২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘটনার ঘনঘটায় দশম সূর্য উৎসব

দল বেঁধে নতুন বছরের প্রথম সূর্যোদয় দেখা হলেও 'অভিযাত্রীদের' সুন্দরবন দেখা বা 'বনের সঙ্গে পরিচয়ের' কথা পুরোপুরি রাখতে পারেনি সূর্য উৎসবের আয়োজনকারী বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2010, 05:17 PM

Updated : 24 Aug 2022, 06:03 PM

জান্নাতুল ফেরদৌস, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা ৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দল বেঁধে নতুন বছরের প্রথম সূর্যোদয় দেখা হলেও 'অভিযাত্রীদের' সুন্দরবন দেখা বা 'বনের সঙ্গে পরিচয়ের' কথা পুরোপুরি রাখতে পারেনি সূর্য উৎসবের আয়োজনকারী বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন। তবে অন্য সব কারণের কথা মাথায় রেখেও বলতে ইচ্ছে করছে বিজ্ঞান (এবং স্বাভাবিকভাবেই আয়োজকরা) ভাগ্যে বিশ্বাস না করলেও এর পেছনে যেন এক ধরণের দুর্ভাগ্যই জড়িয়ে ছিল। একাধিকবার দিক নির্দেশক পাইলট আর গাইড বদল করেও দিক হারানোর দুঃখে ভাগ্যের সান্ত্বনার প্রলেপ মাখা ছাড়া আর কী-ই বা করা যায়! কটকাকে মনে করা হয় আয়তনের হিসেবে বিশ্বের সবচেয়ে বাঘবহুল স্থান। সেই কটকার বিশ মিনিট দূরে হঠাৎ-হাজির চরে আটকে থেকে দীর্ঘনিঃশ্বাস ফেলতে হয়েছে আয়োজক এবং অংশগ্রহণকারীদের সবাইকে। দেখা হয়েছে হিরণ পয়েন্ট আর দুবলার চরের মতো বনের প্রত্যন্ত কোণও। কিন্তু পথ-হারানো আর চরে আটকানোর কারণে সময়ে টান পড়ে যায়। নামা হয়নি এসব প্রধান গন্তব্যের কোনোটিতেই। শেষ পর্যন্ত বনবিভাগের করমজল কেন্দ্রে গিয়ে দুধের স্বাদ ঘোলে মেটানোর সুযোগ হয়। প্রথমবার সুন্দরবনে যাওয়াদের জন্য সেটাও কম ছিল না। আর মংলা ছাড়িয়ে যাওয়ার পর থেকেই মাইলকে মাইল, ঘন্টার পর ঘন্টা যে সবুজ বনের বেষ্টনী, আদিগন্ত নদী আর তার খোলা হাওয়া তা-ও কম মুগ্ধ করার মতো নয়। কটকা নামতে না পেরে রেগে কাঁই হয়েছেন বোধহয় সবাই। আবার ব্যাপারটা ঘোষিত 'অ্যাডভেঞ্চার' বলে অনেকের মধ্যে এক ধরণের প্রস্তুতিও ছিল। তাই হতাশার সাগরে ডুবেও রিয়াল অ্যাডভেঞ্চার স্পিরিটে কাউকে গাইতে শোনা যায়, 'পথ হারাবো বলেই এবার পথে নেমেছি'। সব অপ্রাপ্তির খেদ ভুলে যেতে সাহায্য করেছিল নতুন গড়া বন্ধুত্বও। ঢাকায় ফিরে অভিযাত্রী দলের পরস্পরের কাছ থেকে বিদায় নেবার দৃশ্য আসলেই ছিল মন খারাপ করিয়ে দেওয়ার