২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যালারি টোয়েন্টি ওয়ান - এর চিত্রকলা প্রদর্শনী

এক দশক পর আবার যাত্রা শুরু করলো ‘গ্যালারি টোয়েন্টি ওয়ান’। ধানমন্ডির সাতমসজিদ রোডের তাজ লিলি ভবনের ১২ তলাতে অবস্থিত এই গ্যালারিতে চলছে দেশের খ্যাতনামা চিত্রশিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 02:33 AM

Updated : 13 Oct 2022, 02:49 PM

৫ এপ্রিল থেকে শুরু হওয়া এ প্রদর্শনীটির উদ্বোধনকালে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী এমএএ মুহিত, শিল্পী হাশেম খান ও রফিকুন নবী।

ঢুকতেই চোখে পড়ে দেয়ালে ঝুলানো একটি মুক্তিযুদ্ধের ছবি। যুদ্ধাহত একজন বাঙালীর রক্তাক্ত দেহ নিথর হয়ে পড়ে আছে। আগুনের শিখায় ধোয়াটে হয়ে আছে চারপাশ। এরই মাঝে একজন মুক্তিযোদ্ধা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে চলছেন।

ছবিটি সম্পর্কে গ্যালারি টোয়েন্টি ওয়ান-এর স্থাপয়িতা শামীম সুবরানা জানান, ছবিটি এঁকেছেন শিল্পী সাহাবউদ্দীন আহমেদ। তিনি নিজেও একজন মুক্তিযোদ্ধা। আর ‘মুক্তিযোদ্ধা’ শিরোনামে আঁকা ছবিটি দর্শনার্থীদের নিয়ে যাবে ৭১’এর সেই মুহূর্তে, যখন মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশের জন্যে লড়ে যাচ্ছিলেন।

মানুষ ঘুমালে মাঝরাতে আত্মাগুলো কীভাবে ঘুরে বেড়ায় তার ছবি এঁকেছেন লিটন ভূইয়া। অনেকটা একই বিষয়ে ‘ড্রিম অ্যান্ড ফ্যান্টাসি’ শিরোনামে ফারিহা জেবা-এর ছবিতে কল্পনার মুহূর্তগুলোকে ফুটে উঠেছে শিল্পীর তুলিতে।

শামীমা সুবরানা আঁকা ছবিতে ফুটে উঠেছে শাহবাগের প্রজন্ম চত্বরে জেগে ওঠা তরুণদের চিত্র। যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে এ যুগের তরুণ প্রজন্মের আন্দোলনের ছবি ছাড়াও রয়েছে প্রেম, বিরহ, সংগ্রামী জীবনের নানা চিত্র।

৫১ জন চিত্রশিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে ‘গ্যালারি টোয়েন্টি ওয়ান’-এ। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে শাহবাগের প্রজন্ম চত্তর পর্যন্ত ইতিহাসের স্বর্ণাক্ষরে রচিত ঘটনাগুলো শিল্পীরা নিঁখুত হাতে তুলে ধরেছেন শিল্পীয় রূপে।

প্রদর্শনীতে স্থান পেয়েছে বাংলাদেশের ইতিহাস, প্রকৃতি, সংগ্রাম, পাহাড়ীদের জীবন নিয়ে প্রদর্শনী। আয়োজিত প্রদর্শনী সম্পর্কে শামীম সুবরানা বলেন, “দীর্ঘ বিরতির পর আবারও দেশের খ্যাতনামা চিত্র শিল্পীদের একত্র করার মাধ্যমে আমরা নতুন ভাবে যাত্রা শুরু করেছি। প্রদর্শনীতে রনবী, হাসেম খান, আব্দুল্লাহ খালেদ, মানসুরুল করিম, অভিনেত্রী বিপাশা হায়াত, শিল্পী কনক চাপা চাকমাসহ আরও অনেকের ছবি প্রদর্শিত হচ্ছে।

প্রদর্শনীটি প্রতিদিন দুপুর ১২ থেকে রাত ৯টা পর্যন্ত চলছে। শেষ হবে ৩০ এপ্রিল।