ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন বছরের ফিকে আকাশ রং পাল্টাতেই রমনার বটমূলে ১৪১৬ সালের প্রত্যাশার সূর্য চক চক করছিল যেন। বর্ষবরণের ঢোল বেজে উঠেছে, আরো একবার সহজাত সঙ্গী সেই রবীন্দ্রনাথ। 'এসো হে বৈশাখ, এসো এসো' গেয়ে ছায়ানটের শিল্পীদল বরণ করে নিল নতুন বাংলা বছর। রাজধানীর বিভিন্ন উৎসবকেন্দ্র থেকে জানাচ্ছেন সুুমন মাহমুুদ, সুমন মাহবুব, রিয়াজুল বাশার, মোস্তাক আহমেদ ও গোলাম মর্তুজা অন্তু
জীর্ণ, পুরাতন সব মুছে দিয়ে নতুনের কেতন উড়িয়ে এসেছে বৈশাখ। নানা আয়োজনে রাজধানীসহ সারাদেশ মেতে ঊঠেছে তারই আবাহনে।
মঙ্গলবার ভোরে রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীতে শুরু হয় বর্ষবরণের পর্ব। প্রায় চারদশক ধরে চলে আসা ছায়ানটের এ অনুষ্ঠান আর বর্ষবরণ হয়ে উঠেছে সমার্থক। ঢাকার পয়লা বৈশাখের পয়লা প্রহরে সব পথ তাই গিয়ে মেলে রমনায়।
রমনা আর বিশ্ববিদ্যালয় এলাকায় তাই গিজগিজ ভিড়। বেলা বাড়লেই অবধারিত প্রচণ্ড গরম তারপরও বর্ষবরণের উৎসবে শামিল হওয়ার উৎসাহে কমতি নেই।
অতীতের জঙ্গিবাদী সন্ত্রাসী হামলার কথা মাথায় রেখে এবার বর্ষবরণ অনুষ্ঠানকে ঘিরে রয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। নিরাপত্তার কড়াকড়ি স্বাচ্ছন্দ্যে একটু বাগড়া দিলেও বৃহত্তর সুবিধার কথা ভেবে দৃশ্যত যুগের এই বাস্তবতা মেনে নিতে শিখে যাচ্ছেন সবাই।
নারী-পুরুষ-শিশুর পরনে হলুদ রঙের ছোঁয়াই বেশি ছিল। বৈশাখের প্রতীক হয়ে ওঠা লাল পেড়ে সাদা শাড়িরও কমতি ছিল না। বর্ষবরণের এই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন ঢাকায় অবস্থানরত বিদেশীরাও। এদের মধ্যে ছিলেন ব্রিটিশ, অস্ট্রেলিয়া, কানাডাসহ বেশ কয়েকটি দেশের নাগরিকরা।
একই সঙ্গে ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরসহ রাজধানীর নানাস্থানে হচ্ছে ছোট বড় বিভিন্ন আয়োজন।
'জাগো- আলো কুলো গুণে', 'জাগো মহা প্রাণে জাগো', 'এসো হে বৈশাখ, এসো এসো', আবাহন সঙ্গীতের মধ্য দিয়ে ছায়ানটের অনুুষ্ঠান শুরু হয়।
ছায়ানটের এ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুুল মাল আবদুল মুহিত, সংগঠনের অন্যতম কর্ণধার সানজিদা খাতুন, শিল্পী-সংগঠক সারোয়ার আলী, খায়রুল আনাম শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
ছায়ানটের এক সময়ের শিক্ষক মাহমুদুর রহমান বেনু সেই ১৯৭৩ সালের পর এবারই প্রথম এলেন বর্ষবরণ অনুষ্ঠানে। স্বাধীনতার অল্প সময় পরই বিদেশে চলে যান তিনি। তার অনুভূতি, মুখ দেখেই বোঝা গেলো একেবারে অন্যরকম। "এটা বাঙালি জাতির প্রাণের অনুষ্ঠান", বললেন শেকড়ের টানে ছুটে আসা বেনু।
অর্থমন্ত্রী আবুল মাল মুহিত বলেন, ''ছায়ানটের এ অনুষ্ঠান আমাদের স্বাধীনতার পরিচয় বহন করে। '৭২ সাল থেকে এ অনুষ্ঠানে আসছি, যখনই ঢাকায় থাকি। এবারও তার ব্যতিক্রম হয়নি।"
সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক বললেন, ''বাঙালির এই অনুষ্ঠান আমাদের জাতির পরিচয়। নতুন বছর শুভ কামনার মধ্য দিয়ে মানবতার জয় হোক। সব অশুভ শক্তির বিনাশ হোক-এ কামনা করি।"
ছায়ানটের অনুষ্ঠানের পর নগরবাসীকে সবচেয়ে টানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের মঙ্গল শোভাযাত্রা। সকাল ৯টার দিকে চারুকলা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়। বরাবরের মতোই হাতি, প্যাঁচা, কুমিরসহ বিশাল বিশাল সব প্রতিকৃতি ও মুখোশ নিয়ে সে শোভাযাত্রা ছিল রঙে রঙিন। শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার মানুষ। মঙ্গল শোভাযাত্রাটি দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়।
রমনা পার্কে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের পাশাপাশি এর আশপাশ ও সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন সংগঠনের অনুষ্ঠান ও মেলা চলবে প্রায় দিনভর। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের দিনব্যাপী অনুষ্ঠান চলবে।
সকাল থেকে শিশু একাডেমী, মুক্তিযুদ্ধ জাদুঘর, শিল্পকলা একাডেমী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র, কেন্দ্রীয় শহীদ মিনার, বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমী, জাতীয় প্রেসক্লাবসহ পুরো রমনা এলাকায় নানা অনুষ্ঠান চলছে।
নববর্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ বিভিন্ন স্থানে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে আনাচে কানাচে জমবে খ্যাত-অখ্যাত অসংখ্য মেলা। এসব মেলায় চারু ও কারু পণ্যের পসরা বসবে।
নববর্ষ উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি র্যাব, পুলিশের বিশেষায়িত দল সোয়াট ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে।
রমনা পার্কের ভেতরে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ, পাঁচটি পর্যবেক্ষণ টাওয়ার ও ১৩টি চেক পোস্ট বসানো হয়েছে। রাজধানী ঢাকায় প্রায় সাড়ে ৬ হাজার নিরাপত্তা কর্মী দায়িত্ব পালন করছেন।
এদিকে নববর্ষ উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে সকালে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার শুরুতে আব্দুর রাজ্জাক নতুন বছরের শুরুতে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে সাংবাদিকদের বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার অনেক আগেই হওয়া উচিত ছিল। কিন্তু হয়নি। এই বিচার হবেই। এজন্য জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/আরবি/এমএ/জিএমএ/এজে/জিএনএ/এসকে/১১৫২ঘ.
bdnews24