ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রোহের তূর্য বাজিয়ে, মানবতা আর সাম্যের জয়গান গেয়ে তার উত্থান। ব্রিটিশ শাসনে শৃঙ্খলিত ভারতবর্ষকে মুক্তির গান শুনিয়েছেন কাজী নজরুল ইসলাম। পরিচয় বড় যার বিদ্রোহী কবি নামেই। তার বর্ণাঢ্য জীবনের বিস্তারিত সঞ্জয় দের কলমে।
বাংলাদেশের জন্মের পর জাতীয় কবির রাষ্ট্রীয় খেতাব মিললেও জীবনের ঊষালগ্নেই তার কণ্ঠে বেজেছে শোষকের কারাপ্রকোষ্ঠ ভাঙার দুঃসাহস।
নিঃসঙ্কোচ নজরুলের অকপট উচ্চারণ- "আমি বিদ্রোহ করেছি- বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে- যা মিথ্যা কলুষিত, পুরাতন-পচা সেই মিথ্যা, সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। হয়ত সব কথা মোলায়েম করে বলতে পারিনি, তলোয়ার লুকিয়ে তার রূপার খাপের ঝকমকানিটাকেই দেখাইনি- এইতো আমার অপরাধ। এরই জন্য তো আমি বিদ্রোহী।"
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার সদম্ভ দ্রোহের আহ্বান অনুরণন তুলেছিল বাঙালি তথা সমগ্র ভারতীয় সমাজ। চির তরুণ সেই দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১০৯তম জন্মবার্ষিকী রোববার।
"তোরা সব জয়ধ্বনি কর
তোরা সব জয়ধ্বনি কর
ঐ নূতনের কেতন ওড়ে কাল বোশেখীর ঝড়।'
বৈশাখের হঠাৎ ঝড়ে পরাধীনতা, গ্লানি আর হতাশাকে উড়িয়ে দেওয়ার আহ্বান জানানো কাজী নজরুল ইসলামের জন্ম গ্রীষ্ম ঋতুরই আরেকটি মাস জ্যৈষ্ঠে। ১৮৯৯ সালের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
নজরুলের লেখনীর আঘাতে কেঁপে উঠেছিল শাসকদের মসনদ। ভগবান বুকে পদচিহ্ন এঁকে দেওয়ার প্রচণ্ড সাহসে তার নির্ভীক উচ্চারণ-
"আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদ-চিহ্ন;
আমি স্রষ্টা-সুদন; শোক-তাপ হানা খেয়ালী বিধির বক্ষ করিব ভিন্ন।
আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেবো পদ-চিহ্ন!
আমি খেয়ালী বিধির বক্ষ করিব ভিন্ন।"
রবীন্দ্রবলয়ের মধ্যে থেকেও বিদ্রোহী চেতনায় তিনি ছাড়িয়ে গেছেন রবীন্দ্রনাথকেও। 'কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কর রে লোপাট..' এমন সাহসী উচ্চারণ কেবল তার পক্ষেই সম্ভব। তার ব্যতিক্রমী কবিতা আর গান খুলে দেয় ত্রিশের দশকে বাংলা সাহিত্যে আধুনিক কবিতা ও সঙ্গীত সৃষ্টির পথ। গানের জগতের বুলবুল হিসেবে খ্যাত নজরুল সৃষ্টি করেন বাংলা গানের সম্পূর্ণ নতুন একটি ধারা- বাংলা গজল। নতুন নতুন শব্দ আর ছন্দের ব্যবহারে তিনি সবসময় ভেঙেছেন পুরনো সব রীতিনীতি।
নজরুলের ডাক নাম দুখু মিয়া। বাস্তব অর্থেই দুঃখভরা তার জীবন। বাবা কাজী ফকির আহমেদ ছিলেন মসজিদের ইমাম এবং মাজারের সেবক। নজরুলের জন্মের আগেই মারা যান তিনি। ছোটবেলা থেকেই জীবনযুদ্ধে নামতে হয় নজরুলকে। পাশাপাশি গ্রামের মক্তবে পড়াশোনা করে নিম্ন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন।