মতো। গোল একটু বেধেছিল গোড়া থেকেই। আয়োজনকারীরা যাত্রা শুরুর বেঁধে দেওয়া সময়সীমা ঠিক রাখতে পারেননি। এ ধরণের বড়সড় ভ্রমণে তা খুব অপ্রত্যাশিত হয়তো নয়। কিন্তু পাক্কা নয়টি উৎসবের মোটের ওপর সফল আয়োজকদের কাছে আরো একটু সময়ানুবর্তিতা আশা করা বোধহয় অন্যায় হবে না। প্রায় দু'ঘন্টা দেরি করে 'পারাবত-১' ৩০ ডিসেম্বর ঠিক দুপুর দু'টো দশ মিনিটে সুন্দরবনের উদ্দেশে ঢাকা ছাড়ে। টোকেন দেখিয়ে লাইন ধরে খাবার নেওয়াসহ নানা ছোটখাটো ঝক্কি-ঝামেলা অভিযাত্রীরা মোটামুটি ভালোভাবেই মেনে চলেছেন। চা-খোরদের জন্য দিনে বেশ কয়েকবার ফ্রি চা ছিলো বাড়তি পাওনা। অভিযাত্রীদের মধ্যে ছিলেন নানা ধরণের নানা বয়সের মানুষ। সবাই কমবেশি অ্যাডভেঞ্চারের টানে আসেন। ছয় ভাগ্নে-ভাগ্নি নিয়ে যোগ দেওয়া পঞ্চাশোর্ধ তরুণ মামা আশরাফুল আলম থেকে দেড় বছর বয়সী শিশু আতিফ ছিল অভিযাত্রী দলে। যাদের জীবনে নদীপথে যাত্রা খুব একটা হয়নি তাদেরতো যাত্রার শুরুতে বুড়িগঙ্গার চরম দূষিত পানির গন্ধও নাকে লাগছিলো না। যেন শুধু শেষ পর্যন্ত নদীতে ভাসতে পেরেই তারা মহাখুশি। তার ওপর বিখ্যাত সুন্দরবন দেখা, বাঘ মামার সাথে অতি দুর্লভ মোলাকাতের সম্ভাবনা আর টেলিস্কোপে আকাশের সব তারার নাড়ী-নক্ষত্র জানার মতো আরো কত মধুর স্বপ্নে যে বিভোর ছিলেন তারা তার ইয়ত্তা নেই। অনেকেই ছিলেন সুন্দরবন সংক্রান্ত বিভিন্ন তথ্য বিনিময় করতে ব্যস্ত। কেউ কেউ মহা-উৎসাহে ডুবে ছিলেন ম্যাপ আর গাইড বইয়ে। জ্ঞান অর্জনের পাশাপাশি অভিযাত্রীদের মধ্যে জ্ঞান জাহিরের নির্দোষ মতলবও যে এর পেছনে কাজ করেছে তার প্রমাণ দিয়েছেন অনেকেই। কারো সঙ্গী আবার লুডু, সৈয়দ মুজতবা আলীর জলে-ডাঙায় বা গোয়েন্দা কাহিনী। সূর্য উৎসবের 'ভেলা' পারাবত ১ এর ওপরে টাঙানো হয়েছিল চমৎকার একটি পাল। সবুজ-হলুদ এই পালে আঁকা ছিল ইনকা সভ্যতার সূর্য দেবতা কনটিকির মুখাবয়ব। অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মশহুরুল আমিন ব্যাখ্যা করলেন এই নামকরণের সার্থকতা। থর হেয়ারডালের কনটিকি নামের নৌকা গড়ে সভ্যতাসমূহের যোগসূত্র বিষয়ক গবেষণার স্মরণেই পালের এই নকশা। অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন বলেছে জীববৈচিত্র্য, সাংস্কৃতিক বৈচিত্র্য ও বনের সঙ্গে পরিচয়, মঙ্গলের প্রত্যাশায় বছরের নতুন সূর্যকে দল বেঁধে স্বাগত জানানো ও টেলিস্কোপে আকাশ দেখা এই ছিলো এবারের