২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নখের যত্ন

রূপচর্চা কেবল চেহারা, ত্বক আর চুলের সঙ্গেই জড়িত নয়, শরীরের প্রতিটি অংশের আলাদা যত্ন নেওয়াটাই হচ্ছে রূপচর্চা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিবেদক : মরিয়ম মনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 02:56 PM

Updated : 25 Apr 2022, 06:15 PM

 আর এ রূপচর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ হাত ও পায়ের যত্ন। এই অঙ্গগুলোর সৌন্দর্য নির্ভর করে সুন্দর গড়নের নখের ওপর। তাই এর পরিচর্যা খুবই জরুরি। একটু সময় করে এর যত্ন নিলে নিজেকে উপস্থাপন করা যায় আরও সুন্দর করে। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন বিউটি পার্লর ‘পারসোনা’র কর্ণধার রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান। তিনি বলেন, “নখ হলো এক ধরনের শক্ত কোষের সমষ্টি। নখের শক্ত বা নরমভাব নির্ভর করে নিজস্ব দৈহিক প্রকৃতির ওপর। তবে খাবারের সঙ্গে পরিমাণ মতো প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, পটাসিয়াম, আয়োডিন ও ভিটামিন ‘বি’ খেলে নখ সতেজ ও সুন্দর থাকে। নখের সুন্দর গড়নের জন্য সপ্তাহে অন্তত এক বার ম্যানিকিউর (হাতের নখের যত্ন) করা অবশ্যই দরকার। এছাড়া সপ্তাহে একবার ৩ চামচ অলিভ অয়েল সামান্য গরম করে হাতের চেটো এবং হাতের ও পায়ের আঙ্গুলগুলোতে ভালো করে মেখে নিয়ে ২০ মিনিট অপেক্ষা করে পানিতে ধুয়ে নিবেন। এতে হাতের চেটোর খসখসে ভাব থাকবে না এবং নখ অতিরিক্ত চকচকে ও শক্ত হয়ে উঠবে। যাদের নখ ভঙ্গুর তারা প্রতিদিন ২ চামচ খাবার জেলটিন এক কাপ ফলের রসের সঙ্গে মিশিয়ে মাস খানেক খেলে যথেষ্ট উপকার পাবেন। তবে এ ধরনের উপায় স'ায়ী নাও হতে পারে। প্রতিদিন লোশন, অলিভ অয়েল, ক্রিম বা কিউটিকল সফট নামের যে কোন একটি উপাদান সামান্য পরিমাণে নখে লাগিয়ে তুলা দিয়ে নখের গোঁড়ায় সমান করে দিবেন। এর ফলে নখ অনেক দিন ভালো থাকবে। সুন্দর করে নখ কাটার জন্য কাঁচি বা ব্লেড ব্যবহার না করাই ভালো। কারণ এতে নখ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস থাকলে আজই তা ত্যাগ করুন। এতে নখের আকার বা গড়ন কখনো সুন্দর থাকে না। নখ কাটার জন্য ধারালো নেইল কাটার ব্যবহার করাই উত্তম।

ম্যানিকিউর

ম্যানিকিউর আসলে হাতের আঙ্গুল ও নখ পরিষ্কার রাখার একটি পদ্ধতি মাত্র। বাজারে এখন ম্যানিকিউর করা জন্য যন্ত্রপাতির সেট কিনতে পাওয়া যায়। যা দিয়ে আপনি সহজেই ম্যানিকিউরের কাজটি করতে পারেন। এছাড়া কিছু সাধারণ জিনিস যা সচরাচর ঘরে থাকে তা দিয়েও করতে পারেন নখের পরিচর্যা। যেমন: নেইলবার্নিশ, তুলা, হ্যান্ডক্রিম, নেইলফাইল, কিউটিকল অয়েল, সল্ট, নেইলব্রাশ, নেইলকাটার ও বাফার।

ম্যানিকিউর করার পদ্ধতি

ফ্রেঞ্চ ম্যানিকিউর

ফ্রেঞ্চ ম্যানিকিউর হচ্ছে নখের আসল রঙটি হাইলাইট বা আরও উজ্জ্বল করা। নখের মাথায় সাদা বা যেকোনো রঙ লাগানো। তবে ফ্রেঞ্চ ম্যানিকিউরের স্বাভাবিক রূপ ছাপিয়ে এখন একাধিক রঙের মিশ্রণ জনপ্রিয়।

অ্যাক্রিলিক নেইল

বিভিন্ন রঙে রাঙানো একধরনের নকল নখ। যা ফ্যাশনে নতুন সংযোজন। আঠা বা গাম দিয়ে অ্যাক্রিলিক নেইল আসল নখের ওপর এমনভাবে সেট করা হয়, মনে হবে আসল নখের উপরেই বিভিন্ন রঙ দিয়ে নকশা করা হয়েছে।

নকল নখ (ফেইক নেইল)

সাধারণ নখের মতই দেখতে এই ফেইক নেইল বা নকল নখ। যাদের নখ রাখতে সমস্যা বা বড় করলে নখ ভেঙ্গে যায়, তারা ফেইক নেইল লাগাতে পারেন। ফেইক নেইল সাধারণত সাদা ও যেকোনো আকারের হয়। প্রথমে আঙুলের সঙ্গে মিলিয়ে নখের মাপ নিয়ে নকল নখটি কেটে ফাইল করুন। এবার নেইল গাম দিয়ে নখের ওপর লাগান। চাইলে নেইলপলিশও লাগাতে পারেন।

নখের আকৃতি

নখ সব সময় মাঝারি লম্বা রাখুন। নেইলপলিশ লাগাতে সুবিধা হবে। নখের দৈর্ঘ্য যাই হোক না কেন, তা যেন আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানায়। এখন স্কয়ার শেইপ বা চৌকো আকৃতির নখ বেশ জনপ্রিয়।

নখ সুন্দর রাখতে

নখ সুন্দর রাখতে মাসে একবার ম্যানিকিউর করান।

নখে পেইন্ট বা অন্য কিছু লাগানোর পর নেইলপলিশ পাতলা করে লাগান।

নেইল পেইন্ট করার স্থানে যেন আলো-বাতাস থাকে।

তাড়াতাড়ি শুকানোর জন্য ড্রায়ার ব্যবহার করবেন না।

নখ দাঁত দিয়ে কাটবেন না, নেইলকাটার দিয়ে কেটে ফাইল করুন।

দীর্ঘদিন একই নেইলপলিশ থাকলে নখ হলুদ হয়ে যায় এবং উজ্জ্বলতা নষ্ট হয়।

খাওয়া শেষে নখের কোনায় লেগে থাকা খাবার ভালো করে পরিষ্কার করুন।

ছবি সৌজন্যে : পার্সোনা হেয়ার এন্ড বিউটি লিঃ