বাঙালি চরিত্র পছন্দ প্রিয়াংকার
বারফি!’ সিনেমায় একজন বাঙালি অটিস্টিক মেয়ে, ঝিলমিল চ্যাটার্জির চরিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কার জিতে নেন বলিউডি অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। আসন্ন ‘গুন্ডি’ সিনেমাতেও বাঙালি চরিত্রে অভিনয় করবেন তিনি। আর ব্যক্তিগত ভাবেও বাঙালি নারীর চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন বলে জানালেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
এক সংবাদ সম্মেলনে প্রিয়াংকা বলেন, ‘আমি মনে করি বাঙালি নারীরা অত্যন্ত সুন্দরী এবং সাহসী। আর সাহসী চরিত্রে অভিনয় করতে ভালো লাগে আমার। তাই বাঙালি নারীর ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়ে আমি দারুণ খুশি।’
সিনেমাটি সম্পর্কে প্রিয়াংকা বলেন, ‘নন্দিতা নামের একটি বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করছি আমি। এখনই এর চেয়ে বেশি কিছু বলতে চাইছি না। এখনও সিনেমার অনেক কাজ বাকি। আস্তে আস্তে সব কিছুই জানতে পারবেন।’
