টোকিও, আগস্ট ১৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- পৃথিবীর সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি ইয়োন মিনাগাওয়া ১১৪ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করলেন। এ বছরের শুরুতে পৃথিবীর বেঁচে থাকা সবচেয়ে বয়সী ব্যক্তি হিসেবে তিনি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড করেন।
জাপানের দক্ষিন-পশ্চিমাঞ্চলের একটি নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নার্সিংহোমের মুখপাত্র তোশিবো তাচিবানা জানায়, মিনাগাওয়া ইদানিং ক্ষুধা মন্দায় ভুগছিলেন। তবে তার মৃত্যু আকষ্মিক নয়।
মিনাগাওয়ার আগে এ রেকর্ডের অধিকারী ছিলেন আমেরিকার এমা ফস্ট। তিনিও ১১৪ বছর বয়সে মারা যান।
মিনাগাওয়া ১৮৯৩ সালের ৪ জানুয়ারী জন্মগ্রহন করেন। ছেলেমেয়ে, নাতিপুতি মিলিয়ে মিনাগাওয়ার বিশাল পরিবার। কিন্তু তিনি তার এক মেয়ের সঙ্গে আলাদা থাকতেন।
২০০৬ সালের এক প্রতিবেদনে দেখা যায় জাপানীদের গড় আয়ু সবচেয়ে বেশী। এ ক্ষেত্রে মহিলাদের গড় আয়ু ৮৫ দশমিক ৮১ বছর এবং পুরুষদের গড় আয়ু ৭৯ বছর।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এসএন/ ২২৩৬ ঘ.
bdnews24