জুলাই ১১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আনুষ্ঠানিক অনুমোদন নিয়ে নতুন জেমস বন্ড উপন্যাস রচনায় হাত দিয়েছেন যিনি তার নাম সেবাস্তিয়ান ফক্স। 'বার্ডসং' ও 'শার্লট গ্রে' উপন্যাসের এই বৃটিশ লেখক গত বছরই ফ্লেমিং এস্টেট এর পক্ষ থেকে এই অনুমোদন পান। কিন্তু এতোদিন তার পরিচয় গোপন রাখা হয়। খবর একটি বৃটিশ ওয়েবসাইটের।
জেমস বন্ড সিরিজের এই নতুন উপন্যাস 'ডেভিল মে কেয়ার' বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর কয়েকটি শহরের পটভূমিতে লেখা হয়েছে। স্যার আয়ান ফ্লেমিং এর জন্মশতবর্ষ উপলক্ষে আগামী বছর ২৮ মে বইটি প্রকাশিত হবে।
গত বছর ফ্লেমিং এস্টেট ঘোষণা দিয়েছিল যে তারা 'সুপরিচিত ও বিশিষ্ট একজন লেখককে' জেমস বন্ড সিরিজের নতুন বই লেখার দায়িত্ব দিয়েছেন।
৫৪ বছর বয়স্ক ফক্স বলেন, "ফ্লেমিং এস্টেট যখন বন্ড সিরিজের নতুন বইয়ের লেখক হিসেবে আমার নাম ঘোষণা করে তখন আমি রীতিমতো অবাক হই।"
"আমি ওদের বলেছি যে ১৩ বছর বয়সের পর আমি সাধারণত বন্ড সিরিজের বই পড়িনি। কিন্তু যদি কখনো পড়ে থাকি তখন বেশ উপভোগ করেছি। দ্বিতীয়বার পড়তে পড়তেই আমি বিস্মিত হয়ে লক্ষ্য করেছি যে কী অসাধারণভাবেই না লেখা হয়েছে বইগুলো।"
তার লেখা বইটি প্রসঙ্গে তিনি বলেন, "এ ক্ষেত্রে আমি তিনটি জিনিসের উপর গুরুত্ব দিয়েছি। এক আয়ান ফ্লেমিং এর স্টাইলে তার নায়ককে বিপদে ফেলা, বিস্তারিত বর্ণনার মধ্যে একটা উৎফুল্ল ভাব ফুটিয়ে তোলা এবং মচমচে সাংবাদিকতাসুলভ একটা স্টাইল বজায় রাখা।"
"এ ধরনের হালকা বই লিখতে যে রকম আনন্দ পাবো ভেবেছিলাম তার চেয়ে বেশি রোমাঞ্চ আমি বোধ করেছি আমি।" বলেছেন ফক্স।
ফ্লেমিং এর লেখা বন্ড সিরিজের বইগুলো হলো : ক্যাসিনো রয়াল (১৯৫৩ ), লিভ অ্যান্ড লেট ডাই (১৯৫৪), মুনরেকার (১৯৫৫), ডায়মন্ডস আর ফরএভার (১৯৫৬), ফ্রম রাশিয়া উইথ লাভ (১৯৫৭ ), ডক্টর নো (১৯৫৮ ), গোল্ডফিঙ্গার (১৯৫৯), ফর উওর আইজ অনলি (১৯৬০), থান্ডারবল (১৯৬১), দি স্পাই হু লাভড মি (১৯৬২), অন হার ম্যাজেস্টিস সিক্রেট সার্ভিস (১৯৬৩), ইউ অনলি লিভ টোয়াইস (১৯৬৪), দি ম্যান উইথ দি গোল্ডেন গান (১৯৬৫), অক্টোপুসি অ্যান্ড দি লিভিং ডেলাইটস (১৯৬৬)।
ফ্লেমিং এর লেখা বন্ড সিরিজের অধিকাংশ বই থেকেই চলচ্চিত্র করা হয়েছে। ফক্স এর লেখা উপন্যাসটিও চলচ্চিত্র হবে কিনা তা এখনো জানা যায়নি।
আয়ান ফ্লেমিং পাবলিকেশন্সের ম্যানেজিং ডিরেক্টর করিন টার্নার বলেন, " ফক্স এর লেখা পান্ডুলিপিটি দেখার পর ফ্লেমিং পরিবার খুশি হয়েছেন।"
টার্নার বলেন, "আয়ানের শততম জন্মদিন উপলক্ষে এর চেয়ে ভালো কিছু লিখতে পারতেন না সেবাস্তিয়ান।"
সেবাস্তিয়ান ছাড়া অভিনেতা ও লেখক চার্লি হিগসন জেমস বন্ডের স্কুলের দিনগুলো নিয়ে বই লেখার অনুমতি পান। তরুন পাঠকদের জন্য ওই বিষয়ের উপর ৪টি বই লিখেছেন তিনি।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৯২৯ ঘ
bdnews24