সুুমন কায়সার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
টাঙ্গাইল, ১৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--মাটির প্রমাণ সাইজের ইলিশরূপী পয়সা জমানোর ব্যাংক নেই। নেই কুশলী কুমোরের গড়া মনভোলানো ঘননীল রঙের মাটির ময়ূর। তার বদলে আছে জাটকা সাইজের বেখাপ্পা গড়নের ব্যাংক। দেখা গেলো প্লাস্টিকের ক্রিকেট ব্যাট আর খেলনা মোবাইল।
যুগের হাওয়া ঠেকায় কার সাধ্যি। তবে এখনো আছে খটর-খটর শব্দ তুলে চলা তিন চাকার দড়ি টানা গাড়ি 'টমটম'। আছে আকড়ি, দুধসাদা বিন্নি আর 'সাজ' নামে জমানো চিনির হাতি-ঘোড়া। প্রাণের আবেগেরও ঘাটতি নেই মোটেই, যে আবেগের কারণেই একাত্তরে ধেয়ে আসা পাকিস্তানী সৈন্যদের ভয় দেখিয়েও এইদিনে স্নান থেকে নিরস্ত করা যায়নি পূণ্যার্থীদের।
এই হচ্ছে গাড়াইলের মেলা। আসল ঘটনাটা অবশ্য হিন্দু সম্প্রদায়ের অষ্টমী স্নান। মেলাটা তার অনুষঙ্গ। টাঙ্গাইল শহর প্রান্তের অল্প কিছু দূরেই এখনো-ছায়াছন্ন গ্রাম গাড়াইল। এ গ্রামে আছে এক দহ বা বাঁওর যার একদিক যুক্ত যমুনার শাখা লৌহজং নদীর সঙ্গে। নদীর স্রোত এখানে ব্যতিক্রমীভাবে উত্তরমুখী বলে জায়গাটা অর্জন করেছে তীর্থের মর্যাদা। যেরকমটি ঘটেছে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে।
পূরাণ বলে, পরশুরাম ক্ষণিকক্রোধে উন্মত্ত হয়ে মাকে হত্যা করেন। তার পর সেই কুঠার তার কাঁধে গাঁথা অবস্থায় প্রায়শ্চিত্ত করতে ঘুরে বেড়ান দীর্ঘ বারো বছর। লাঙ্গলবন্দে নদীতে স্নান করতে নেমে খুলে পড়ে তার কুঠার। সেই থেকে লাঙ্গলবন্দ এক বিশাল তীর্থ। আর লাঙ্গলবন্দের নদীস্রোতের সঙ্গে মিল রয়েছে বলেই একদিন গাড়াইল দহ হয়ে ওঠে পূণ্যস্নানের স্থান।
কতদিন ধরে গাড়াইলে অষ্টমী 'গঙ্গাস্নান' চলে আসছে তা নিশ্চিত করে জানেন না কেউ। মেলার মাঠের মূল অংশের জমিটা যাদের দানের সেই চল্লিশোর্ধ আইনজীবী নীহার সরকার জানালেন, তার ঠাকুর্দার সময়ও ছিল এই স্নান আর মেলার চল। আয়োজক আর পৃষ্ঠপোষকদের কয়েকজন তার সঙ্গে সায় দিয়ে জানান, কমপক্ষে শ' দেড়েক বছর বয়স হতেই পারে এ ব্যাপারটির।
নীহার সরকার জানালেন, এক রাতের মধ্যেই নাকি সৃষ্টি হয়েছিল গভীর দহটির-এরকম একটি জনশ্র"তি আছে।
শনিবার বিকেল চারটা থেকে শুরু হয়ে রোববার বিকেল ৪টা পর্যন্ত ছিল এবার স্নানের তিথি। লাঙ্গলবন্দে শনিবারই স্নান হলেও গাড়াইলে প্রথা অনুযায়ী তা হলো চৈত্র সংক্রান্তির দিন অর্থাৎ রোববার। ভোরের আলো ফোটার আগেই আশেপাশের গ্রাম, টাঙ্গাইল শহর এবং জেলার অন্য থানাগুলো থেকেও আসতে থাকেন পূণ্যার্থীরা।
প্রশাসনের উদ্যোগে দহের একটা ছোট অংশ বাঁশের বেড়া দিয়ে কচুরিপানামুক্ত রেখে স্নানের ব্যবস্থা করা হয়েছে। আবালবৃদ্ধবণিতা দলে দলে এসে ডুব দেন সেই পরিস্কার অংশটিতে। সবাই সেই সঙ্গে ছুঁড়ে দেন মানতের কলা, ডাব আর কলাপাতায় মোড়ানো একটু চিনি। স্নানের শেষে কিনারায় এসে পুরুত ঠাকুরের আশীর্বাদ। পাঁচ-দশটাকা করে দক্ষিণাটাও তাদের মন্দ হয়নি।
তিথি চারটা পর্যন্ত থাকলেও বেলা মাঝ আকাশে পৌঁছতেই ঘাট প্রায় শূন্য। ভিড় জমেছে তখন মেলায়। পূণ্যস্নানের মাহাত্ম্য বুঝতে অক্ষম ছোটদের আসল আগ্রহটা সেখানেই। আর তা ধর্ম -বর্ণ নির্বিশেষে। একেবারেই এক খাঁটি অসা
bdnews24