২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে দেশীদশ

নিপুণ, কে ক্র্যাফট, রঙ, সাদাকালো, দেশাল, প্রবর্তনা, অঞ্জনস, বাংলার মেলা, বিবিয়ানা, নগরদোলা- এই দশটি প্রতিষ্ঠানের মিলিত প্রয়াস ‘দেশীদশ’।

লাইফস্টাইল ডেস্ক

প্রতিবেদক,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 02:53 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

দেশের তাঁত ও কারুশিল্প নিয়ে যেসব প্রতিষ্ঠান কাজ করে দেশীয় পোশাকে নিয়ে এসেছে পরিবর্তন, সেরকম ১০টি প্রতিষ্ঠান মিলে ২০০৯ সালে রাজধানীর বসুন্ধরা সিটির শপিং সেন্টারে যাত্রা শুরু করে ‘দেশীদশ’। এরপর চট্টগ্রামের ২০১০ সালে যাত্রা শুরু করে এটি। ধারাবাহিক সাফল্যে অনুপ্রাণিত হয়ে রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডের হাশিম টাওয়ারে উন্মোচিত হল ‘দেশীদশ’-এর আরেকটি আয়োজন।

এই উপলক্ষ্যে ১০ ফেব্রুয়ারি বিকালে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ব স্ব ক্ষেত্রে দেশবরেণ্য এগারজন একুশে পদক প্রাপ্ত সম্মানিত ‘দেশীদশ’-এর স্বজন ড. রফিকুল ইসলাম, ড. বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, সৈয়দ হাসান ইমাম, সৈয়দ শামসুল হক, হাসনাত আবদুল হাই, আলী যাকের, হাশেম খান, লায়লা হাসান, ড. মুনতাসীর মামুন, হামিদুজ্জামান খান ও ফাতেমা-তুজ-জোহরা।

অনুষ্ঠানের শুরু হয় জাতীয় সংগীত ও আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গান দুটি দিয়ে। এরপর গুণীজনদের উত্তরীয় ও সম্মাননা প্রদান করেন দেশীদশের কর্মকর্তাবৃন্দ। এছাড়া উপস্থিত গুণীজনেরা বিভিন্ন রঙ দিয়ে তুলির আঁচড়ে বাংলা অক্ষর এঁকে একটি ক্যানভাস রাঙিয়ে তুলেন। সেই সাথে চলে বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা। যদিও শেষ পর্যন্ত সবাইকেই বিজয়ী ঘোষণা করা হয়।

দেশীদশ এর উদ্যোক্তারা জানান, উদ্বোধনের দিন থেকেই গুলশানের এই শাখায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর পোশাক বিক্রয় শুরু হয়ে গেছে।