এরপরই লেটোর দলে যোগ দেওয়ার মাধ্যমে তার কবি জীবনের শুরু। সেখানে যে তিনি শুধু পালাগানই রচনা করেছেন তা নয়, অভিনয়ের খাতাতেও নাম লেখান। তাৎক্ষণিকভাবে গান ও কবিতা লেখার হাতেখড়িটাও হয় তার সেখানেই।
লেটোর জন্য কাজ করার সময়ই তিনি রচনা করেন বেশ পুরান নির্ভর কয়েকটি নাটক।
১৯১০ সালে লেটোর দল ছেড়ে দিয়ে নজরুল আবার ভর্তি হন বর্ধমান জেলার রাণীগঞ্জ সিয়ারসোল রাজ স্কুলে। সেখান থেকে চলে যান মাথরুন হাই ইংলিশ স্কুলে। পড়াশোনা করতে থাকেন ওই স্কুলের প্রধানশিক্ষক ও কবি কুমুদ রঞ্জন মল্লিকের তত্ত্বাবধানে। কিন্তু আর্থিক কারণে ষষ্ঠ শ্রেণী পর পড়াশোনায় ইস্তফা দিয়ে তিনি প্রথমে কবিয়াল দলে ও পরে এক খ্রিস্টান রেলওয়ে গার্ডের খানসামা পদে এবং শেষে আসানসোলে চা রুটির দোকানে কাজ নেন।
এ সময়ই তার পরিচয় হয় ময়মনসিংহের এক দারোগার সঙ্গে। ১৯১৪ সালে তিনি সেই দারোগার সঙ্গে চলে আসেন ময়মনসিংহে। আবারও পড়াশোনা শুরু করেন ত্রিশালের দরিরামপুর স্কুলে। সেখানে তিনি অন্যান্য বিষয়ের পাশাপাশি বাংলা, সংস্কৃত, আরবি, ফার্সি সাহিত্য ও উচ্চাঙ্গ সঙ্গীতের ওপর পাঠ নিতে শুরু করেন। দশম শ্রেণীতে পড়ার সময় তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে পুরোপুরি ইস্তফা দিয়ে যোগ দেন ভারতীয় সেনাবাহিনীতে। সেটা ১৯১৭ সালের ঘটনা। চারদিকে বাজছে প্রথম মহাযুদ্ধের দামামা। ৪৯ বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে তিনি চলে যান করাচি। যুদ্ধের মধ্যেই তিনি শুরু করেন তার আনুষ্ঠানিক সাহিত্যচর্চা।
কর্পোরাল থেকে হাবিলদার পদে উন্নীত নজরুল সেই সময়ে প্রচুর পড়াশোনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ফার্সি কবি হাফিজ, রুমি, ওমর খৈয়াম কোনোকিছুই বাদ দেননি। ফার্সি কবিতা শিখেছিলেন নিজ রেজিমেন্টেরই এক পাঞ্জাবি মৌলভীর কাছ থেকে।
১৯১৯ সালের মে মাসে তার 'বাউণ্ডুলের আত্মকাহিনী' প্রকাশিত হয়। কবিতা 'মুক্তি' প্রকাশিত হয় বাংলা মুসলমান সাহিত্য পত্রিকায় ১৯১৯ সালের জুলাই মাসে। ১৯২০ সালে তিনি সেনাবাহিনীর চাকরি ছেড়ে দেন নজরুল। তারপর কলকাতায় শুরু হয় সাংবাদিক জীবন। সে সময় বিভিন্ন লেখা পত্রিকায় প্রকাশিত হলে সাহিত্যানুরাগীদের মনোযোগের কেন্দ্রে চলে আসেন তিনি। ১৯২০ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস 'বাঁধনহারা'। এরপর প্রকাশিত কাব্যসংকলন 'বোধন', 'শাত--ইল--আরব', 'খেয়া পারের তরণী' তাকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যায়।
সাহিত্যিক পরিমণ্ডলে কাজ করার সুবাদে ধীরে ধীরে তার যাতায়াত শুরু হয় কলকাতার লেখক, কবি আর বুদ্ধিজীবীদের আড্ডাখানায়। ১৯২১ সালের অক্টোবরে মুহম্মদ শহীদুল্লাহকে সঙ্গে করে নজরুল শান্তিনিকেতনে যান রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে। প্রথম দেখাতেই বিশ্বকবির সঙ্গে আন্তরিক সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি।
