ওড়না বিলাস
মেয়েদের ফ্যাশন ঠিকমত উপস্থাপন করতে ওড়না ভীষণ প্রয়োজনীয় একটি অনুষঙ্গ। এই এক ফালি কাপড়ের আকৃতি একটু ছোট-বড় করে অথবা একটু ভিন্ন ঢঙে বেঁধে বা ঝুলিয়ে পরে সবার থেকে আলাদা করে ফুটিয়ে তুলতে পারেন নিজস্ব স্টাইল।
কয়েক বছর আগেও কামিজ বা সালোয়ারের সঙ্গে মানিয়ে মেয়েরা ওড়না ব্যবহার করত। তবে হাল-ফ্যাশনের যুগে আজকাল সেই রীতি বদলে গেছে। এখন ফ্যাশনের রেওয়াজটাই যেন কিছুটা এলোমেলো। হালকা রঙের কামিজ তো উজ্জ্বল গাঢ় রঙের ওড়না। আবার উজ্জ্বল রঙা সালোয়ার-কামিজের সঙ্গে হালকা রঙের ওড়না প্রায়ই দেখা যায়। এই কাপড়টি যে শুধু সালোয়ার-কামিজের অনুষঙ্গ তা কিন্তু নয়, এটি আমাদের পোশাক ও ব্যক্তিত্বে এনে দিতে পারে ভিন্ন মাত্রা। ওড়নার ওপর ভিত্তি করেই বানানো যায় সালোয়ার-কামিজ।
টাইডাই, ভেজিটেবল ডাই, স্ক্রিনপ্রিন্টের কাজ করা ওড়নাগুলোর কিছু সুবিধা আছে। কামিজের সঙ্গে মিলিয়ে বা না মিলিয়েও পরা যায়। নীল ও সবুজ ওড়না যেমন সাদা বা হলুদরঙা সালোয়ার-কামিজের সঙ্গে মানাবে। তেমনি এটি নীল রঙের কামিজের সঙ্গেও বেশ যায়। তবে যে পোশাকে ওড়নাই হবে প্রধান সেখানে কামিজের কাজ হতে হবে একেবারেই হালকা।
জিন্স, ফতুয়া, টি-শার্ট, শার্ট, সালোয়ার-কামিজ যে পোশাকই পরুন না কেন, ওড়না তাতে একটি পরিপূর্ণ ও মার্জিত রূপ দেয়। তবে সব পোশাকে বড় ওড়না মানায় না। তবে মানিয়ে যায় ছোট ওড়না। এখন বিভিন্ন ধরনের ছোট ওড়না পাওয়া যাচ্ছে। যেমন মসলিন শিফন, সিল্ক, হ্যান্ড প্রিন্ট, শার্টিন প্রিন্ট, বাটিক, টিশু, নকশা করা ইত্যাদি। অঞ্জন'সের ফ্যাশন ডিজাইনার শাহীন আহম্মেদ জানান, “ছোট ও চিকন ওড়নাগুলো লম্বা ফতুয়া, টপস, পাঞ্জাবি, শার্টের সঙ্গেই বেশি মানায়। এ ছাড়া শর্ট কামিজ ও নরমাল কামিজের সঙ্গে এখন কুঁচকানো ছোট ওড়নাগুলো বেশ চলছে।”
দরদাম : সুতির স্কার্ফগুলো পাবেন ২০০-৩৫০ টাকা, খাদির ওড়না ১৫০-৪০০ টাকা, শার্টিন ৭০০ টাকা, মাফলার ২৫০-৫০০ টাকা, মসলিন ৫০০-৭০০ টাকা, হ্যান্ড প্রিন্ট ৮০০ টাকা, বলাকা সিল্ক ৬৫০-৮৫০ টাকা, সফট সিল্ক শিফন ২৫০-৫০০ টাকা, হাতের কাজ ১০০০ টাকা, ঘরানার স্কার্ফ ও ওড়না ৬৫০-৪০০ টাকা, জুট কটন ১৫০-৩৫০ টাকা ও মসলিনের ৩৫০-৬৫০ টাকায়। এ ছাড়া বিভিন্ন মার্কেটে ছোট ওড়নাগুলো ২০০-৪০০ টাকার মধ্যে পাওয়া যায়।
ছবি সৌজন্যে: নগরদোলা, চরকা, চন্দ্রবিন্দু, প্রবর্তনা, বিবিয়ানা
