আগস্ট ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বৃহস্পতিবার সঞ্জয় দত্ত জামিনে ছাড়া পেয়েছেন। তিন সপ্তাহ পুনের ইয়েরওয়াড়া জেলে কাটানোর পর তিনি এই মুক্তির স্বাদ পেলেন। অবশ্য নিদারুন কষ্টের পাশাপাশি এই জেলেখানাতেই তিনি একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার করতে পেরেছেন এ ক'দিনে। সেটা হচ্ছে সব রকম যোগাযোগের মধ্যে চিঠি লেখাই সেরা মাধ্যম। খবর ভারতীয় ওয়েব সাইটের।
সঞ্জয়ের এক ঘনিষ্ঠ বন্ধু জানান, "কয়েদিদের জন্য সবচে সহজ ও বিশ্বাসযোগ্য যোগাযোগ মাধ্যম হচ্ছে চিঠি। তাই 'সঞ্জয় একা নয়, তার সঙ্গে আমরাও আছি' এ কথাটি তাকে জানানোর জন্য আমরা অনেকেই চিঠি পাঠাতাম। এ গুলো সঞ্জয়ের কাছে খুব দ্রুত পৌছে যেতো। অবশ্য সে খুব অল্প চিঠির উত্তর দিতে পারতো।"
নিয়ম অনুযায়ী সঞ্জয়কে এসব চিঠি দেওয়ার আগে সেগুলো কারা কর্তৃপক্ষ সেন্সর করতো। তারপরও সেগুলোই ছিলো বদ্ধ অন্ধকার জেলে সঞ্জয়ের জন্য অফুরান আনন্দের উৎস।
এখন জামিনে মুক্তি পেলেও সঞ্জয় তার ভবিষ্যত নিয়ে চিন্তিত। তিনি তার ঘনিষ্ঠ এক বন্ধুকে বলেছেন, "আমি এমন একটা অবস্থায় আছি যে আমি মুক্তও নই আবার বন্দীও নই। আমি জানি না, এখান থেকে আমি কোথায় যাবো?"
জেলে তাকে আবার ফিরে যেতে হবে এই চিন্তাই তাকে চিন্তামগ্ন করে রেখেছে সবসময়।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/২০২৪ ঘ.
bdnews24