ভ্রমণের উদ্দেশ্য। সাধারণভাবে সংগঠনটির সূর্য উৎসবের উদ্দেশ্য বিজ্ঞানমনস্কতা ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার পাশাপাশি দেশের দর্শনীয় স্থানগুলো সবাইকে দেখানো এবং ভ্রমণে-বিশেষ করে অ্যাডভেঞ্চারে- আগ্রহ বাড়ানো। ৩১ ডিসেম্বর মধ্যরাতে নদীর জলে মঙ্গল প্রদীপ ভাসিয়ে পুরনো বছরকে বিদায় জানানো হয়। ঢেউ আর বেয়াড়া বাতাস নানা রঙের কাগজে মোড়ানো শিল্পী রাশেদ আর রিয়াজের তৈরি প্রদীপগুলোকে অবশ্য বেশিক্ষণ তিষ্ঠোতে দেয়নি। একটি শিশু অশুভের প্রতীক একটি কুদর্শন মুখোশ পুড়িয়ে আবাহন করে শুভকে। হিরণ পয়েন্টের পর পথ হারিয়ে সাগর মোহনার চরে আটকে বিপদে পড়ে যায় অভিযাত্রীরা। কেউই বুঝতে পারছিলোনা আসলে লঞ্চের অবস্থান কোথায়। কম্পাসের অবশ্য অভাব ছিলোনা। কিন্ত গাইড নিজেই বিভ্রান্ত! যাত্রার তৃতীয় দিনে এ ঘটনা। দুপুর প্রায় সাড়ে বারোটায় লঞ্চ ভাটার কারণে হঠাৎ জেগে ওঠা চরে আটকে পড়ে। জোয়ার আসবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। তো কি আর করা। তিনদিন লঞ্চবন্দি যাত্রীরা প্রায় সবাই মাটি ছোঁয়ার লোভে একে একে নেমে পড়েন মহা উৎসাহে। চলে ধুন্ধুমার ফটোসেশন আর দাপাদাপি। ঝলমলে রঙিন কাপড় দিয়ে পুরো চরে করা হয় চোখ জুড়ানো এক স্থাপনা শিল্প। আঁধার ঘনিয়ে এলে হয় ছোট ক্যাম্পফায়ার। কার্যত অভিযানের 'থিম সং' এ পরিণত হওয়া মমতাজ এর 'পাঙ্খা' গানের নামে কেউ কেউ মজা করে চরের নাম দিয়ে ফেলেন 'পাঙ্খা চর'। আট ঘন্টা পর সাড়ে নয়টায় লঞ্চ ছাড়লে স্বস্তি ফিরে আসে সবার। চরে আটকে পড়া ও পথ হারিয়ে ফেলায় আয়োজকদের পরিকল্পনায় বেশ কিছু রদবদল করতে হয়। গভীর ও প্রত্যন্ত এ বনের অনেক অংশেই মোবাইল ফোনের নেটওয়ার্ক নেই। সঙ্গে যাওয়া সংবাদমাধ্যমের লোকজনও তাই উৎসবের খবর বা ছবি সবাই পাঠাতে পারেননি সময়মতো। অভিযাত্রীদের সুন্দরবনে পা ফেলার সুযোগ দিতে ফেরার পথে নামা হয় মংলার অদূরের করমজলে। বনবিভাগের করমজল প্রজনন কেন্দ্রটি ২০০২ সালে প্রতিষ্ঠা করা হয়। গত পাঁচ বছরে এখানে ১২৮ টি কুমির প্রজনন করা সম্ভব হয়েছে। ডেপুটি রেঞ্জার আব্দুর রবের কাছ থেকে জানা গেলো সেখানে এখন শুধু লোনা পানির কুমির প্রজনন করা হয়। ধীরে ধীরে ঘড়িয়াল এবং অন্য প্রজাতির কুমির প্রজননের চেষ্টা করা হবে। সুন্দরবনে গাছ চুরি আর বাঘ-হরিণ চোরাশিকার নতুন কিছু নয়। করমজল এ ক্ষেত্রে যোগ করেছে নতুন মাত্রা। এখানে স