বেইজিং, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময় প্রাথমিক স্কুল ছাড়তে বাধ্য হয়েছিল ছেলেটি। এরপর মাঠে গবাদি পশু চরানোই ছিল তার কাজ, ক্ষুধার জ্বালায় খেতে হয়েছে গাছের বাকল, আগাছা। সেই ছেলেটিই এ বছরের সাহিত্যে নোবেল বিজয়ী মো ইয়েন।
শৈশবের সেই দিনগুলোই অনুপ্রেরণা যুগিয়েছে ইয়েনকে- প্রতিবাদী হয়ে উঠেছেন দুর্নীতি, চীনের সামাজিক অবক্ষয়, পরিবার পরিকল্পনা নীতি ও গ্রামীণ জীবন নিয়ে।
‘রেড সোরঘাম’ উপন্যাসের লেখক ৫৭ বছর বয়সী ইয়েন বলেছেন, “একাকীত্ব ও ক্ষুধার ভাগ্য বরণ করেই আমার এ সৃষ্টি।”
তিনিই চীনের প্রথম ব্যক্তি যিনি সাহিত্যে নোবেল পেলেন। অবশ্য ইয়েনের নোবেল জয় চীনের জন্য একইসঙ্গে আনন্দ ও উদ্বেগের।
মো ইয়েন লেখকের ছদ্মনাম, চীনা ভাষায় যার অর্থ “চুপ থাকো”। তার কলম চুপ না থাকায় নিষিদ্ধ হয়েছে ‘বিগ ব্রেস্টস এন্ড ওয়াইড হিপস’ ও ‘দ্য রিপাবলিক অব ওয়াইন’ এর লেখকের বেশ কয়েকটি বই।
কলম্বিয়ার গ্যাব্রিয়েল গার্সিকা মার্কুয়েজ, যুক্তরাজ্যের ডি.এইচ. লরেন্স ও যুক্তরাষ্ট্রের আর্নেস্ট হেমিংওয়ের সাহিত্যে প্রভাবিত ইয়ান তার অনেক বইয়ে অলীক কল্পনা ও ব্যাঙ্গাত্মক কাহিনী রচনা করেছেন। যার মধ্যে বেশ কিছু লেখাকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে ‘উসকানিমূলক ও কুরুচিপূর্ণ’।
রেড সোরঘাম উপন্যাসে ইয়েন চীনে কমিউনিস্ট শাসনের শুরুর দিনগুলোতে কৃষকদের দুর্দশা তুলে ধরেছেন। এ নিয়ে ছবিও নির্মাণ করেছেন অস্কার-মনোনীত পরিচালক ঝাং ইমোউ।
চীনের দেশীয় বাজারে বই নিষিদ্ধ হওয়ার মানে হচ্ছে সেদেশের লেখকরা বই লেখাকে জীবীকা নির্বাহের অবলম্বন করতে চাইলে তাকে সাবধানেই পা ফেলতে হবে।
এ প্রসঙ্গে ইয়েনের উক্তি, সমাজের অন্ধকার দিক এবং মানবপ্রকৃতির কুৎসিত দিক নিয়ে একজন লেখকের সমালোচনা করা এবং ক্ষোভ প্রকাশ করা উচিত।
“অনেকেই হয়ত রাস্তায় নেমে গলা ফাটিয়ে প্রতিবাদ জানাতে চাইবে। কিন্তু যারা ঘরে বসে সাহিত্যের মধ্য দিয়ে নিজের মতামত তুলে ধরে তাদের প্রতি সহিষ্ণুতা দেখানো বাঞ্ছনীয়,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১২ঘ.
bdnews24