২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন রেস্তোরাঁ ক্লাব হুইলস

গ্যারেজের ভেতর ছাদ খোলা গাড়িতে বসে কাউকে খাবার খেতে দেখলে মোটেই অবাক হবেন না, বুঝবেন আপনি চলে এসেছেন ক্লাব হুইল্‌স-এ। গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান হুইলস এর অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে ২৬ মার্চ যাত্রা শুরু করেছে রেস্তোরাঁটি।

ওমর শরীফ

প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2013, 02:39 AM

Updated : 13 Oct 2022, 02:49 PM

হুইলস-এর ব্যবস্থাপক (বিক্রয় ও প্রশাসন) সারোয়ার জাহান জানান, তাদের এই রেস্তোরাঁটি আসলে ইতালিয় খাদ্যের একটি গোডাউন। তার কথায়, “ঢাকা শহরে অনেক রেস্তোরাঁ আছে, তবে আমরা এতটুকু বলতে পারি খাঁটি ইতালিয় খাবারের স্বাদ নিতে হলে আমাদের কাছেই আসতে হবে।” এই প্রতিষ্ঠানের প্রধান পাচক মোঃ মাইনুল আহ্‌সান নোমান দীর্ঘ দিন অস্ট্রেলিয়াতে রান্নার উপর প্রশিক্ষণ নিয়েছেন। তিনি জানান, রান্নার জন্য তারা অলিভ অয়েল ছাড়া অন্যকোন তেল ব্যবহার করেন না। খাবারের বেশিরভাগ উপাদান স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা হলেও বেশ কিছু ‘হার্ব’ বা খাবারের স্বাধ বাড়ানোর জন্য বিভিন্ন রকম মসলা ও ভেষজ উদ্ভিদ তারা সরাসরি ইতালি বা দেশের বাইরে থেকে আমদানি করেন।

বনানীর ৬ নম্বর রাস্তায় অবস্থিত এই ক্লাব হুইলস এর অন্দরসজ্জায় এসেছে গাড়ি বিষয়ক বিভিন্ন বিষয়বস্তু। তাইতো রেস্তোরাঁয় ঢুকতেই চোখে পড়বে লাল-হলুদ-সবুজ ট্রাফিক সিগানাল, দেয়াল ফুঁড়ে ঢুকে যাওয়া একটি হলদে গাড়ির পেছনের অংশ, আর ছাদ খোলা গাড়ির ভেতর বসে খাওয়ার আয়োজন। তিন তলার এই রেস্তোরাঁর প্রথম দুটি তলা লাউন্‌জ, আর তৃতীয় তলায় রয়েছে ফাইন ডাইনিং বা ভারী খাবার পরিবেশনের ব্যবস্থা।

সারোয়ার জাহান জানান, বিশ্বে বারিস্তো কাফি’র জনপ্রিয়তা রয়েছে। ব্রাজিলিয়ান অ্যারাবিকা নামের খাঁটি কফি বিন থেকে তৈরি হয় এটি। যেটা শুধু মাত্র যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে প্রক্রিয়াজাত করা হয়। আর এই কফির স্বাদ নিতে চাইলে যেতে হবে তাদের রেস্তোরাঁয়। কারণ ক্লাব হুইলস এদেশে বারিস্তো কফির একমাত্র বিক্রেতা।

তাদের রয়েছে ১৮০ পদের খাবার। এগুলোর মধ্যে ইতালিয় খাবারের আধিক্য থাকলেও প্রচলিত বেশকিছু খাবারের ব্যবস্থাও রয়েছে তাদের। খাদ্য তালিকাটি সাজানো হয়েছে দুই প্রকারে। যারা হালকা কিছু খেয়ে আড্ডা দিয়ে সময় পার করতে চান তাদের জন্য রয়েছে লাউনজ। এখানে গাড়ির ভেতর বা সোফাতে বসে যেসব খাবারের স্বাদ নিতে পারবেন সেগুলো হল- বিভিন্ন ধরনের পিৎসা, বার্গার, স্যান্ডউইচ, স্টেক, সালাদ, সুপ, কিছু মেক্সিকান খাবার ও বিভিন্ন ফ্রাই বা ভাজা খাদ্য।

ভারী খাবারের জন্য যেতে হবে তিন তলায়। এখানে বসে খেতে পারবেন ইতালিয় কায়দায় তৈরি রকমারি পিৎসা, পাস্তা, রিজত্তো, বিভিন্ন ধরনের পানিয়, ডেজার্টসহ নানান খাবার।

সারোয়ার জানান, এখানে খাবারের দাম অন্যান্য অনেক রেস্তোরাঁ থেকে কম। তাদের একটি পিৎসার সর্বোচ্চ মূল্য ৮৫০টাকা। আর এর রুটিটি দেখলেই বোঝা যাবে অন্যাদের থেকে তাদের পিৎসার পার্থক্যটা কোথায়। ২০০০ টাকার মধ্যে দুজনে মিলে দুপুর বা রাতের খাবার সারতে পারবেন এখানে। এছাড়া গুলশান এক ও দুই, বারিধার এবং বনানীতে বিনামূল্যে বাড়ি পর্যন্ত খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা তাদের রয়েছে।

যারা মোটরগাড়ি ভালোবাসেন তাদের জন্য আড্ডা দেওয়ার একটি দারুন রেস্তোরাঁ হতে পারে এই ক্লাব হুইলস- বললেন সারোয়ার। তুলনামূলক কমদামে উন্নত স্বাদের ইতালিয় খাবার খেতে চাইলে একবার ঢুঁ মারতে পারেন ক্লাব হুইলস রেস্তোরাঁতে।