১৯২১ সালের ১৮ জুন নজরুল বিয়ে করেন কুমিল্লার দৌলতপুরের বিখ্যাত প্রকাশক আলী আকবর খানের নাতনি নার্গিসকে।
সে সময় ব্রিটিশবিরোধী অসহযোগ আন্দোলনে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন নজরুল ইসলাম। অন্যান্য সাহিত্য চর্চার পাশাপাশি পরাধীনতার বিরুদ্ধে গান ও কবিতা রচনা শুরু করেন। ১৯২২ সালে প্রকাশিত হয় তার বিখ্যাত কবিতা 'বিদ্রোহী'।
১৯২২ সালের ১২ আগস্ট নজরুল প্রকাশ করেন 'ধুমকেতু' নামের একটি পত্রিকা। কিন্তু ব্রিটিশ শাসকগোষ্ঠীকে তীব্র কটাক্ষ করে 'আনন্দময়ীর আগমনে' কবিতা ছাপার পর পত্রিকাটির সেই সংখ্যা নিষিদ্ধ করা হয়। সে বছরই তার 'যুগবাণী' বাজেয়াপ্ত হয় এবং তিনি গ্রেপ্তার হন। পরে আরও কয়েকবার বিভিন্ন প্রকাশনার জন্য তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
১৯২১ সালে কুমিল্লায় বেড়াতে গেলে নজরুলের সঙ্গে সাক্ষাৎ হয় প্রমীলা দেবীর। তারপর থেকেই তাদের নিয়মিত যোগাযোগ একসময়ে প্রেমের সম্পর্কে গড়ায়। ১৯২৪ সালের ২৫ এপ্রিল তারা বিয়ে করেন।
চারদিকে তখন কলের গানের জয়-জয়কার। নজরুল তখন দুহাতে গান লিখতে শুরু করেন। কাজ করতেন রেডিও ও রেকর্ড কোম্পানিতে। ১৯২৮ সালে হিজ মাস্টার্স ভয়েসে গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক নিযুক্ত হন। তার লেখা ও সুর করা গান প্রচারিত হতে থাকে রেডিওতে এবং প্রকাশিত হতে থাকে রেকর্ড আকারে। ১৯৩৪ সালে যুক্ত হন চলচ্চিত্রের সঙ্গে।
চল্লিশের দশকের শুরু থেকে জটিল বিভিন্ন রোগে আক্রান্ত হতে শুরু করেন এই বিদ্রোহী কবি। একপর্যায়ে বাকশক্তি হারান তিনি। বন্ধ হয়ে যায় তার লেখনী।
বাংলাদেশ স্বাধীনের পর ১৯৭২ সালের ২৪ মে অসুস্থ কবি ও তার পরিবারকে নিয়ে আসা হয় ঢাকায়। বাংলা সাহিত্যে তার অবদানস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর বিশেষ সমাবর্তনের মাধ্যমে তাকে সম্মানসূচক 'ডিলিট' উপাধিতে ভূষিত করে। ১৯৭৬ সালে তাকে 'একুশে পদক' দেওয়া হয়। সে বছরই ২৯ আগস্ট তৎকালীন পিজি হাসপাতালে মারা যান মানবতা ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলাম।
জাতীয় মর্যাদায় কবিকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের উত্তরপাশে।
কবি নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে রোববার সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মূল অনুষ্ঠান হবে সকালে রাজধানীর ওসমানী স্মৃতিমিলনায়তনে। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এতে প্রধান অতিথি থাকবেন বলে শুক্রবার এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে। এতে নজরুল স্মারক বক্তৃতা দেবেন ড. মোহাম্মদ আব্দুল কাইউম। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও সরাসরি স
bdnews24