রাজশাহী, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জমি, জল ও জঙ্গল- এই তিন মিলে আদিবাসী। এর যে কোনো একটি থেকে বঞ্চিত করা হলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। বাঙালি-আদিবাসী মিলিত সংগ্রামের মাধ্যমেই আদিবাসীদের অধিকার বাস্তবায়ন করতে হবে।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে শনিবার রাজশাহীতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন।
অ্যাকশন এইডের সহযোগিতায় আস্থা নেটওয়ার্ক ও আদিবাসী ইস্যু নিয়ে উত্তরাঞ্চলে কাজ করছে এমন ২১ টি সংস্থার উদ্যোগে শনিবার সকালে নগরীর চেম্বার ভবনের সম্মেলন কক্ষে এ গোলটেবিল অনুষ্ঠিত হয়।
আস্থা নেটওয়ার্কের সভাপতি গণেশ মাঝির সভাপতিত্বে ও সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবুর পরিচালনায় বৈঠকে বক্তব্য রাখেন, অ্যাসেডে'র পরিচালক প্রশান্ত সাহা, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, আদিবাসী নেতা অনিল মারান্ডী, রবীন্দ্র নাথ সরেন ও এভারেস্ট হেমব্রম প্রমুখ।
'চিরস্থায়ী বন্দোবস্ত মনের সংস্কার হোক' শীর্ষক মূল প্রবন্ধে গবেষক পাভেল পার্থ বলেন, "আমাদের মানসিকতার সার্বিক সংস্কার না হলে দেশের চলমান সংস্কার প্রক্রিয়া কোনো সুফল বয়ে আনবে না। আদিবাসীদের অধিকার রক্ষার জন্য বাঙালি মনের 'চিরস্থায়ী বন্দবস্ত'কে দূর করতে হবে।"
গোলটেবিলে মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন ভাষা সৈনিক আবুল হোসেন, অধ্যাপক ড. জেহাদুল করিম, অধ্যাপক ড. সুজিত সরকার, ডা. সৈয়দ সাফিকুল আলম, মোস্তাফিজুর রহমান খান, হাসান মিল্লাত, মাইকেল সরেন, ভগবত টুডু, সারওয়ারী কামাল প্রমুখ।
তারা বলেন, বছরের পর বছর আদিবাসীদের অবহেলা করা হচ্ছে। তাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। এসবের প্রতিকার করতে হবে। প্রতিষ্ঠা করতে হবে আদিবাসীদের অধিকার।
আদিবাসীদের অধিকার নিয়ে গোলটেবিলে উত্থাপিত সুপারিশমালা আগামী ১৪ আগস্ট জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে বলে আদিবাসী নেতারা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/এসএনডি/২২৫৭ ঘ.
bdnews24