আনন্দ ধারায় পহেলা বৈশাখ
আনন্দ ধারায় উদ্বেলিত হয়ে তারুণ্যের রঙে যেদিনটি আলোকোজ্জ্বল, সেদিনটির নাম পহেলা বৈশাখ। বর্ষচক্রের ছন্দবদ্ধ অনুক্রম ধারায় নতুন বছর আসে এবং যথাসময়ে তা অতীত হয়ে যায়। রেখে যায় কত না বিচিত্র প্রতিচ্ছবি, কত অযুত কথাকাহিনী!
বাঙালি জীবনে বর্ষ শুরুর দিনটি যুগযুগান্ত থেকে আগত এক অত্যাজ্য মানস সংস্কার ও অভিনব ভাব প্লাবন বয়ে নিয়ে আসে। এ দিনটি যে কেবল জ্যোতির্বিদ্যা নিরূপিত পৃথিবীর আহ্নিক গতির ওপর নির্ভরশীল একটি দিন তা নয়। আমাদের জীবন চেতনা এবং স্বকীয় সংস্কৃতির পরিচয়ও বটে। ‘বৈশাখে ঝাউ শাখে ঐ এল ঝড়/ শুকনো কেয়ার পাতা কাঁপে থরথর।’ কবি ফর্রুখ আহমদের কবিতার এ পঙ্ক্তিই বৈশাখের ভাবমূর্তি স্মরণ করিয়ে দেয়। বৈশাখ শুধু একটি মাসের নাম নয়, পূর্ণ বছরের যাত্রামুখ, আবহমান বাংলার লোক-ঐতিহ্যের শেকড়। ষড়ঋতুর এ বাংলাদেশে ঋতুর রাজা বসন্তকাল হলেও সে রাজার উৎপাদিত ও অর্জিত ধন ভোগ করে মূলত গ্রীষ্মের প্রথম বাহু বৈশাখ। ফুলে ফলে সুশোভিত বলে ঋতুর রাজা বসন্তকে বর্ণনা করলেও রাজার ক্ষমতার পূর্ণতা আসে বৈশাখে। কোকিলের গান বসন্তে ফুরানোর কথা থাকলেও লোভ সামলাতে পারে না, অজান্তেই হঠাৎ বাঁশবনে ডেকে ওঠে- কুহু কুহু কুহু। অবশ্য শিমুল ফুল তখন নিজের অপারগতাকে জানান দিয়ে পরবর্তী প্রজন্মের কাছে দায়িত্ব দিয়ে অজানায় পাড়ি জমায়, আর পরবর্তী প্রজন্মের নাতিপুতিরাও বৃদ্ধ হয়ে তুলা বনে চলে যায় বালিশ কিংবা কাপড়ের আড়তে।
বৈশাখ প্রকৃতগতভাবেই রুক্ষ থাকে। চারদিকে অস্বস্তিকর পরিবেশ। অতিরিক্ত গরম মানুষকে বেশি পরিমাণ কষ্টে ফেলে দেয়। তারপরও আমরা বৈশাখের প্রত্যাশায় থাকি। নববর্ষের মধ্য দিয়ে ভবিষ্যৎ স্বপ্ন দেখি। বৈশাখের পঙ্খিরাজে চরে ঘুরে বেড়াই স্বপ্নের দেশে দেশে। এদিকে বিদ্যুৎ ঘাটতি আর লোডশেডিংকে সঙ্গে নিয়ে একসময় বৈশাখ এসে যায়। বৈশাখ এসে যায় আমাদের পঞ্জিকার পাতায়। আমাদের জীবনের পাতাতেও। এ সময় বৈশাখী ঝড়ে অনেক জীর্ণতা দূর হয়ে যায়। ধ্বংসের মধ্য দিয়েই আসে সৃষ্টির উল্লাস।
বৈশাখের সূচনা
বাঙালি তথা বাংলাদেশিদের কাছে বর্তমানে পহেলা বৈশাখ একমাত্র উৎসব যা সর্বসত্মরের মানুষ একসঙ্গে পালন করে। তাই তো লোকজ এ উৎসব আমাদের সব ধর্মের সব মানুষের প্রাণের উৎসব। এ উৎসবের সঙ্গে জড়িয়ে আছে বাংলা বর্ষপঞ্জি, দেশের উৎপাদনশীলতা এবং বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। বাংলা নববর্ষ পালনের সূচনা হয় মূলত আকবরের সময় থেকেই। মুঘল সম্রাট আকবর খাজনা আদায়ে সুষ্ঠুতা প্রণয়নের লক্ষ্যে ৫ নভেম্বর, ১৫৫৬ খ্রিস্টাব্দে হিজরি সনের পরিবর্তে ফসলি সন প্রবর্তন করে। পরে ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০ মার্চ বা ১১ মার্চ থেকে বাংলা সন বা বঙ্গাব্দ হিসেবে গণনা শুরু হয়। আকবরের সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়। এরপর থেকে মুঘলরা জমিদারি প্রথা বিলুপ্ত হওয়া পর্যন্ত পহেলা বৈশাখ পালন করতেন। সে সময় বাংলার কৃষকরা চৈত্র মাসের শেষদিন পর্যন্ত জমিদার, তালুকদার ও অন্যান্য ভূ-স্বামীদের খাজনা পরিশোধ করত। পরদিন নববর্ষে ভূস্বামীরা তাদের মিষ্টিমুখ করাতেন। এ উপলক্ষ্যে তখন মেলা এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হতো। আধুনিক