আগস্ট ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- রবিবার যোধপুর সেন্ট্রাল জেলের কয়েদি নাম্বার ৩৪৩ এর জন্য ছিলো একটি আনন্দের দিন। কারন সেদিন এই বিখ্যাত কয়েদির সাথে দেখা হয়েছিলো তার ঘনিষ্ঠ তিনজন মানুষের। এমনকি তাদের সঙ্গে কাটাতে পেরেছেন বেশ কিছু মুহুর্ত। ভাই আরবাজ খান, বোন আলভিরা এবং বান্ধবী ক্যাটরিনা কাইফ এর সঙ্গে থাকার সময় হাস্যোজ্জল দেখা গেছে সালমানকে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
প্রায় ৯ বছর আগে প্রায় বিলুপ্ত প্রজাতির এক হরিণ শিকারের দায়ে সালমান খান পাঁচ বছরের কারাদন্ড ভোগ করছেন। এখন তিনি ভারতের যোধপুর সেন্ট্রাল জেলে সাধারন কয়েদির মতো জীবন যাপন করছেন। কয়েদিদের নির্ধারিত পোশাকে সাধারণ খাবার খেতে হচ্ছে তাকে। বলিউডের নামকরা নায়ক হিসেবে কোন বাড়তি সুবিধা পাচ্ছেন না তিনি। এমনকি জেলে প্রিয়জনদের সাথে দেখা করার ক্ষেত্রেও কড়াকড়ি নিয়ম পালন করছে জেল কর্তৃপক্ষ। প্রথম দিন থেকেই তাকে জেলের সাধারন নিয়ম কানুন মানতে হচ্ছে।
তার নিজের প্রস্রাবখানা নিজেকেই পরিষ্কার করে নিতে হয়েছে। তাকে পানি খেতে হচ্ছে মাটির পাত্রে। বলতে গেলে নিরানন্দ দিন কাটছে তার।
এরকম সময়ে তার সঙ্গে দেখা করার অনুমতি পেলো তার তিন ঘনিষ্ঠজন। তাতে সালমান খান যে আনন্দিত হবেন সেটাই স্বাভাবিক। গতকাল বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত তারা সালমানের সঙ্গে দেখা করেন।
এদিকে একটি সুত্র জানায়, সালমান জেলখানায় শরীর চর্চা অব্যহত রেখেছেন। অনেক কয়েদিই তার সঙ্গে শরীর চর্চায় যোগ দিয়েছেন বলে জানা গেছে। সালমান তাদের সঠিক নিয়মে শরীর চর্চা শিখিয়ে দিচ্ছেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/২০২৮ ঘ.
bdnews24