২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারাতে বসা জলের নৌকা

বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যবাহী কাঠের নৌকা শিল্প ও এর সঙ্গে জড়িয়ে থাকা সংস্কৃতি সংরক্ষণে ঢাকায় শুরু হচ্ছে মাসব্যাপী 'ঐহিত্যবাহী নৌকা' প্রদশর্নী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2010, 04:16 PM

Updated : 24 Aug 2022, 07:41 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যবাহী কাঠের নৌকা শিল্প ও এর সঙ্গে জড়িয়ে থাকা সংস্কৃতি সংরক্ষণে ঢাকায় শুরু হচ্ছে মাসব্যাপী 'ঐহিত্যবাহী নৌকা' প্রদশর্নী। জাতীয় যাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে ২৩ মার্চ থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান 'ফ্রেন্ডশীপ'-এর নির্বাহী পরিচালক রুনা খান এতথ্য জানান। এ বি ব্যাংকের আর্থিক সহযোগিতায় প্রদশর্নীতে ঐতিহ্যবাহী নৌকার ছোটো সংস্করণ (মডেল), নৌকা তৈরির কলা কৌশল এবং এর সঙ্গে জড়িতদের জীবন-জীবিকার বিষয়গুলো প্রদর্শিত হবে। রুনা খান বলেন, ''নদীমাতৃক বাংলাদেশের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ কাঠের নৌকা। ৮০-এর দশকে চীনা ডিজেল ইঞ্জিন ব্যবহারের ফলে বাংলাদেশে পাল তোলা কাঠের নৌকা তৈরির শিল্প আজ হারিয়ে যাওয়ার পথে। এই ঐতিহ্যবাহী শিল্পকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সংরক্ষণে এগিয়ে আসতে হবে।'' এ বিষয়ে তিনি গণমাধ্যমের সহযোগিতাও চান। নৌকা শিল্প সংরক্ষণে দেশে-বিদেশে কয়েকটি প্রদর্শনী করেছে ফ্রেন্ডশীপ। ইউরোপে চারটি প্রদর্শনী হয়েছে। এর মধ্যে প্যারিসের 'মেরীটাইম জাদুঘর' ও 'সেল নটিক দি প্যারিস'-এ। লিখিত বক্তব্যে রুনা খান জানান, গয়না, সরঙ্গা, ডিংগী, পাতাম, কোসা, মালার, সাম্পানসহ বাংলাদেশের নদী ও বঙ্গোপসাগরে ৫০-এর বেশি পাল তোলা কাঠের নৌকা নির্মাণ হতো।'' সংবাদ সম্মেলনে এ বি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক শামীম এ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কর্পোরেট এফেয়ার্স জাবেদ তারিক, ফ্রেন্ডশীপ-এর উপদেষ্টা ইভ মার, পরিচালক এহসানুল হক ও 'তাড়াতাড়ি শিপইয়ার্ড'-এর তাজুল মজুমদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২০৯ ঘ.