ফতুয়াতেই আরাম
গরমে পরতে আরাম এরকম পোশাকের মধ্যে আছে সুতি কাপড়ের তৈরি ফতুয়া, কামিজ, শার্ট, টি-শার্ট। আর এখন জিন্সের সাথে ফতুয়া যেকোন তরুণ-তরুণীর প্রিয় পোশাক। পাশাপাশি টপস ও কুর্তিতো রয়েছেই।
বর্তমানে ফ্যাশনে বাংলার ঐতিহ্যবাহী ধারার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন নতুন আঙ্গিক। দেশজ ও আন্তর্জাতিক ধারা মিশে একইসঙ্গে পরিবেশিত হচ্ছে বিভিন্ন বুটিক হাউস ও বুটিকধর্মী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে। ফ্যাশনের এ পরিবর্তনের ধারাবাহিকতায় ইদানিং দেখা যায় মেয়েরা পাঞ্জাবি স্টাইলের কামিজ ধাঁচের লম্বা ফতুয়া পরে। একে বলা হয় কুর্তি। কিছুদিন আগেও কামিজ ধাঁচের লম্বা ফতুয়ার জনপ্রিয়তা ছিল। পশ্চিমা ফ্যাশনের বদৌলতে অপেক্ষাকৃত ছোট ফতুয়ার দিকে ঝুঁকেছিল তরুণীরা, যাকে টপস বলা হয়। আর এই টপস ঘরানার ফতুয়া লম্বায় একটু বাড়িয়ে দিয়ে পোশাকটিতে আনা হয়েছে নতুনত্ব। ফলে পশ্চিমা ফ্যাশনটি দেশীয় আমেজে ফুটিয়ে তুলতে পেরেছেন দেশীয় ফ্যাশন ডিজাইনাররা।
চরকা ফ্যাশন হাউসের কর্ণধার জাভেদ কামাল বলেন, “আমাদের ফ্যাশন ভাবনায় এখন যুক্ত হয়েছে নানা অনুষঙ্গ। ছেলে-মেয়ে উভয়ের ফ্যাশনেই এসেছে নিত্যনতুন চিন্তার ছোঁয়া।” ছেলেদের ক্ষেত্রে আমাদের দেশে গত কয়েক বছর ধরে ফতুয়া এবং টি-শার্টের মতো পোশাকগুলোর জনপ্রিয়তা বেড়েছে। মেয়েরা ইদানিং টপস, ফতুয়ার পাশাপাশি কুর্তির প্রতিও বেশ আকৃষ্ট হয়েছে। জাভেদ জানান, “কুর্তি হচ্ছে ফতুয়ার আধুনিক রূপ। এটি ভারতিয় একটি ডিজাইন। এককথায় বলা যায়- কুর্তি দেখতে পাঞ্জাবির মতো কিন্ত লম্বায় কোমরের একটু নিচে এবং এতে কোন পকেটের ব্যবহার থাকবে না। এসব পোশাক বেশিরভাগ ক্ষেত্রে সুতি কাপড় দিয়ে তৈরি হয় বলে এই গরমে বেশ আরামদায়ক।”
বিবিয়ানার কর্ণধার লিপি খন্দকার বলেন, “গরমের পোশাক হিসেবে তরুণীদের পাশাপাশি একটু বেশি বয়সের মানুষও ফতুয়াকে বেছে নেন।” এই পোশাক নকশাবিদ আরও জানান- তরুণীরা গরমের এই সময়ে জিন্সের সাথে, চুড়িদার বা সালোয়ারের সাথে কুয়ার্টার হাতা কিংবা শর্ট হাতার কুর্তি বেশি পছন্দ করছেন। এ পোশাকটির সাথে ইচ্ছে করলে ওড়না ব্যবহার করা যাবে। আবার না করলেও ভাল লাগবে। “কুর্তি যদিও গত বছর থেকে নতুনরূপে আবির্ভূত হয়েছে। তবে আমি সেই সত্তরের দশকেও দেখেছি কুর্তির ব্যবহার। যুগে যুগে তা নতুনভাবে আসছে। ছেলেরা ফতুয়ার পাশাপাশি এখন শর্ট পাঞ্জাবির চেয়ে একটু ছোট এবং ফতুয়ার চেয়ে একটু বড় পোশাক পরছেন।” বললেন লিপি।
আমাদের দেশে ফতুয়া একসময় পরতেন বেশি বয়সী মানুষেরা। তখন ফতুয়ার ধরন আজকের মতো ছিল না। প্রবীণরা হাফ হাতার সুতি ফতুয়া ব্যবহার করতেন। সে সময় ফতুয়া ছিল সাবেকি ধাঁচের সাদামাটা এক পোশাক, গোল গলা, নিচে পকেট। সেই ফতুয়াই এখন তৈরি হচ্ছে হাল ফ্যাশনের উপযোগী করে।
এই পোশাকটি পরিবর্তিত হয়ে রূপ নিয়েছে টপস এবং কুর্তিতে। আজকাল গরমে সবাই স্বস্তি পান এসব পোশাক পরে। বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে দারুণ হুজুগ তৈরি হয়েছে। ঘরে-বাইরে সব জায়গায় তরুণদের প্রথম পছন্দের পোশাক ফতুয়া, টপস। বছরের সব সময়েই এসব পোশাক পরা হচ্ছে। তবে সারা বছর চাহিদা থাকলেও গরমে আরামদায়ক পোশাক হিসেবে এ পোশাকগুলোর জুড়ি নেই। নামীদামি ফ্যাশন হাউস থেকে শুরু করে গলির মোড়ের নতুন বুটিকেও রাখা হয় ফতুয়া কিংবা টপসের চমৎকার সব সংগ্রহ। এক সময়ের প্রবীণদের পোশাক ফতুয়া এখন তারুণ্যের প্রতীক।
আগের ফতুয়ার সঙ্গে এখনকার ফতুয়ার নকশাতেও আকাশ-পাতাল তফাত। ব্লক, হ্যান্ড-পেইন্ট, চুমকি, টাই-ডাই সবকিছুই এই পোশাকে এনেছে বৈচিত্র। আর রঙের ক্ষেত্রে গাঢ় রঙের ব্যবহারই বেশি হচ্ছে । কলারসহ বা ছাড়া, লম্বা-আধা-ছোট হাতা, কাটার ধরন ও গলার নকশায় বৈচিত্র এখন চোখে পড়ার মতো। এছাড়া বিশেষ বিশেষ দিবসকে কেন্দ্র করেও তৈরি হচ্ছে ফতুয়া। যা দিবসগুলোকে আরও অর্থবহ করে তোলে।
ছবি সৌজন্যে: কে ক্র্যাফট, রঙ, চরকা, লা রিভ এবং অঞ্জন’স।
