হুমায়ূন রেজা
ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১ সাল যেন নক্ষত্র পতনের বছর! পৃথিবীকে বাসযোগ্য করার চেষ্টায় প্রযুক্তি, সঙ্গীত ও শিল্পকলায় প্রতিভার প্রবাহ সৃষ্টি করেছিলেন যারা; ঠিক যেন এবছরকেই হিসেবে ধরে সেসব নক্ষত্র একে একে বিদায় নিচ্ছেন। মাত্র ক'দিন আগেই শাম্মী কাপুর চলে গেলেন। তার ঠিক পিছনে পিছনেই যেন চললেন উপমহাদেশের প্রখ্যাত গজল গায়ক জগজিৎ সিং। যাকে ডাকা হতো 'গজল সম্রাট' বলে।
৭০ বছর বয়সে ভারতের মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে মারা যান জগজিৎ সিং। ২৩ সেপ্টেম্বর তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়, এরপর গত সপ্তাহে ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) রাখা হয়েছিলো তাকে।
জগজিৎ জন্মেছিলেন রাজস্থানে, ১৯৪১ সালের ৮ ফেব্র"য়ারি। বাবা অমর সিং এবং মা বচন কাউরের ১১ সন্তানের ভেতরে জগজিৎ ছিলেন তৃতীয়। ছোট একটি সরকারি বাড়িতেই শুরু হয়েছিলো ভবিষ্যতের এই গজল সম্রাটের শৈশবের। যেখানে না ছিলো পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা না বিদ্যুতের। তবু এই পেছনের মফস্বলের এক কোনেই বাবার উৎসাহে গানের পথে হাঁটার শুরু জগজিৎ-এর। বাবা যেন তার ভেতরে সাক্ষাৎ ভবিষ্যৎকেই দেখতে পেয়েছিলেন। বাড়িতে সঙ্গীতের পরিবেশ ছিলো, যখন বাড়ির প্রাথমিক তালিম প্রায় শেষ; সেসময় জামাল খান নামের একজন তাকে বাড়িতে এসে গান শেখাতে শুরু করেন।
এক সাক্ষাৎকারে জগজিৎ বলেছিলেন- "এরপর থেকেই আমি স্কুলের প্রার্থনা সঙ্গীতে অংশ নিতে শুরু করেছিলাম। জানুয়ারির ২৬ তারিখ আর অগাস্টের ১৫ তারিখের অনুষ্ঠানগুলোতে জাতীয় সঙ্গীত গাইতাম। আমার গানই আমাকে সবার মাঝে বিশেষ করে তুলেছিলো।"
যদি গায়ক হিসেবে প্রতিষ্ঠা না পেতেন সেক্ষেত্রে কি হতেন? এমন এক প্রশ্নের জবাবে জগজিৎ বলেছিলেন- বাবা চেয়েছিলেন সরকারি আমলা হই! ভাগ্যিস হাল ছাড়েন নি জগজিৎ সিং! হাল ছাড়ার কথাটি একারণেই যে, আশৈশব তালাত মেহমুদ, লতা মুঙ্গেশকর কিংবা হেমন্ত কুমারের স্বপ্ন দেখা বালক জগজিৎ যখন কৈশোর ডিঙ্গোচ্ছেন, কলেজে উঠেছেন সেসময় অল ইন্ডিয়া রেডিওতে এক অডিশন দিয়েছিলেন, কিন্তু ভবিষ্যতের গজল সম্রাট সে অডিশনের চৌকাঠ ডিঙ্গোতে পারেন নি! একবারে না পারলেও হাল ছাড়েন নি জগজিৎ। অবশেষে অল ইন্ডিয়া রেডিও তাকে বরণ করেছিলো। আর তার গান বাতাসে ভাসতেই জলন্ধরের একজন ছোটখাটো সেলিব্রেটি বনে গিয়েছিলেন জগজিৎ।
জগজিৎ তাঁর স্মৃতিচারণে একবার বলেছিলেন, "বেঁচে থাকার লড়াই আমাকে আরো শাণিত করেছে।" ছাত্রজীবনের একটা সময় কেটেছে তার শের ই পাঞ্জাব হোস্টেলে। ৩০ টাকা গুণতে হতো সেই হোস্টেলের এক রুমের এককোনে; আরো তিনজনের সঙ্গে শেয়ার করে থাকার জন্য! একবার টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে এক আলাপচারিতায় জানিয়েছিলেন, "সেই ছিলো আমার জীবনের শ্রেষ্ঠ সময়!" আমার বন্ধু বেড়েছিলো, জুয়া খেলতে শিখেছিলাম... জন্মদিনের অনুষ্ঠানে গান গাইতাম... সুখী ছিলাম আমি!"
