২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কমবয়সী’ মোনালিসা প্রদর্শনী!

ইতালিয় চিত্রকর লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ‘মোনালিসা’র আগের একটি সংস্করণ প্রদর্শন করা হচ্ছে জেনেভায়; যাতে একই ভঙ্গিমার মোনালিসার তূলনামূলক কম বয়স ফুটে উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 03:34 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

জেনেভা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইতালিয় চিত্রকর লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ‘মোনালিসা’র আগের একটি সংস্করণ প্রদর্শন করা হচ্ছে জেনেভায়; যাতে একই ভঙ্গিমার মোনালিসার তূলনামূলক কম বয়স ফুটে উঠেছে। বৃহস্পতিবার এ চিত্রকর্মের প্রদর্শনী হওয়ার কথা। আয়োজকদের দাবি, এ ছবিটিই বিশ্বের সবচেয়ে বিখ্যাত শিল্পকর্ম ‘মোনালিসা’র মূল সংস্করণ। সুইজারল্যান্ড-ভিত্তিক মোনালিসা ফাউন্ডেশন জানিয়েছে, তিন দশক ধরে পরিপূর্ণ গবেষণায় স্পষ্টতই প্রমাণিত হয়েছে যে, এ সংস্করণটি ভিঞ্চির আঁকা মোনালিসার প্রথম দিকের চিত্রকর্ম। ফাউন্ডেশনের সদস্য ও অঙ্কনশিল্প ইতিহাসবিদ স্ট্যানলি ফেল্ডম্যান বলেছেন, “সম্ভাব্য সব দৃষ্টিকোণ থেকে আমরা এ চিত্রকর্মটি যাচাই করেছি এবং প্রাপ্ত তথ্য অনুযায়ী যে কোন দিক থেকেই এটি ল্যুভর জাদুঘরে রাখা লিসা ঘেরারদিনির চিত্রকর্মটির প্রারম্ভিক সংস্করণ।” ১৬ শতকে ইতালির এক অভিজাত ব্যক্তি ফ্রান্সেসকো দেল গিয়াকোন্ডো তার স্ত্রী ঘেরারদিনির চিত্রকর্ম তৈরির জন্য লিওনার্দোকে অনুরোধ করেন। কিন্তু লিওনার্দো ওই নারীর ছবি আঁকার পর সেগুলো আর তাকে দেননি। আয়োজকরা বলছেন, ল্যুভর জাদুঘরে যে ছবিটি আছে তা ত্রিশের কোঠায় পা দেয়া এক নারীর প্রতিচ্ছবি। আর জেনেভায় যে চিত্রকর্মটি প্রদর্শন করা হচ্ছে তাতে বিশের কোঠায় পা দেয়া নারীর ছবি ফুটে উঠেছে। দুটি ছবিতেই একই ভঙ্গিমায় হাসছে মোনলিসা । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/বিসিএস/২০৫৭ঘ.