সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ বিভাগের কনস্টেবল প্রশান্ত টামাং প্রতিযোগী অমিত পৌলকে হারিয়ে জিতে নিয়েছেন এবারের ইন্ডিয়ান আইডলের শিরোপা। রবিবার রাতে নয়াদিল্লিতে ৫০ হাজার দর্শকের উপস্থিতিতে পুরস্কার ঘোষণা করেন বলিউড তারকা জন আব্রাহাম। রাত জেগে বাংলাদেশের অনেকেও এই প্রতিযোগিতা উপভোগ করেন। অমিতভক্ত অনেকেই এই ফলাফলে হতাশা ব্যক্ত করেছেন। বাংলাদেশের শিল্পীরাও ব্যক্ত করেছেন তাদের প্রতিক্রিয়া।
আগুন, সঙ্গীতশিল্পী
সনির প্রতিভাবান সঙ্গীত তারকা খোঁজার এ আয়োজনে প্রশান্তের চেয়ে অনেক যোগ্য ছিল অমিত। কিন্তু এসএমএসের কারনে হেরে গেল সে। প্রযুক্তির এ যুগে এসএমএসকে অস্বীকার করতে পারবো না আমরা। আর তাই এ রায় মেনে নিতে হবে আমাদের।
মিলা, সঙ্গীতশিল্পী
এসএমএস জিতিয়ে দিল প্রশান্তকে। কেননা পুলিশবাহিনীর ব্যান্ড সদস্য হওয়ায় ওই বাহিনীর সকলে তাকে ভোট করেছে। ওর চেয়ে অনেক ভাল পারফরমেন্স ছিল অমিতের। তবে আমার মনে হয়, ভবিষ্যতে গানের বিভিন্ন প্লাটফর্মে অমিতেরই ভাল করার সুযোগ রয়েছে।
হায়দার হোসেন, সঙ্গীতশিল্পী
গান গাওয়ার মানের দিক দিয়ে এগিয়ে ছিল অমিত আর এসএমএসে চলে এলো প্রশান্ত। সুর, তাল আর লয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে অমিত প্রশান্তের চেয়ে অনেক ভাল। আসলে পুরো অনুষ্ঠানটি ছিল পয়সা কামানোর কৌশল মাত্র। সনির ইন্ডিয়ান আইডলের চেয়ে অনেক মানসম্মত অনুষ্ঠান হচ্ছে জিটিভির ' সা রে গা মা' আর স্টারপ্লাসের ' ভয়েস অব ইন্ডিয়া'।
ফাহমিদা নবী, সঙ্গীতশিল্পী
অমিতের গানের সুরারোপ ও উপস্থাপনায় দূর্বলতা রয়েছে, প্রশান্ত এদিক দিয়ে এগিয়ে। প্রশান্ত গান বুঝে গায় আর অমিতের গানে আবেগটা বেশি। এসএমএসে বিচার করার পদ্ধতিকে সমর্থন করি না আমি। বিচার প্রক্রিয়াটা বিচারকের হাতে ৭০% আর এসএমএসে ৩০% করলে যোগ্য শিল্পী নির্বাচন সহজ হয়।
আইয়ূব বাচ্চু, ব্যান্ডতারকা
ইন্ডিয়ান আইডল তারকা খোঁজার ভাল উদ্যোগ। তবে প্রশান্তের চেয়ে আমার কাছে অমিতকে প্রতিশ্র"তিশীল মনে হয়েছে। অমিতের মিউজিক সেন্স বেশ ভাল। সব ধরনের গানই ওর কন্ঠে মানায়। আসলে এসএমএসের কাছে হেরে গেল অমিত।
শাকিলা জাফর, সঙ্গীতশিল্পী
আবেগ আর দর্শকদের এসএমএস হারিয়ে দিল যোগ্য শিল্পী অমিতকে। গায়কীতে প্রশান্তের চেয়ে অনেক ভাল ছিল অমিত। সামনে অমিতের জন্য অপেক্ষা করছে অমিত সম্ভাবনা।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৫০৫ ঘ
bdnews24