এরপর তার যাত্রা ক্রমশ গজলের সপ্তমাকাশে। প্রথমে ছোটখাটো গজলের অনুষ্ঠানে অংশ নিতেন। সঙ্গীত পরিচালকদের কাছে ক্রমশ পরিচিত মুখ হয়ে উঠছিলেন তিনি। কিন্তু গজল সম্রাটের সিংহাসনটি তখনো অধরা। গায়ক নেবার বেলায় সেই পরিচালকরা তখন খুঁজতেন তাদের লোকজনদের। গজলই তাঁকে খুঁজে দিয়েছিলো তাঁর ভালোবাসার মানসীকে, এর মাঝেই পরিচয় ঘটেছিলো বাঙালী মেয়ে চিত্রা সিং এর সঙ্গে; তখন চিত্রা সিং হন নি, জিঙ্গেল গাইতেন। বিবাহিতা চিত্রার স্বামী চালাতেন একটা স্টুডিও। তার সঙ্গে জিঙ্গেলে কণ্ঠ দিতে শুরু করেন জগজিৎ। এভাবেই আবেগ ছড়ায় কণ্ঠ থেকে হৃদয়ে। পরস্পরের প্রতি ভালোবাসার সংযোগ কিন্তু সেই গজলই। এই সুরই কিন্তু জগজিৎকে রাজস্থান থেকে টেনে এনে ফেলেছে বাঙালী চিত্রার শ্যামলিম ভালোবাসায়।
চিত্রার স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর ১৯৬৯ এর ডিসেম্বরে বিয়ে করেন জগজিৎ সিং আর চিত্রা। চিত্রা'র আগের পক্ষের মেয়ে মনিকাকে নিয়ে ওয়ার্ডেন রোডের ছোট্ট এক রুমের একটি বাড়িতে সংসার শুরু হয় গজল দুনিয়ার জনপ্রিয়তম জুটি জগজিৎ-চিত্রা সিং এর।
১৯৭১ সালে জগজিৎ-চিত্রা দম্পতির ঘরে আসে একটি পুত্র সন্তান, যার নাম রেখেছিলেন বিবেক। ১৯৭৬ সাল। এবছরই জগজিৎ আর চিত্রা সিং এর প্রথম লং প্লেইং রেকর্ড বা এলপি অ্যালবাম 'আনফরগটেব্যলস' প্রকাশিত হয়। এর পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি জগজিৎ সিংকে। তুমুল ব্যবসা, জনপ্রিয়তা, ছবিতে গান গাওয়ার অফার সব যেন রাজস্থানের ঊষর জমিতে প্লাবনের ঢলের মতোই নেমে আসে।
উপমহাদেশের সঙ্গীতাকাশে মেহেদি হাসান, নূর জাহান, বেগম আখতার এবং তালাত মেহমুদ; যিনি ছিলেন জগজিৎ এর আশৈশব স্বপ্নের তারকা, সেই একই আকাশে নক্ষত্র হয়ে জ্বলে ওঠেন তিনি। প্লেব্যাক করেন প্রেমগীত (১৯৮১ সাল), সাথ সাথ, মহেশ ভাটের ডেব্যু ফিল্ম আর্থ (১৯৮২), টিভি সিরিজ মির্জা গালিব (১৯৮৮) এবং কাহকাশান (১৯৯১)।
৫ যুগের এই দীর্ঘ সময়ে জগজিৎ এর এ পর্যন্ত ৮০ টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। ২০০৩ সালে ভারত সরকারের সর্বোচ্চ খেতাব পদ্মভূষণ এ সম্মানিত এই শিল্পী গত চারদশক ধরে একাধারে হিন্দি, পাঞ্জাবি, উর্দু, বাংলা, গুজরাটি, সিন্ধি ও নেপালি ভাষায় গান শুনিয়ে আসছেন উপমহাদেশের শ্রোতাদের।
গজলের জনপ্রিয়তার জন্য জগজিৎ এর ভূমিকা অসামান্য। ভারতীয় গজলের জটিলতর গায়কির ঘেরাটোপ থেকে তাকে সহজিয়া সুরের এক অসামান্য জনপ্রিয়তায় পৌঁছে দিয়েছেন তিনি; মেলবন্ধন ঘটিয়েছেন গীত এবং গজলের। লেখক-সাংবাদিক খুশবন্ত সিং একবার বলেছিলেন- 'জগজিৎ মেহেদি হাসানের চেয়েও ভালো গান আর দেখতে দিলীপকুমারের চেয়েও সুশ্রী!'
কন্ঠের সুর দিয়ে যেন বিশ্ব জয়ই করেছেন এই জুটি, পৃথিবীর বিভিন্ন দেশে এ জুটির সবগুলো কনসার্টের টিকেট আগাম ফুরোতো। এ যেন সুরের অশ্বমেধ যজ্ঞ! গজল উপমহাদেশের গন্ডি ডিঙ্গিয়েছিলো জগজিৎ-চিত্রা সিং এর হাত ধরেই। লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলের লাইভ কনসার্টটি এ জুটিকে চিনিয়েছিলো বিশ্বের সঙ্গীতবোদ্ধাদের। যদিও আনফরগটেব্যলকেই জগজিৎ-চিত্রার উত্থানের মুহূর্ত ধরা হয়; কিন্তু অনেক সঙ্গীত বিশেষজ্ঞই বলেন, গীতিকার গুলজারের মির্জা গালিবের ওপর নির্মিত টেলি সিরিজে এ জুটির কাজটিই তাদের সেরা কাজ।
১৯৯০ এ জগজিৎ এর একমাত্র পুত্র বিবেক এক সড়ক দুর্ঘটনায় মারা যায়। তখন বিবেকের বয়স মাত্র ১৯ বছর। এরপরই স্থায়ী এক অন্ধকারের দেয়াল উঠে যায় এ জুটির জীবনে। যদিও এরপরও থেমে থাকেন নি জগজিৎ। কিন্তু তার স্ত্রী সুকন্ঠী চিত্রা পুত্রশোকে গান গাওয়াই ছেড়ে দেন।
পুত্র বিবেকের মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে জগজিৎ বলেছিলেন, "ভাগ্য চুরি করে নিয়ে গিয়েছিলো আমাদের সন্তান বিবেককে, চিত্রা গান গাওয়া ছেড়ে দিলো, সে এরপর আধ্যাত্মিকতায় খুঁজতো বিবেককে। আর আমি; তার তালাশ করতাম আমার গানে, আমার সঙ্গীতে।" আমৃত্যুু তারই তালাশে গানে গানে আকাশ ভরিয়েছেন জগজিৎ। এমনকি তাঁর নশ্বর দেহত্যাগেও সে প্রবাহ থেমে যায় নি!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচআর/১৫২০ ঘ.
bdnews24