আগস্ট ০৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- পৃথিবীর যে প্রান্তেই বাংলা ভাষাভাষী তথা বাঙালী আছে সেখানেই ২৫ বৈশাখ, ২২ শ্রাবন আসে যথাক্রমে উৎসবের বেশে, স্মরণের মহিমায় উদ্ভাসিত হয়ে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। আজ ২২ শ্রাবন, ১৪১৪, রবীন্দ্রনাথের ৬৬ তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা গ্রামীন ফোনের সহযোগিতায় আয়োজন করেছে এক বিশেষ অনুষ্ঠানের। রাজধানীর শাহবাগস্থ পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আয়োজিত দুইদিন ব্যাপি এই অনুষ্ঠানের আজ ছিলো প্রথম দিন।
প্রায় ৮০ জন প্রতিষ্টিত ও নবীন রবীন্দ্রসঙ্গীত শিল্পী এতে অংশ নিয়েছেন। বিকেল সাড়ে পাঁচটায় সমবেতকণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এই গানের সময় শিল্পীরা ও আগত দর্শক দাঁড়িয়ে দেশের প্রতি সম্মান প্রদর্শন করেন। এরপর বাংলাদেশের বন্যাদুর্গতদের জন্য একমিনিট নীরবতা পালন করা হয়। এরপরই জানানো হয়, মুল অনুষ্ঠান সংক্ষিপ্ত করে বেঁচে যাওয়া অর্থ দিয়ে বন্যার্তদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা।
এরপর স্বাগত বক্তব্য রাখেন প্রবীন রবীন্দ্রসঙ্গীত শিল্পী কলিম শরাফী। তিনি বলেন, "রবীন্দ্রনাথের প্রভাব বাঙালী জীবনে সর্বব্যাপী। বাঙালীর মনে তিনি শ্বাসবায়ূর মতো জড়িয়ে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। বাঙালিকে রবীন্দ্র বিমুখ করা যাবে না কখনো।"
সববেত কন্ঠে "আগুনের পরশমনি" ও "এসেছিলে তবু আসো নাই" গান পরিবেশন করেন ৮০ জন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। শিল্পী শর্মিলা চক্রবর্তীর কন্ঠে "তোমার সুরের ধারা" দিয়ে শুরু হয় একক রবীন্দ্র সঙ্গীত। এরপরে একে একে গান শোনান সাজেদ আকবর, সালমা আকবর, এটিএম জাহাঙ্গীর, সত্য চক্রবর্তী, কাঞ্চন মোস্তফা, সুরাইয়া মোজাম্মেল, সীমা সরকার, জেসমিন নাহার মুস্তফা, শারমীন রহমান চৈতিসহ আরো অনেকে।
এছাড়াও এই অনুষ্ঠানে দেশের কয়েকজন খ্যাতিমান আবৃত্তিকার কবিতা আবৃতি করেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/ এমআইআর/ ২০৪৭ ঘ.
bdnews24