শীতে শিশুর যত্ন
ঠান্ডায় জ্বর ছাড়াও শিশুদের শরীরের তাপমাত্রা ওঠা-নামা করতে পারে।অনেক সময় ত্বকে দেখা দেয় ফুসকুড়ি।তাই শীতে বাচ্চাদের যত্নের জন্য আলাদ নজর দেওয়া উচিৎ।
এই বিষয় নিয়ে কথা হলো নিবেদিতা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ড.শরিফুল আলমের সাথে।তিনি বলেন, “শীতে শিশুদের সবচেয়ে বড় সমস্যা হলো সর্দি-কাশি। এ সময় হালকা গরম পানি দিয়ে তাদের গোসল করানো উচিৎ।অনেকে নবজাতককে নিয়মিত গোসল করান না।ফলে বাচ্চার গায়ে ফুসকুড়ি ওঠে এবং এর মধ্যে পুঁজ জমে যায়।সাধারণত জন্মের পর ২৮ দিন পর্যন্ত বাচ্চাকে নবজাতক বলা হয়।এদেরকে ৭২ ঘণ্টা পর্যন্ত গোসল না করানো উচিত।এরপর প্রতিদিন গোসল করানো যেতে পারে।অল্প শীতে হালকা ফ্যান ছেড়ে বাচ্চাকে ঘুমাতে দিলেও কোনো ক্ষতি নেই।শিশুর নাক যদি বন্ধ হয়ে যায় তবে লবণ পানির ড্রপ ব্যবহার করা যেতে পারে।এছাড়া বাজারে বাচ্চাদের উপযোগী ড্রপ কিনতে পাওয়া যায়।পাতলা কাপড় বা কটনবাড-এ দুই ফোঁটা লাগিয়ে নাক পরিষ্কার করা যেতে পারে।যদি কাশি হয় তবে ওষুধ ব্যবহার না করে ঘরেই প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা যেতে পারে।আধা কাপ গরম পানির সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস ও মধু বা তুলসী পাতার রস ও মধু মিশিয়ে খাওয়ানো যায়।জ্বর ১০০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠলে প্যারাসিটামল সিরাপ খাওয়ানো উচিত।১০২ ডিগ্রির ওপরে জ্বর উঠে গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসা নিতে হবে।এ ছাড়া তোয়ালে ভিজিয়ে বারবার শিশুর গা মুছিয়ে দিতে হবে।তবে বাচ্চার নিউমোনিয়া হয়েছে কি না সে বিষয়টিও খেয়াল রাখতে হবে।এ জন্যও চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
শীতের সময় শিশুকে প্রতিদিন সামান্য গরম পানি দিয়ে গোসল করালে ভালো হয়।গোসলের আগে তেল ব্যবহারের ক্ষেত্রে জলপাই-এর তেল ব্যবহার করলে ভাল। গোসলের পর বেবি লোশন ব্যবহার করা যেতে পারে।এ ছাড়া সপ্তাহে দুই থেকে তিন দিন সাবান এবং একদিন শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে।রাতে ঘুমানোর আগে গ্লিসারিনের সঙ্গে পানি মিশিয়ে শিশুর হাত-পায়ে লাগানো যেতে পারে।শীতে বাচ্চাদের খুব গরম কাপড় পরানোর দরকার নেই। মোটা সুতি কাপড় পরানো যেতে পারে।আঁটসাঁট বা উলের কাপড় পরালে শিশুর শরীর ঘেমে ঘামাচি উঠতে পারে।তবে ফ্লানেলের জামা পরানো যেতে পারে।রাতে গলায় ও মাথায় পাতলা কাপড় পেঁচিয়ে রাখলে ভালো হয়।তাহলে ঠান্ডা লাগার ভয় অনেকাংশেই কমে যাবে।তবে টুপি বা মোজা পরে শিশুকে কখনোই ঘুমাতে দেওয়া উচিত নয়। অনেক শিশু রাতে ঘুমানোর সময় বিছানা ভিজিয়ে ফেলে।ভেজা বিছানায় শুয়ে থাকলে শিশুর ঠান্ডা লাগার ভয় থাকে।তাই বাবা-মাকে অবশ্যই রাতে খেয়াল রাখতে হবে।এ সময়ে শিশুদের ঠান্ডা খাবার বিশেষ করে ফ্রিজে রাখা খাবার গরম না করে খাওয়ানো ঠিক নয়।
শীতকালে কিছু সাধারণ সমস্যা যেমন জ্বর, সর্দি, কাশি, হাঁপানী বেড়ে যায়।এজন্য ঘাবড়ে না গিয়ে চিকিৎসকের পরামর্শ নিন।এসময়ে শিশু যেন মেঝেতে খালি পায়ে না হাঁটে সেদিকে খেয়াল রাখতে হবে।শিশুর জন্য বাসায় ব্যবহার উপযোগী জুতা কিনতে পারেন।ঘরের মেঝেতেও কার্পেট অথবা মোটা কাপড় বিছিয়ে দিতে পারেন।তাহলে মেঝেতে বসে খেলা করলেও ঠান্ডা লাগবে না।
