সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- কাকতালীয়ভাবেই মিলে গেছে দুজনের জন্মদিন। একজন 'রোমান্সিং উইথ দি লাইফ' বইয়ের লেখক বলিউড তারকা দেব আনন্দ, অন্যজন বইটির মোড়ক উন্মোচনকারী ভারতের প্রধান মন্ত্রী মনমোহন সিং। ২৬ সেপ্টেম্বর বুধবার বইটির প্রকাশনা উৎসবে এসেই জানতে পারলেন দুজনে যে তারা একই তারিখে জন্মগ্রহণ করেছিলন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
বুধবার ভারতের প্রধান মন্ত্রী ৭৫ বছর বয়সে পা রাখলেন। অন্যদিকে দেব আনন্দ রাখলেন ৮৪ বছর বয়সে। দেব আনন্দ দীর্ঘ পাঁচ দশক ধরে বলিউডে বেশ দাপটের সঙ্গেই অভিনয় করেছেন। তার নায়িকাদের তালিকায় সুরাইয়া ও ওয়হিদা রহমান থেকে মধুবালা ও জিনাত আমান পর্যন্ত অনেকেই রয়েছেন।
প্রকাশনা অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন কংগ্রেস প্রেসিডেন্ট ও ইউপিএ এর চেয়ারপারসন সোনিয়া গান্ধী।
এরপর 'রোমান্সিং উইথ লাইফ' বইটি নিয়ে কথা বলেন দেব আনন্দ। তিনি জানান, "এক তুচ্ছ সাধারণ বালক থেকে আজ আমি এখানে আপনাদের সামনে দাড়িয়ে আছি। এই বইটি আমার ৬২ বছরের সংগ্রামের ইতিহাস... আমার আনন্দ, আমার কষ্ট, আমার সাফল্য এবং আমার ব্যর্থতা নিয়ে। এটা একটা মানুষের শক্তি ও দুর্বলতার আন্তরিক চিত্রায়ন।"
গাঢ় সবুজ ভেলভেট জ্যাকেট ও ট্রাউজারের সঙ্গে মানানসই স্কার্ফ পরিহিত অভিনেতা - পরিচালক - প্রযোজক আরো বলেন, "বইটি সেই মানুষদের নিয়েও যারা একদিন আমাকে নব জীবন দান করেছিল। আর এখন আমি সেই সব কাহিনীই তুলে ধরছি।"
এখানে স্মরণ করা যেতে পারে, দেব আনন্দের শৈশব ও কৈশোর কাল খুব অভাবে কেটেছে। এরপর পাকেচক্রে একদিন তিনিই হয়ে গেলেন চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৭২৫ ঘ
bdnews24