আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঈদ উপলক্ষে নতুন পোশাকের পাশাপাশি আতর কেনার ধুম পড়েছে।
রাজধানীর বায়তুল মোকাররম, চকবাজার ও মিটফোর্ডে সুগন্ধি বাজারে সরেজমিনে এ চিত্র দেখা গেছে।
ঈদের দিন যতই এগিয়ে আসছে বিভিন্ন ধরনের আতরের বিক্রিও তত বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, দেশি শাহী দরবার আতর বিক্রি হচ্ছে বেশি। দাম কম হওয়ায় ক্রেতারা এ আতর কেনার প্রতি ঝুঁকছে বেশি।
বছরের অন্যান্য সময়ের চেয়ে ঈদের দিন আতর ব্যবহার বেশি হয়। এজন্য নিজের পছন্দ মতো আতর কিনতে আতরের দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা।
বায়তুল মোকাররম মার্কেটের আতর বিক্রেতা মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত বছরের তুলনায় এবার আতরের বিক্রি বেশি। দাম কম হওয়ায় ক্রেতারা দেশি শাহী দরবার আতর কিনছেন বেশি।"
তিনি জানান, দেশি শাহী দরবার আতর ৪০ থেকে ৬০ টাকা, রজনীগন্ধা ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সৌদি আরবের তৈরি আল ফারিজ, বিলকিস, জেসমিন, রেডরোজ, সুলতান, সিলভার, সিক্রেটম্যান, সাফসাফা, গোল্ডেন, রোজহেন আতর বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০টাকা দরে।
হল্যাণ্ডের জান্নাতে ফেরদৌস, ওয়ানম্যান শো, মুনড্রপ, ফ্যান্টাসিয়া, ব্র"ট, রোমান্স আতর ১১০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ভারতের মুম্বাইয়ের আতরফুল, ফাওকি, মুজমা ২০ থেকে ১০০ টাকা দরে, কস্তুরি ৫০০ থেকে ১০০০টাকা, ফেরদৌস দরবার ৪০০ টাকা, শ্যামাতুল আম্বর (পাঁচ তোলা) ২৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া রাজধানীর বিভিন্ন ফুটপাতে হকাররাও দেশি-বিদেশি আতর বিক্রি করছে।
চকবাজারের মোহাম্মদিয়া পারফিউমারি হাউজের বিক্রেতা মোহাম্মদ কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশি আতরের পাশাপাশি ভারতের ফেরদৌস দরবার বিক্রি বেশি হচ্ছে।"
আতর ক্রেতা পোশাক ব্যবসায়ী শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি সারা বছরই আতর ব্যবহার করি। তবে ঈদের দিন বেশিরভাগ মানুষকে আতর ব্যবহার করতে দেখা যায়।"
অপর এক ক্রেতা আহমেদ আলী বলেন, "ঈদের দিনটি বিশেষ দিন। ইসলাম ধর্ম অনুযায়ী আতর ব্যবহার করা সুন্নত। সে দৃষ্টিভঙ্গি থেকে আতর ব্যবহার করি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১১৩১ ঘ.
bdnews24