২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যারি পটারের খবর গোপন রাখতে ব্যয় হচ্ছে ১০ মিলিয়ন পাউন্ড!!

কখনো কখনো বই বা চলচ্চিত্র প্রকাশের আগে তাতে কী কী আছে সে সম্পর্কে সামান্য ধারণা দিলেও মূল আকর্ষনটা অপ্রকাশিত রাখার চেষ্টা করেন নির্মাতারা। চাহিদা ব্যাপক হলে গোপনীয়তাও কঠোর হয়। তার জন্য ক্ষেত্রবিশেষে বিশেষ আয়োজনও করেন অনেকে, কিছু খরচাপাতিও হয় এ খাতে। কিন্তু তাই বলে ১০ মিলিয়ন পাউন্ড!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2007, 01:01 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

জুলাই ১৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) --- কখনো কখনো বই বা চলচ্চিত্র প্রকাশের আগে তাতে কী কী আছে সে সম্পর্কে সামান্য ধারণা দিলেও মূল আকর্ষনটা অপ্রকাশিত রাখার চেষ্টা করেন নির্মাতারা। চাহিদা ব্যাপক হলে গোপনীয়তাও কঠোর হয়। তার জন্য ক্ষেত্রবিশেষে বিশেষ আয়োজনও করেন অনেকে, কিছু খরচাপাতিও হয় এ খাতে। কিন্তু তাই বলে ১০ মিলিয়ন পাউন্ড! হ্যা, ঠিক তাই হচ্ছে হ্যারি পটার বইয়ের একটি তথ্য --- হ্যারি বেঁচে আছে না মারা গেছে -- তা লুকিয়ে রাখার জন্য। বিপুল সংখ্যক গার্ড, স্যাটেলাইট ট্রাকিং সিস্টেমের মাধ্যমে নজরদারি এবং প্রকাশক ও মুদ্রাকরদের সঙ্গে গোপনীয়তার চুক্তি এসব বাবদই খরচ হচ্ছে এই বিপুল অংকের অর্থ। তথ্য গোপন রাখার জন্য যেসব আয়োজন করা হয়েছে তার জন্য খরচের খাত যোগ করে এই হিসেব বের করেছেন বিশেষজ্ঞরা। শনিবার মাঝরাতে প্রকাশিত হবে হ্যারি পটার সিরিজের সর্বশেষ বই 'হ্যারি পটার অ্যান্ড দি ডেথলি হ্যালোজ'। জে কে রোলিং এবং আরো ২০ জন লোক ছাড়া কেউ জানেন না বইয়ে হ্যারি পটারের ভাগ্যে কী ঘটেছে। এই ২০ জনের মধ্যে আছেন বইটির প্রকাশক ও অলংকারিক। লন্ডনভিত্তিক প্রকাশনা সংস্থা ব্লুমসবারি দেশজুড়ে মুদ্রিত বইটির কপি সংরক্ষনের জন্য বিভিন্ন স্থান ভাড়া করেছে। বইটি পরিবেশনের আগে এসব জায়গাতেই থাকবে। কয়েক ডজন নিরাপত্তা কর্মী ২৪ ঘন্টা এসব জায়গা পাহাড়ার কাজে নিয়োজিত আছেন। তাদের সঙ্গে রয়েছে প্রহরী কুকুরও। ঘন্টাপ্রতি ৩০ পাউন্ড করে পাবেন একেকজন নিরাপত্তা কর্মী। যাদের সঙ্গে কুকুর থাকবে না তারা পাবে ২০ পাউন্ড। যেসব মুদ্রণালয়ে বইগুলি ছাপা হয়েছে সেখানে মুদ্রনকর্মীদের হুশিয়ার করে জানিয়ে দেয়া হয়েছে, বইয়ের কোন তথ্য পাচার হলে তাদের চাকরি চলে যাবে। বইটির জর্মন প্রকাশকরা মুদ্রণালয়ে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছেন। বই যেন না পড়তে পারে সে জন্য অনেক মুদ্রণালয়ে স্বল্প আলোয় কাজ চলছে। মঙ্গলবার থেকে বইগুলি খুচরা বিক্রেতাদের কাছে যেতে শুরু করবে। তখনই নিরাপত্তা ব্যবস্থা নাজুক হয়ে পরবে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই যে সব ট্রাকে করে বইগুলি বহন করা হবে সেগুলিকে স্যাটেলাইট ট্র্যাকিং সিস্টেমের সহায়তায় পর্যবেক্ষণে রাখা হবে। এ কারণে প্রতি ট্রাক বাবদ খরচ হবে ১ হাজার পাউন্ড। বইগুলি সিল করা ও অ্যালার্মযুক্ত বক্সের ভিতরে থাকবে। খুলতে গেলেই অ্যালার্ম বেজে উঠবে। নির্দিষ্ট সময়ের আগে বই বিক্রি না করার ব্যাপারে পরিবেশকদের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন খুচরা বিক্রেতারা। বুকশপ চেইন বর্ডারস এর এক মুখপাত্র বলেছেন, " শনিবার মাঝরাতের আগে কোন বই না খোলার ব্যাপারে আমরা চুক্তিবদ্ধ। এমনকি আমরা বইগুলি বের করে শেলফেও সাজিয়ে রাখতে পারবো না।" ব্লুমসবারির এক মুখপাত্র জানান, " কোন রকম চুক্তিভঙ্গের ঘটনা ঘটলে ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের আইন বিশেষজ্ঞরা প্রস্তুত রয়েছেন ২৪ ঘন্টা। প্রয়োজনবোধে আমরা বই বিক্রির ব্যপারেও তাৎক্ষনিকভাবে ইনজানকশন জারি করতে পারবো।" ৪ বছর আগে ডোনাল্ড পারফিট নামে এক ড্রাইভার মুদ্রণালয় থেকে 'হ্যারি পটার অ্যান্ড অর্ডার অফ দি ফিনিক্স' এর কয়েকটি পাতা চুরি করার দায়ে সাজা পেয়েছিলেন। আদালতের নির্দেশে তাকে ১৮০ ঘন্টা সমাজ সেবার কাজে ব্যয় করতে হয়। গত বছর 'হ্যারি পটার অ্যান্ড দি হাফ ব্লাড প্রিন্স' এর কিছু কপি চুরি ও তা বিক্রি করার চেষ্টা করায় অ্যারন ল্যাম্বার্ট নামে একজনের সাড়ে ৪ বছর জেল হয়। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৮৫৮ ঘ