২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিএইচডি-এমবিএ ডিগ্রি নিয়ে আবেদন পিয়ন হতে!

দক্ষিণ এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ ভারতে চাকরির বাজার যে ভালো নয়, তার প্রমাণ মিললো একটি পিয়নের চাকরির জন্য পিএইচডি, এমবিএ ডিগ্রিধারীদের আবেদন দেখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 10:34 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনমোহন সিং রাঠোর, কম্পিউটার বিজ্ঞানে এমফিল ডিগ্রি রয়েছে এ যুবকের। সাংবাদিকতায় একটি ডিগ্রিও রয়েছে তার। এখন শিক্ষকতা করছেন বেসরকারি একটি স্কুলে। মারাঠী যুবা মহমোহনও আবেদন করেছেন চাকরির জন্য। চাকরিটি হলো পিয়নের। শুরুতে মাস গেলে বেতন ৪ হাজার ৭০০ রুপি। তা বেড়ে ৭ হাজার রুপি পর্যন্ত হতে পারে। ভারতের অর্থনীতি এগিয়ে গেলেও তা যে যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারছে না, তা স্পষ্ট হলো মনমোহনের কথায়। "আমার কয়েকটি বড় ডিগ্রি রয়েছে সত্যি, কিন্তু চাকরির নিশ্চয়তা কোথায়? এ চাকরিটি তো সরকারি। পেলে হাঁফ ছেড়ে বাঁচবো", বললেন তিনি। রাজস্থানের উদয়পুরের মোহন লাল সুখাডিয়া ইউনিভার্সিটি পিয়নের ১৫টি পদের জন্য চাকরির বিজ্ঞাপন দিয়ে ৩ হাজার আবেদনপত্র পেয়েছে। আবেদনপত্রগুলো পর্যবেক্ষণ করে এনডিটিভি দেখেছে, আবেদনকারীদের মধ্যে পিএইচডি, এমবিএ ডিগ্রিধারীও রয়েছে। পিয়নের চাকরির জন্য এত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের আবেদনে বিস্ময় প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য আই ভি ত্রিবেদী। তিনি জানালেন, এ পদে এমন যোগ্যতার প্রার্থীদের আবেদন আগে কখনো দেখেননি তিনি। চাকরিপ্রার্থীরা বলছেন, এ চাকরিটি সরকারি বলে পেনশনসহ অন্য সুবিধাগুলোর নিশ্চয়তা থাকে। তাই পদ ছোট হলেও তা লোভনীয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১০০ ঘ.