ওই পথ মাড়াবেন না। বিএসএফের নজরে পড়লে সমস্যা হতে পারে। এমনিতে কোনো ভয় নেই।

গোসল শেষ করে কাপড় বদলে আমরা যখন সেগুলো রোদে শুকাতে দিলাম তখন কতগুলো গারো শিশু সেদিকটায় গোসল করতে আসল। আমাদের ইচ্ছে হল ওদের কাছ থেকে দুচারটা গারো ভাষা শিখি। ওদের জিজ্ঞেস করলাম ‘‌‌‌‌কেমন আছ?’ কথাটা গারো ভাষায় কীভাবে বলব?

একজন জানাল এটাকে গারো ভাষায় বলে, ‘নাম্মি দুংগামা’।

আরেকজনকে জিজ্ঞেস করলাম, ‘তুমি কেমন আছ?’

সে এটি অনুবাদ করে দিল, ‘না-আ নাম্মি দুংগামা’।

এবার জিজ্ঞেস করলাম ‘পানি’ কে গারো ভাষায় কী বলে?

‍উত্তর দিল, ‘চি’।

এই হল আমাদের গারো ভাষার পাঠ। তবে সময়টা চমৎকার কেটেছে।

যেভাবে যাবেন

আমি যখন পানিহাতার পথে রওনা হয়েছি তখন নিজেও জানতাম না যে এই এলাকাটি শেরপুর জেলায় অবস্থিত। আমরা ময়মনসিংহের হালুয়াঘাটে এর অবস্থান বলে জানতাম। যাই হোক, যেহেতু হালুয়াঘাট থেকেই এখানে যাত্রা করেছি সেহেতু আমার কাছে এই রাস্তাটিই সহজ মনে হয়েছে। আশা করি অন্যরাও খুব সহজেই এই স্থানটিতে পৌঁছতে পারবেন। উল্লেখ্য, এটি শেরপুরের নাকুগাঁও এলাকার কাছাকাছি।

১। ঢাকা থেকে সরাসরি বাসে করে ময়মনসিংহের হালুয়াঘাটে যাওয়া যায়। এই বাস যেখানটায় থামবে সে স্থানটিকে নতুন বাসস্ট্যান্ড বলে। ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড থেকে শ্যামলী বাংলা, ইমাম ট্রেইলওয়েজ, ছোঁয়া পরিবহন নামের বাসগুলো নিয়মিত এই রুটে চলাচল করে। ভাড়া বাস ভেদে ১৫০ থেকে ২০০ টাকা পড়বে। এগুলোর সবই এসিবিহীন বাস।

২। নতুন বাসস্ট্যান্ড থেকে প্রথমে যেতে হবে উত্তরবাজার। বিদ্যুৎচালিত অটোতে এই স্থানটিতে যেতে জনপ্রতি খরচ পড়বে ৫ টাকা।

৩। উত্তরবাজার থেকে দুভাবে পানিহাতায় যাওয়া যায়। প্রথম উপায় হল মোটরসাইকেল এবং দ্বিতীয় উপায় হল অটো ভাড়া করা। মোটরসাইকেলে শুধু যেতে জনপ্রতি সর্বোচ্চ ৮০ টাকা করে ভাড়া লাগবে। সময় লাগবে ২০ থেকে ৩০ মিনিট। তবে মোটরসাইকেল ভাড়া করার আগে যতটা সম্ভব দরদাম করতে হবে। নতুন লোক দেখলেই এবং পার্টি মালদার মনে হলে এরা দাম বাড়িয়ে দিতে পারে। কোনোভাবেই ভাড়া ৮০ টাকার বেশি দিতে যাবেন না। ফেরত আসার সময় এই একই ভাড়া লাগবে বলে ধরে নিন। তবে চালককে বসিয়ে রাখলে তিনি কিছু বাড়তি অর্থ দাবি করতে পারেন। একটি মোটরসাইকেলে চালকসহ ইচ্ছে করলে ৪ জন বসা যাবে। মোটর সাইকেল ছোট হলে অবশ্য চালকসহ ৩ জন বসতে পারবেন। ভ্রমণ দলে সদস্য সংখ্যা বেশি হলে অটো ভাড়া করাই বুদ্ধিমানের কাজ হবে। এক অটোতে ৭ জনের বসার ব্যবস্থা হয়ে যাবে। যাওয়া-আসাসহ ভাড়া নিতে পারে ৬০০-৭০০ টাকা। চালককে নির্দিষ্ট সময় বসিয়ে রেখে যখন আপনি প্রকৃতি উপভোগ করবেন তখন সেই কারণে আপনার কাছে তিনি বাড়তি কিছু অর্থ দাবি করতে পারেন। উত্তরবাজার থেকে পানিহাতা যেতে আপনাকে সংগ্রা, বাখাইতলা, চায়নাবাজার ইত্যাদি এলাকাগুলোর ভেতর দিয়ে যেতে হবে। 

থাকা-খাওয়া

যাদের আত্মীয়স্বজন হালুয়াঘাটে থাকে তাদের বাড়িতে মেহমান হয়ে গেলে আপনার অবশ্য থাকা-খাওয়ার চিন্তা কমই করতে হবে। তবে যাদের আত্মিয়স্বজন নেই তারা আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করতে পারেন। বাস থেকে নেমেই একটু খোঁজ করলে আপনি বেশ কিছু আবাসিক হোটেল পেয়ে যাবেন। এগুলোর মধ্যে অন্যতম হল- হোটেল ইমেক্স ইন্টারন্যাশনাল, হোটেল মারুফ প্রভৃতি। থাকার জন্য ভাড়ার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছি না বলে দুঃখিত। কারণ আমরা ছিলাম এক পরিচিত আত্মীয়ের বাড়িতে। তাই ভাড়াটা জানা সম্ভব হয়নি। তবে এলাকাটা যতটুকু দেখেছি বা চিনেছি তাতে এক রুমের ভাড়া ৪০০-৫০০ টাকার বেশি হওয়া উচিত নয়। খাওয়ার জন্য বেশ কিছু হোটেল পেয়ে যাবেন। যাদের মধ্যে শ্যামলী অন্যতম। এটি শ্যামলী বাংলা বাসের কাউন্টারের পাশেই। সকালের নাস্তা সারতে পারবেন ২০-৩০ টাকায়। দুপুর ও রাতের খাবার সারতে পারবেন ৫০-৬০ টাকায় (পদ বেশি খেলে দামও বেশি পড়বে)।

পানিহাতা যাবার সময় সঙ্গে করে খাবার পানি, হালকা ও শুকনা খাবার (বিস্কুট, চিপস, কলা-রুটি ইত্যাদি) নিয়ে যেতে পারেন। মূল স্পটে অবশ্য একটি চায়ের দোকান রয়েছে। সেখান থেকে হালাকা খাবার, চা, জুস, পান, নলকূপের পানি পাবেন। তবে ভ্রমণ স্পটটি নতুন বলে কোনো ভাতের হোটেল নেই।

সময় পেলে প্রকৃতির এই অপরূপ স্থানে আপনিও ঢুঁ মেরে আসতে পারেন। পিকনিক স্পট হিসেবেও স্থানটি খারাপ নয়। হাতে দুইদিন সময় বের করে বেরিয়ে আসতে পারেন পানিহাতা থেকে। অনেকের কাছেই হয়তো এই স্থানটি অজানা। যাদের কাছে অজানা তারা এর নৈসর্গিক দৃশ্য দেখে আসার সুযোগটা হাতছাড়া করবেন না।

ছবি: লেখক