ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘর ও শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী 'ত্রয়োদশ এশীয় চারুকলা প্রদর্শনী ২০০৮'।
বাংলাদেশ ছাড়াও ২৭টি দেশের ১০৯ জন শিল্পীর শিল্পকর্ম এ প্রদর্শনীতে স্থান পাবে। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ মঙ্গলবার বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন করবেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সোমবার এক মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্কৃতি এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।
তিনি জানান, এ পর্যন্ত ২৩টি দেশের ১০২ জন শিল্পীর ২১৩টি শিল্পকর্ম এসে পৌঁছেছে। বাংলাদেশের বাইরে মোট ২৩৬টি শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পাবে। এর মধ্যে থাকবে ২১৫টি চিত্রকর্ম, ১৮টি ভাস্কর্য এবং জাপান, ওমান ও ইন্দোনেশিয়ার তিনটি স্থাপনা শিল্পকর্ম।
বাংলাদেশের ১৯৪ জন শিল্পীর ২৩৪টি শিল্পকর্ম প্রদর্শিত হবে বলেও জানান তিনি।
আগামী ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা এবং শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
মতবিনিময় অনুষ্ঠানে সংস্কৃতি সচিব এবং প্রদর্শনীর সাংগঠনিক কমিটির চেয়ারম্যান শরফুল আলম, শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) ভূঁইয়া শফিকুল ইসলাম, সমন্বয়ক চিত্রশিল্পী মাহমুদুল হক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান গ্রামীণফোনের বিপণন বিভাগের পরিচালক রুবাবা দৌলা মতিন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/জিএনএ/১৯৫৩ ঘ.
bdnews24