২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'কৃষি খাতের ৭২ শতাংশ নারী শ্রমিক অবৈতনিক'

কৃষি খাতে নিয়োজিত নারী শ্রমিকের ৭২ শতাংশই অবৈতনিক বলে দাবি করেছে একটি বেসরকারি সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 04:05 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি খাতে নিয়োজিত নারী শ্রমিকের ৭২ শতাংশই অবৈতনিক বলে দাবি করেছে একটি বেসরকারি সংস্থা। এদেরকে 'পারিবারিক নারী শ্রমিক' হিসেবে উল্লেখ করে গবেষণা সংস্থা ক্যাম্পেইন ফর সাস্টেইন্যাবল রুরাল লাইভলিহুডস (সিএসআরএল) বলছে, জাতীয় আয় পরিমাপে এদের অবদান অন্তর্ভুক্ত না করায় অর্থনীতিতে নারীর অবদান স্বীকৃতি পায়নি। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে 'কৃষিতে রাষ্ট্রীয় ক্রমবর্ধমান প্রণোদনার সুবিধা কিষাণী বান্ধব করা প্রয়োজন' শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন সিএসআরএলের সমন্বয়কারী ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক শরমিন্দ নীলোর্মি। এতে বলা হয়, অর্থনৈতিক কার্যক্রমে গত এক দশকে এক কোটি ৩০ লাখ বাড়তি শ্রম শক্তি যুক্ত হয়েছে, যার ৫০ লাখ নারী। ২০০২-২০০৩ সালের তুলনায় বর্তমানে কৃষি-বন-মৎস্যখাতে পুরুষ শ্রমিকের অংশগ্রহণ কমেছে ১০ দশমিক চার শতাংশ। ১৯৯৯-২০০০ সময়কাল থেকে ২০০৫-২০০৬ সময়কালে এইসব খাতে নারী শ্রমিকের সংখ্যা বেড়েছে ৪০ লাখ। গবেষণায় আরো বলা হয়, কৃষিখাতে নারী শ্রমিকের সংখ্যা বাড়লেও ১৯৯৯-২০০০ থেকে ২০০৫-২০০৬ সময়কালে উৎপাদনমূখী শিল্পে নারীর অংশগ্রহণ কমেছে ছয় দশমিক সাত শতাংশ। রাষ্ট্রীয় স্বীকৃতি না থাকায় এসব কিষাণী প্রণোদনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে কিষাণীর শ্রমের রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে কৃষক কার্ডের পাশাপাশি 'কিষাণী কার্ড' দেওয়ার দাবি জানানো হয়। সভার কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শতকত মোমিন শাহজাহান জানান, সরকার এক কোটি ৮২ লাখ কৃষকের মধ্যে 'কৃষক কার্ড' বিতরণ করেছে। এই কার্ডের মাধ্যমে ৯২ লাখ কৃষক ব্যাংকের সহায়তা পাচ্ছেন। কিষাণীদের কার্ড দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে জানান তিনি। সেন্টার ফর গ্লোবাল চেঞ্জের আয়োজনে 'নারীর কৃষিকথা: কৃষাণীর শ্রমের রাষ্ট্রীয় স্বীকৃতি' শীর্ষক মতবিনিময় সভায় সেন্টার ফর গ্লোবল চেঞ্জ'র নির্বাহী পরিচালক আহসান উদ্দিন আহমেদ, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য রুহিন হোসেন প্রিন্সসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২২০৬ ঘ.