ভিয়েনা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----অস্ট্রিয়ার এক নারীকে তার বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানে হাজির হয়ে প্রমাণ করতে হয়েছে যে সে বেঁচে আছে।
ক্রিস্টিন নামের ওই নারীর মৃত্যুর পর তার চুক্তি সম্পর্কে কি সিদ্ধান্ত নেয়া হবে-- এ মর্মে কোম্পানিটি তার কাছে চিঠি পাঠালে ঘটনাটি সবার নজরে আসে।
দৈনিক অস্ট্রিয়া পত্রিকা বৃহস্পতিবারের সংখ্যায় খবরটি জানিয়েছে।
অস্ট্রিয়ার তৃতীয় বৃহত্তম শহর লিনজ ভিত্তিক কোম্পানি ক্রিস্টিনকে লেখা এক চিঠিতে জানায়, তারা ক্রিস্টিনের ব্যাংক সূত্রে তার মৃত্যু সংবাদ জেনেছে।
এরপর ৫৮ বছর বয়সী ক্রিস্টিন আর. ফ্যাক্সে এবং ই-মেইলে কোম্পানিকে লিখে পাঠান, 'আমি মারা যাইনি'।
ঘটনাটি ব্যাখ্যা করে তিনি জানান, তার প্রতিবেশী মারা গেছে। ওই প্রতিবেশীই ছিলেন তার তত্ত্বাবধায়ক।
পরে ক্রিস্টিন সশরীরে কোম্পানীটির কাস্টমার সেন্টারে হাজির হয়ে প্রমাণ করেন যে তিনি মারা যাননি।
কোম্পানির একজন মুখপাত্র বলেন, দুর্ভাগ্যবশত একটা ভুল হয়ে গেছে। কাগজপত্রে গন্ডগোলের কারণে এরকম একটি চিঠি ক্রিস্টিনের কাছে চলে গেছে। তবে এখন ঝামেলা মিটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২০৫৫ ঘ.
bdnews24