সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন 'ভোগ' এর ভারতীয় সংস্করণ ভোগ ইন্ডিয়া চালু হলো। ২২ সেপ্টেম্বর যোধপুরে এর উদ্ধোধন হয়। ভোগ ইন্ডিয়ার বিভিন্ন সংস্করনে থাকবে ভারতীয় ফ্যাশনের ছবি ও লেখা, থাকবে পশ্চিমা ডিজাইনারদের পোশাক ভাবনা, ভ্রমণ কাহিনী আর সেলিব্রিটিদের লাইফস্টাইলের খবরাখবর। দক্ষিন এশিয়ায় এটাই ভোগের প্রথম প্রকাশনা। এর আগে ২০০৫ সালে চীনে ভোগ তার যাত্রা শুরু করে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
উদ্ধোধনী অনুষ্ঠানে ভোগ ইন্ডিয়ার এক ফ্যাশন স্টাইলিস্ট এডওয়ার্ড লালরেমপুইয়া বলেন, "ভারতের ফ্যাশন জগত যেভাবে বিস্তৃত হচ্ছে তার প্রেক্ষিতে এরকম একটি ম্যাগাজিনের আগমন সত্যিই আনন্দদায়ক। ফ্যাশন এর জন্য ভারত একটি আদর্শ বাজার। ভোগ যে শেষ পর্যন্ত ভারতে চালু হলো এটা খুবই খুশির খবর।"
এই সময়ে কেন ভোগ ভারতে এলো জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, "সব ম্যাগাজিনেরই একটা সময় আছে। অন্য কোন ম্যাগাজিনের সঙ্গে আপনি এটা তুলনা করতে পারবেন না। এই ম্যাগাজিনের বিষয়, উপস্থাপনার ভঙ্গি একেবারেই আলাদা। ভোগের একটা নির্দিষ্ট বাজার আছে। আমার মনে হয় এ সময়টাই ভারতে আসার সঠিক সময় বলে বিবেচনা করেছেন কন্ডে।"
কন্ডে নাস্ট পাবলিকেশন্স এর এই প্রকাশনা ৭টি ভাষায় বিশ্বের ১৮ টি দেশ থেকে প্রকাশিত হয়। ১৮৯২ সালে ফ্যাশন সোসাইটি ম্যাগাজিন হিসেবে এর যাত্রা শুরু হয়েছিল।
তিনি আরো বলেন, "এটা একটা বিলাসবহুল ম্যাগাজিন। সুতরাং আমরা চেষ্টা করবো এ পত্রিকায় যতোটা সম্ভব বিলাস পন্যকে তুলে ধরতে। একই সঙ্গে আমরা গণমানুষের কাছেও পৌঁছতে চাই।"
তবে ফ্যাশনের আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মেলাতে ভারতকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
এডোয়ার্ড বলেন, "ভারতে ভোগ এসেছে বলেই যে হঠাৎ করে ভারতের ফ্যাশন আন্তর্জাতিক মানের হয়ে যাবে আমি সেটা মনে করি না। আমরা ওই মানের না হতে পারি, কিন্তু এটা একটা বিরাট ফ্যামিলি মার্কেট। সুতরাং আমরা চেষ্টা করবো আন্তর্জাতিক অর্থাৎ পশ্চিমের সঙ্গে সমান তালে চলতে। এতে কিছু সময় লাগবে। কারণ ভারতের ফ্যাশন শিল্প প্যারিস, মিলান বা লন্ডনের চেয়ে অনেক তরুন।"
ভোগ ইন্ডিয়ার ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে থাকছেন প্রিয়া তান্না ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে থাকছেন অ্যালেক্স কুরুভিলা।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭৪০ ঘ.
bdnews24