ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশীদের আয়োজনে আগামী ৩ নভেম্বর 'ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড' দেওয়া হবে।
যুক্তরাজ্যে অবস্থিত রেস্টুরেন্টগুলোর মধ্যে সেরাদের এ অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা দেওয়া হবে। লন্ডনের ব্যাটারসী পার্ক এর দ্য ব্যাটারসী ইভুলেশন এ ষষ্ঠবারের মতো আয়োজিত এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে রেস্টুরেন্ট ব্যবসায় জড়িতরা ছাড়াও মন্ত্রী, মেয়রসহ দুই হাজারের বেশি বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অনুষ্ঠানের প্রচারকাজের দায়িত্ব পালনকারী বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রধান উপদেষ্টা অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার এসব জানান।
অধ্যাপক ফারহাত আনোয়ার জানান, বাংলাদেশের শাইনপুকুর সিরামিকস লিমিটেড এ অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছে। এর মাধ্যমে বিদেশের বাজারে দেশী একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং করার সুযোগ তৈরি হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশীদের আয়োজিত এ পুরষ্কার শুধু যুক্তরাজ্য নয়, পুরো বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
যুক্তরাজ্যের 'কারি রেস্টুরেন্ট' হিসেবে পরিচিত অধিকাংশ উপমহাদেশীয় খাদ্যের রেস্তোরাঁর মালিক ও কর্মীরা বাংলাদেশী। কয়েক যুগ ধরে অভিবাসী বাংলাদেশীরা সেখানে এ শিল্প গড়ে তুলেছেন। বর্তমানে যুক্তরাজ্যে এ ধরণের সাড়ে ১২ হাজার রেস্তোরাঁ রয়েছে যেগুলোতে এক লাখ লোক কাজ করছে। এ খাত থেকে বছরে সাড়ে তিন শ' কোটি পাউন্ড আয় হয়।
বাংলাদেশে জন্মগ্রহণকারী এনাম আলী ২০০৫ সালে 'ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড' পুরষ্কার চালু করেন।
সংবাদ সম্মেলনে শাইনপুকুর সিরামিকসের প্রধান নির্বাহী রিজভি উল করিম জানান, এ অনুষ্ঠানের মাধ্যমে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখা সম্ভব বিবেচনা করে তার প্রতিষ্ঠান এটি পৃষ্ঠপোষকতা করতে এগিয়ে এসেছে।
তিনি বলেন, বাংলাদেশে উৎপাদিত সিরামিকস পণ্যের ৮০ ভাগই বিদেশে রপ্তানী হয়। এ অনুষ্ঠান বাংলাদেশী অন্য পণ্যের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এটিএন বাংলার অতিরিক্ত ভাইস-প্রেসিডেন্ট তাসিক আহমেদ বলেন, এটিএন বাংলা যুক্তরাজ্যে এ অনুষ্ঠান সরাসরি স
bdnews24