ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- "তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে/এ আগুন ছড়িয়ে গেল সবখানে"। প্রয়াত সাংবাদিক, ছায়ানটের প্রতিষ্ঠাতা ওয়াহিদুল হককে স্মরণ করতে এ গানটিই বেছে নিয়েছিল কণ্ঠশীলন। স্মৃতিচারণ, নাচ-গান, আড্ডা আর কণ্ঠশীলনের শিক্ষার্থীদের পদচারণা মিলিয়ে শুক্রবার 'ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব' হয়ে উঠেছিল সত্যিকারের মিলনোৎসব।
শুক্র ও শনিবার- দু'দিনের এই স্মরণ অনুষ্ঠানের শুরু হয়েছে শুক্রবার দুপুরে, কেন্দ্রীয় গণ গ্রন্থাগারে।
অনুষ্ঠানে আবৃত্তি পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর বলেন, "ওয়াহিদুল হক ছিলেন সঙ্গীতজ্ঞ, ভাষা ও আবৃত্তির কারিগর, শিক্ষক এবং একজন খাঁটি বাঙালী। এই প্রচারবিমুখ, নিভৃতচারী মানুষটির সান্নিধ্য যারা পেয়েছেন, তাদের মধ্যে সত্যিকারের সংস্কৃতি বোধের জন্ম হয়েছে।"
অধ্যাপক খান সরওয়ার মুর্শিদ আক্ষেপ করে বলেন, "ওয়াহিদ সারা জীবন ভাষা নিয়ে কাজ করেছেন। কিন্তু তিনি বোধহয় মানুষকে জাগাতে পারেননি। কারণ আজকাল টিভি নাটকে বা বিজ্ঞাপনে এক ধরনের 'ইতর' ভাষা ব্যবহার করা হচ্ছে।"
তিনি আরও বলেন, "অন্তত রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রমিত ভাষায় কথা বলার যোগ্যতা থাকতে হবে। সাধারণ মানুষ যেন তাদের অনুসরণ করতে পারে।"
ওয়াহিদুল হকের ভাবনাকে সবার ভেতরে ছড়িয়ে দেওয়ার কথা বলেন শিল্পী কাইয়ূম চৌধুরী।
প্রথমদিনের দিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নারিউদ্দিন ইউসুফ, বাংলাদেশ গ্র"প থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি হাবিবুল্লাহ সিরাজী। কণ্ঠশীলনের প্রশিক্ষক বরকত আলী ও গোলাম সরোয়ার।
শনিবার ওয়াহিদুল হক স্মারক বক্তৃতা দেবেন সৈয়দ শামসুল হক।
ওয়হিদুল হক ১৯৮৪ সালে কন্ঠশীলন প্রতিষ্ঠা করেন। ২০০৭ সালের ২৭ জানুয়ারি তিনি মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/জেকে/এমএ/২০০০ঘ.
bdnews24