নববর্ষ উদযাপনের প্রথম খবর পাওয়া যায় ১৯১৭ খ্রিস্টাব্দে। প্রথম মহাযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সে বছর পহেলা বৈশাখে হোম কীর্তন ও পূজার ব্যবস্থা করা হয়। ক্রমান্বয়ে পারিবারিক ও সামাজিক জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে পহেলা বৈশাখ আনন্দময় ও উৎসবমুখী হয়ে ওঠে এবং বাংলা নববর্ষ শুভদিন হিসেবে পালিত হতে থাকে। পহেলা বৈশাখে হালখাতা পূজা নামে হিন্দুদের আলাদা উৎসব রয়েছে, রয়েছে চৈত্রসংক্রানিত্ম, শিবপূজা, রয়েছে লোমহর্ষক চরক পূজা।
ঢাকার বৈশাখী উৎসব
মিশ্র সংস্কৃতি আর নব সভ্যতার শহর ঢাকার বৈশাখী উৎসবও গ্রামীণ তারুণ্যে উদ্ভাসিত হয়। বৈশাখের এ পুরনো উৎসবকে শহরে জনপ্রিয় করে তুলতে ছায়ানটের শিল্প স্রষ্টাদের কথা না বললেই নয়। শুধু সাংস্কৃতিক আন্দোলন নয়, রাজনৈতিক আন্দোলনকে ঘিরে ছায়ানট প্রথম ১৯৬৫ সালে (১৩৭২ বঙ্গাব্দে) শুরু করেছিল বর্ষবরণের এ উৎসব।
বর্তমানে ছায়ানট ছাড়াও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বাংলা একাডেমী, নজরুল ইনস্টিটিউট, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, বাংলাদেশ শিশু একাডেমী, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বুলবুল ললিতকলা একাডেমী, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন, নজরুল একাডেমী, মুক্তিযুদ্ধ জাদুঘর, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রভৃতি প্রতিষ্ঠান এবং দেশের সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, বর্ণাঢ্য মিছিল, মেলা ইত্যাদি দিয়ে সাজানো হয় উৎসব প্রাঙ্গণ। রমনার এ উৎসবে অন্যান্য খাবারের সঙ্গে বিগত কয়েক বছর ধরে পান্তা-ইলিশ খাবারেরও ধুম পড়ে যায়। বাঙালিয়ানার পুরোটাই যেন মোড়ানো থাকে খাবারের দোকানগুলোতে।
নববর্ষের আনন্দকে আরো প্রাণবনত্ম করে তোলে বৈশাখী মেলা। সারা দেশের বিভিন্ন জেলায় বৈশাখী মেলার সমারোহ দেখা যায়।
তবে কালে কালে চলমান সভ্যতার হাত ধরে উৎসবেও এসেছে নতুনত্ব। পুরনো অনেক উৎসবের বিলুপ্তি ঘটেছে। অপসংস্কৃতি চর্চার বাড়াবাড়িতে বাঙালির অতি আদরণীয় এ দিনটি প্রায় ফসিল হয়ে এসেছে। আগে পহেলা বৈশাখ ছিল জমিদারদের পুণ্যাহের দিন। চিরস্থায়ী বন্দোবস্তের বিলুপ্তির সঙ্গে সঙ্গে পুণ্যাহ উৎসবেরও অবসান ঘটে। তবে একমাত্র আদিবাসী সমাজব্যবস্থায় এখনো রাজপুণ্যাহ প্রচলিত রয়েছে। কালে কালে বিলুপ্তি ঘটেছে ঢাকার ঘুড়ি ওড়ানো, মুন্সীগঞ্জের গরুর দৌড় প্রতিযোগিতাসহ ঘোড়দৌড়, ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই, পায়রা ওড়ানো, নৌকাবাইচ প্রভৃতি। বর্তমানে চট্টগ্রামের বলিখেলা, রাজশাহীর গম্ভীরা প্রবল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়। এ ছাড়া পাহাড়িদের মধ্যে পানি উৎসবটি অত্যন্ত জনপ্রিয়।
সর্বজনীন বৈশাখের এ উৎসব আমাদের প্রাণের উৎসব। এ উৎসবকে ঘিরেই আমরা ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাই এক হতে পারি। এটি আমাদের জাতীয়তাবাদী একমাত্র উৎসব। আমাদের ঐক্যবোধের একমাত্র শিখা। এ শিখায় পূতপবিত্র হয়ে আমরাই বলতে পারি, আমরা বাঙালি। আমরাই পারি সব বিভেদ ভুলে একে অপরকে ভালোবেসে সমৃদ্ধ এক দেশ গড়তে।
