২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউইয়র্কে বইমেলার ১৭ বছর উপলক্ষে বাংলা উৎসবের প্রস্তুতি চলছে

নিউইয়র্কের জ্যামাইকায় বইমেলার ১৭ বছর পূর্তি উপলক্ষে বাংলা উৎসবের ব্যাপক প্রস্তুতি চলছে। আগামী ২৭, ২৮ ও ২৯ জুন জ্যামাইকার দি মেরিলুইস একাডেমী মিলনায়তনে তিনদিনব্যাপী বইমেলা ও বাংলা উৎসবের আয়োজন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজক মুক্তধারা ফাউন্ডেশন জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2008, 02:59 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, ২০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নিউইয়র্কের জ্যামাইকায় বইমেলার ১৭ বছর পূর্তি উপলক্ষে বাংলা উৎসবের ব্যাপক প্রস্তুতি চলছে। আগামী ২৭, ২৮ ও ২৯ জুন জ্যামাইকার দি মেরিলুইস একাডেমী মিলনায়তনে তিনদিনব্যাপী বইমেলা ও বাংলা উৎসবের আয়োজন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজক মুক্তধারা ফাউন্ডেশন জানিয়েছে। অনুষ্ঠানমালায় রয়েছে বইমেলা ও বাংলা উৎসব প্যারেড। ২৭ জুন শুক্রবার বিকেল ৫টায় জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিট এবং ৩৭ রোড এর কর্ণারে জমায়েত শুরু হবে। এই র‌্যালীতে শিল্পী, লেখক, সাহিত্যিক, সাংবাদিক ও প্রকাশক ছাড়াও প্রবাসী বাঙালিরা অংশগ্রহণ করবেন। বইমেলা উদ্বোধন করবেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। প্যারেডে অংশগ্রহণকারী শিশু ও কিশোরদের যেমন খুশি সাজো প্রতিযোগিতা হবে। শনিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও বাংলা লিখন প্রতিযোগিতা। অনুষ্ঠানমালায় থাকছে রবীন্দ্র সংগীত, নজরুল গীতিসহ বিভিন্ন ধরণের সঙ্গীত, নাটক, চলচ্চিত্র প্রদর্শনী, নৃতানুষ্ঠান, আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, লেখক-পাঠক মুখোমুখি ও আলোচনা । বিশিষ্ট অতিথি শিল্পী ছাড়াও নিউইয়র্ক ও নিউজার্সির বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এতে অংশ নেবে। শনি ও রোববার অনুষ্ঠান চলবে সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত। বাংলা উৎসবে বিভিন্ন প্রকাশনা সংস্থা ছাড়াও ঢাকা ও কলকাতা থেকে শাড়ি-কাপড়-হস্তশিল্পজাত পণ্য উৎপাদন ও বিপননকারী বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। নিউইয়র্কের মুক্তধারা, বার্ড প্রকাশন, শব্দগুচ্ছ, মোনা বুকসার্ভিস-এর বইয়ের স্টল থাকছে। অনুষ্ঠান উপলক্ষে ৭টি হোটেলে রয়েছে ডিসকাউন্টে থাকার ব্যবস্থা। এছাড়া খাবার দাবারের থাকছে ৪টি স্টল। বইমেলা ও উৎসব উপলক্ষে প্রকাশিত হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত ৮০ জন লেখকের লেখা সমৃদ্ধ স্মারকগ্রন্থ। এবারের থিম 'বইমেলা'। বাংলাদেশের বইমেলা, পশ্চিমবঙ্গের বইমেলা, ফ্রাংকফুর্টের বইমেলা ও বিশ্ব বইমেলায় বাংলা বইয়ের শুভযাত্রা, উত্তর আমেরিকা বইমেলাসহ পৃথিবীর বিভিন্ন দেশের বাংলা বইমেলা এবং বইবিষয়ক তথ্যসমৃদ্ধ লেখা থাকবে এতে। প্রায় ৩০০ পৃষ্ঠার এই স্মারকগ্রন্থটি বইমেলায় পাওয়া যাবে। দুই বাংলার লেখক-সাহিতিকদের মধ্যে মেলা ও উৎসবে যোগ দিচ্ছেন হাসান আজিজুল হক, সুনীল গঙ্গোপাধ্যায়, এখলাস উদ্দিন আহমেদ, রফিক আজাদ, সাহিদা বেগম, ফজলুল আলম, জ্যোতিপ্রকাশ দত্ত ও দিলারা হাশেম। পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, টিভি চ্যানেল এটিএন বাংলার চেয়ারমান মাহফুজুর রহমান ও চানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এতে যোগ দিচ্ছেন। প্রকাশকদের মধ্যে থাকবেন আগামী প্রকাশনীর ওসমান গনি, সময় প্রকাশনের ফরিদ আহমেদ, অনন্যার মনিরুল হক, দে'জ প্রকাশনার শুধাংশু শেখর দে, সাহিত্যমের প্রদীপ সাহা। এছাড়া শিল্পীদের মধ্যে থাকবেন ফরিদা পারভীন, রেজওয়ানা চৌধুরী বন্যা, বাপ্পী লাহিড়ী, এসআই টুটুল, সুদেষ্ণা বসু, গাজী আবদুল হাকিম, ইভা রহমান,নকুল কুমার বিশ্বাস ও এটিএন তারকা রেজওয়ানসহ অনেকে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২০৪৪ঘ.