ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'কালারস অফ থাই কুইজিন' শিরোনামে রাজধানীর ওয়েস্টিন হোটেলে সোমবার শুরু হয়েছে থাই ফুড ফেস্টিভ্যাল।
ওয়েস্টিন হোটেল ও থাই দূতাবাসের যৌথ উদ্যোগে উৎসবটি চলবে আগামী রোববার পর্যন্ত।
ওয়েস্টিন হোটেলের টেস্ট রেস্টুরেন্টে উৎসব উদ্বোধন করেন হোটেলের মহাব্যবস্থাপক স্টিফেন আর ম্যাসে ও বাংলাদেশে থাইল্যান্ডের রাষ্ট্রদূত শালের্মপল থানচি।
হোটেলের জনসংযোগ বিভাগের পরিচালক মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তৃতীয়বারের মতো আয়োজিত এ উৎসবে থাইল্যান্ডের একশর বেশি খাদ্যসম্ভার রয়েছে।"
উদ্বোধনী অনুষ্ঠানে থাই রাষ্ট্রদূত বলেন, উৎসবটি বাংলাদেশ ও থাইল্যান্ডের সর্ম্পকোন্নয়নে ভূমিকা রাখবে। দু'দেশের সম্পর্কের ৩৬ বছর উদযাপনের সময়েই এবারের উৎসবটি আয়োজিত হচ্ছে।
উৎসবের শেষ দিন রোববার ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ ও থাইল্যান্ডের বৈদেশিক সম্পর্কের ৩৬ বছর উদযাপন অনুষ্ঠান হবে বলে জানান তিনি।
উৎসব উপলক্ষে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ওয়েস্টিন হোটেলে পরিবেশিত হবে ঐতিহ্যবাহী থাই নৃত্য। এতে অংশ নিতে ঢাকায় এসেছেন থাইল্যান্ডের ছয় তরুণী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/এসএনডি/এমএইচবি/২১২৪ ঘ.
bdnews24